Proverbs 29
29:1 অনেক বার সংশোধনের কথা শুনেও যে লোক ঘাড় শক্ত করে রাখে সে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাবে; সে আর উঠতে পারবে না।
29:2 ঈশ্বরভক্ত লোকদের সংখ্যা বাড়লে লোকে আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক শাসনকর্তা হলে লোকে কাত্রায়।
29:3 যে লোক জ্ঞান ভালবাসে সে তার বাবাকে আনন্দ দেয়, কিন্তু যে বেশ্যাদের সংগে থাকে সে তার ধন নষ্ট করে।
29:4 ন্যায়বিচারের দ্বারা রাজা দেশকে স্থির রাখেন, কিন্তু যে ঘুষ খেতে ভালবাসে সে দেশকে ধ্বংস করে ফেলে।
29:5 যে লোক প্রতিবেশীকে খোসামোদ করে সে নিজের পায়ের নীচে জাল পাতে।
29:6 দুষ্ট লোক নিজের পাপের দ্বারা ফাঁদে পড়ে, কিন্তু ঈশ্বরভক্ত লোক আনন্দিত হয় ও গান করে।
29:7 গরীবদের প্রতি যেন ন্যায়বিচার করা হয় সেদিকে ঈশ্বরভক্ত লোকদের চোখ আছে, কিন্তু দুষ্টেরা এই সব কিছুই বোঝে না।
29:8 ঠাট্টা-বিদ্রূপ কারীরা শহরের মধ্যে গোলমাল বাধিয়ে দেয়, কিন্তু জ্ঞানী লোকেরা মানুষের রাগ শান্ত করে।
29:9 বুদ্ধিমান লোক যদি অসাড়-বিবেক লোকের বিরুদ্ধে মামলা করে তবে সেই লোক হয় রেগে যাবে না হয় হাসবে, আর তাতে কোন মীমাংসা হবে না।
29:10 যারা রক্তপাত করে তারা নির্দোষ লোককে ঘৃণা করে এবং সৎ লোককে মেরে ফেলবার চেষ্টা করে।
29:11 বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে, কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।
29:12 যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেয় তার সব কর্মচারী দুষ্ট।
29:13 গরীব ও অত্যাচারী একটা ব্যাপারে সমান- সদাপ্রভু তাদের দু’জনকেই জীবন দিয়েছেন।
29:14 যে রাজা সততার সংগে গরীবদের বিচার করেন তাঁর সিংহাসন সব সময় স্থির থাকে।
29:15 সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে, কিন্তু যে ছেলেকে শাসন করা হয় না সে তার মাকে লজ্জা দেয়।
29:16 দুষ্ট লোকদের সংখ্যা বাড়লে পাপের বৃদ্ধি হয়, কিন্তু ঈশ্বরভক্ত লোক তাদের ধ্বংস দেখতে পায়।
29:17 তোমার ছেলেকে শাসন কর, তাতে সে তোমাকে শান্তিতে রাখবে আর তোমার প্রাণে আনন্দ দেবে।
29:18 যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তাঁর সত্য প্রকাশ করেন না সেখানকার লোকেরা উচ্ছঙ্খল হয়; কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন-কানুন মেনে চলে।
29:19 কেবল কথার দ্বারা দাসকে সংশোধন করা যায় না; সে বুঝলেও তা মানবে না।
29:20 তুমি কি এমন লোককে দেখেছ যে তাড়াতাড়ি করে কথা বলতে যায়? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
29:21 ছেলেবেলা থেকে যদি কোন দাসকে আশ্কারা দেওয়া হয়, শেষে তাকে দমন করা যায় না।
29:22 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, আর বদমেজাজী লোক অনেক পাপ করে।
29:23 অহংকার মানুষকে নীচে নামায়, কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়।
29:24 যে চোরের ভাগীদার সে নিজেই নিজের শত্রু; তাকে শপথনামা শুনানো হলেও সে কোন কিছু স্বীকার করে না।
29:25 মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে নিরাপদে থাকে।
29:26 বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়, কিন্তু সদাপ্রভুর কাছ থেকে মানুষ ন্যায়বিচার পায়।
29:27 ঈশ্বরভক্ত লোকেরা অন্যায়কারীকে ঘৃণার চোখে দেখে, আর যে লোক সোজা পথে চলে দুষ্টেরা তাকে ঘৃণা করে।