Library · bn

Proverbs 27

27:1 আগামী কালের বিষয় নিয়ে বড়াই কোরো না, কারণ কোন্‌ দিন কি হবে তা তুমি জান না। 27:2 অন্য লোকে তোমার প্রশংসা করুক, তোমার নিজের মুখ না করুক; হ্যাঁ, অন্য লোকে তা করুক। 27:3 পাথর ভারী আর বালিও ভারী, কিন্তু অসাড়-বিবেক লোককে রাগিয়ে তুললে সে ঐ দু’টার চেয়েও ভারী হয়। 27:4 রাগ নিষ্ঠুর আর ভীষণ অসন্তোষ বন্যার মত, কিন্তু হিংসার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। 27:5 কেউ যদি তোমাকে ভালবাসে অথচ তা প্রকাশ না করে, তার চেয়ে বরং কেউ যদি তোমাকে খোলাখুলিভাবে দোষ দেখিয়ে দেয় সে ভাল। 27:6 শত্রু অনেক চুম্বন করতে পারে, কিন্তু বন্ধুর দেওয়া আঘাতে বিশ্বস্ততা আছে। 27:7 যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে, কিন্তু যার খিদে আছে তার কাছে তেতোও মিষ্টি লাগে। 27:8 বাসা ছেড়ে ঘুরে বেড়ানো পাখী যেমন, ঘর ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন। 27:9 সুগন্ধি তেল আর ধূপ মনকে আনন্দ দেয়; ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশ বন্ধুর কাছে মিষ্টি লাগে। 27:10 নিজের কিম্বা বাবার বন্ধুকে ত্যাগ কোরো না; বিপদের সময়ে ভাইয়ের ঘরে যেয়ো না; দূরে থাকা ভাইয়ের চেয়ে কাছে থাকা প্রতিবেশী ভাল। 27:11 ছেলে আমার, তুমি জ্ঞানবান হও আর আমার মনকে আনন্দিত কর; তাতে যারা আমাকে টিট্‌কারি দেয় তাদের আমি উত্তর দিতে পারব। 27:12 সতর্ক লোক বিপদ দেখে আশ্রয় নেয়, কিন্তু বোকা লোকেরা বিপদ দেখেও চলতে থাকে আর তার দরুন শাস্তি পায়। 27:13 যে লোক বিদেশী লোকের জামিন হয় তার পোশাক নিয়ে নাও; যে লোক অন্য কোন দেশের লোকের জামিন হয় তাকেই জামানতের জিনিস হিসাবে রেখো। 27:14 যে লোক ভোরে উঠে চেঁচিয়ে তার প্রতিবেশীকে আশীর্বাদ করে তা অভিশাপ বলেই ধরে নিতে হবে। 27:15 ঝগড়াটে স্ত্রী আর বৃষ্টির দিনে অনবরত টপ্‌ টপ্‌ করে বৃষ্টি পড়া- দু’টাই সমান। 27:16 বাতাস যেমন লুকানো যায় না, আর ডান হাত দিয়ে লাগানো সুগন্ধি তেলের গন্ধ যেমন লুকানো যায় না, তেমনি ঝগড়াটে স্ত্রীকেও লুকানো যায় না। 27:17 লোহা যেমন লোহাকে ধারালো করে, তেমনি একজন আর একজনের জীবনকে কাজের উপযুক্ত করে তোলে। 27:18 যে লোক ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফল খাবে; যে তার মনিবের সেবা করে সে সম্মানিত হবে। 27:19 জলের মধ্যে যেমন মুখের চেহারা দেখা যায়, তেমনি অন্য একজনের স্বভাব দেখে নিজের স্বভাব বোঝা যায়। 27:20 মৃতস্থান ও নরকের যেমন কখনও তৃপ্তি হয় না, তেমনি মানুষের চোখেরও তৃপ্তি হয় না। 27:21 রূপা যাচাই করবার জন্য আছে গলাবার পাত্র, আর সোনার জন্য আছে চুলা, কিন্তু মানুষ যে প্রশংসা পায় তা দিয়েই তাকে যাচাই করা হয়। 27:22 অসাড়-বিবেক লোককে যদিও শস্যের সংগে হামানদিস্তা দিয়ে গুঁড়া করা হয়, তবুও তার বোকামি তাকে ছেড়ে যাবে না। 27:23 তোমার ছাগল-ভেড়ার পালের অবস্থা তুমি ভাল করে জেনে রেখো, আর তোমার পশুপালের দিকে মনোযোগ দিয়ো; 27:24 কারণ ধন চিরস্থায়ী নয়, আর মুকুটও বংশের পর বংশের জন্য টিকে থাকে না। 27:25 ক্ষেত থেকে যখন খড় কেটে ফেলা হবে এবং নতুন ঘাস গজাবে আর পাহাড় থেকে ঘাস কেটে আনা হবে, 27:26 তখন ভেড়ার বাচ্চারা তোমার কাপড় যোগাবে, আর ছাগল দেবে নতুন জমির দাম; 27:27 এছাড়া তোমার ও তোমার পরিবারের জন্য তুমি যথেষ্ট দুধ পাবে; তোমার যুবতী চাকরাণীরাও তা খেয়ে পুষ্ট হবে।