Ecclesiastes 1
1:1 উপদেশকের কথা; তিনি যিরূশালেমের রাজা এবং দায়ূদের ছেলে।
1:2 তিনি বলছেন, “অসার, অসার! কোন কিছুই স্থায়ী নয়। সব কিছুই অসার!”
1:3 সূর্যের নীচে মানুষ যে পরিশ্রম করে সেই সব পরিশ্রমে তার কি লাভ?
1:4 এক পুরুষ চলে যায়, আর এক পুরুষ আসে, কিন্তু পৃথিবী চিরকাল থাকে।
1:5 সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে গিয়ে আবার সেখান থেকে ওঠে।
1:6 বাতাস দক্ষিণ দিকে বয়, তারপর ঘুরে যায় উত্তরে; এইভাবে তা ঘুরতে থাকে আর নিজের পথে ফিরে আসে।
1:7 সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে, তবুও সাগর কখনও পূর্ণ হয় না; যেখান থেকে সব নদী বের হয়ে আসে আবার সেখানেই তার জল ফিরে যায়।
1:8 সব কিছুই ঘুরে ঘুরে আসে আর ক্লান্তি জন্মায়; সেই সব বিষয়ে বলবার ভাষা কারও নেই। চোখ যতই দেখুক না কেন সে আরও দেখতে চায়, কান যতই শুনুক না কেন সে আরও শুনতে চায়।
1:9 যা হয়ে গেছে তা আবার হবে, যা করা হয়েছে তা আবার করা হবে; সূর্যের নীচে নতুন বলতে কিছু নেই।
1:10 এমন কিছু থাকতে পারে যার বিষয় লোকে বলে, “দেখ, এটা নতুন।” কিন্তু ওটা তো অনেক আগে থেকেই ছিল, আমাদের কালের আগেই ছিল।
1:11 আগেকার কালের লোকদের কথা কারও মনে নেই; যারা ভবিষ্যতে জন্মাবে তাদের কথাও তারা মনে রাখবে না যারা তাদের পরে জন্মাবে।
1:12 আমি উপদেশক; আমি যিরূশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম।
1:13 আকাশের নীচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করবার জন্য আমি মন স্থির করলাম। দেখলাম, কি ভারী কষ্টই না ঈশ্বর মানুষের উপর চাপিয়ে দিয়েছেন!
1:14 সূর্যের নীচে যা কিছু করা হয় তা সবই আমি দেখলাম; দেখলাম সমস্তই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
1:15 যা বাঁকা তা সোজা করা যায় না; যা অসম্পূর্ণ তা সম্পূর্ণ করা যায় না।
1:16 আমি মনে মনে বললাম, “আমার আগে যাঁরা যিরূশালেমে রাজত্ব করে গেছেন তাঁদের সকলের চেয়ে আমি জ্ঞানে অনেক বেড়ে উঠেছি; আমার অনেক জ্ঞান ও বুদ্ধি লাভ হয়েছে।”
1:17 তারপর আমি জ্ঞান ও বুদ্ধি এবং নীতিহীনতা ও নির্বুদ্ধিতা সম্বন্ধে বুঝবার চেষ্টা করলাম। তাতে বুঝতে পারলাম যে, তা-ও বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়;
1:18 কারণ জ্ঞান বাড়লে তার সংগে অনেক বিরক্তি বাড়ে, আর যত বুদ্ধি বাড়ে তত যন্ত্রণা বাড়ে।