Ecclesiastes 10
10:1 মরা মাছি যেমন সুগন্ধি তেল দুর্গন্ধ করে তোলে, তেমনি একটুখানি নির্বুদ্ধিতা জ্ঞান ও সম্মানকে মুছে ফেলে।
10:2 জ্ঞানীদের অন্তর ভাল পথের দিকে ফেরে, কিন্তু বোকাদের অন্তর যায় ভুল পথের দিকে।
10:3 এমন কি, রাস্তায় চলবার সময়েও দেখা যায় বোকার বুদ্ধির অভাব আছে; সে যে বোকা তা সবাই বুঝতে পারে।
10:4 শাসনকর্তা যদি তোমার উপর রেগে ওঠেন তবুও তুমি তোমার পদ ত্যাগ কোরো না; শান্তভাব থাকলে বড় বড় অন্যায়ও ক্ষমা করা যায়।
10:5 সূর্যের নীচে আমি একটা ব্যাপার দেখেছি যা ঠিক নয়: শাসনকর্তারা এই রকমের ভুল করে থাকে-
10:6 বুদ্ধিহীনেরা নিযুক্ত হয় বড় বড় পদে, আর ধনীরা নিযুক্ত হয় নীচু পদে।
10:7 আমি দাসদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদের দাসের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।
10:8 যে গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়তে পারে; যে দেয়াল ভাংগে তাকে সাপে কামড়াতে পারে।
10:9 যে পাথর কাটে সে তার দ্বারাই আঘাত পেতে পারে; যে কাঠ কাটে সে তার দ্বারাই বিপদে পড়তে পারে।
10:10 কুড়াল যদি ভোঁতা হয় আর তাতে ধার দেওয়া না হয়, তবে তা ব্যবহার করতে বেশী শক্তি লাগে, কিন্তু জ্ঞান ব্যবহার করে মানুষ সফল হয়।
10:11 সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয় তবে সাপুড়ের কোন লাভ হয় না।
10:12 জ্ঞানী লোকের মুখের কথায় থাকে দয়া, কিন্তু বোকা তার মুখের কথা দিয়ে নিজেকে ধ্বংস করে।
10:13 তার কথার শুরুতে থাকে নির্বুদ্ধিতা, শেষে থাকে পুরোপুরি বিচারবুদ্ধিহীনতা।
10:14 বুদ্ধিহীনেরা অনেক কথা বলে, কিন্তু কি হবে তা কেউ জানে না, আর ভবিষ্যতে কি ঘটবে তা মানুষকে কে বলে দিতে পারে?
10:15 বোকার পরিশ্রম তাকে ক্লান্ত করে; সে এত বোকা যে, শহরে যাবার রাস্তাও সে জানে না।
10:16 ধিক্ সেই দেশ, যেখানে বালক রাজপদ পায় আর সেখানকার মন্ত্রীরা সকাল বেলাতেই ভোজ খায়।
10:17 ধন্য সেই দেশ, যার রাজা উঁচু বংশের লোক, আর সেখানকার মন্ত্রীরা মাত্লামির জন্য নয় কিন্তু শক্তির জন্য উপযুক্ত সময়ে খাওয়া-দাওয়া করে।
10:18 অলস লোকের ঘরের ছাদ ধ্বসে যায়; অলসতার জন্য ঘরে জল পড়ে।
10:19 হাসিখুশীর জন্যই ভোজের ব্যবস্থা করা হয়; আংগুর-রস জীবনে আনন্দ আনে; টাকা-পয়সা সব কিছু যোগায়।
10:20 রাজাকে মনে মনে অভিশাপ দিয়ো না কিম্বা নিজের শোবার ঘরে ধনীকে অভিশাপ দিয়ো না, কারণ আকাশের পাখীও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে; সে উড়ে গিয়ে তোমার কথাগুলো বলে দিতে পারে।