Library · bn

Ecclesiastes 12

12:1 তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর, কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে, অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে যখন তুমি বলবে, “আমার এই বৃদ্ধকালে আমার কোন আনন্দ নেই।” 12:2 সেই সময় সূর্য, আলো, চাঁদ আর তারাগুলো অন্ধকার হয়ে যাবে, আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে। 12:3 সেই সময় ঘরের রক্ষাকারীরা কাঁপবে, আর শক্তিশালী লোকেরা কুঁজা হয়ে যাবে; যারা গম পেষে তারা লোক অল্প বলে কাজ ছেড়ে দেবে, আর জানলা দিয়ে যারা দেখত তারা আর ভালভাবে দেখতে পাবে না। 12:4 সেই সময় রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে; এতে গম পেষার আওয়াজ মিলিয়ে যাবে, পাখীর শব্দে বুড়ো লোক জেগে উঠবে, আর গান-বাজনার আওয়াজ কমে যাবে। 12:5 সেই সময় উঁচু জায়গায় আর রাস্তায় যেতে সে ভয় পাবে। তখন বাদাম গাছে ফুল ধরবে, ফড়িং টেনে টেনে হাঁটবে এবং কামনা-বাসনা আর উত্তেজিত হবে না। তারপর সে চলে যাবে তার অনন্তকালের বাড়ীতে, আর বিলাপকারীরা পথে পথে ঘুরবে। 12:6 রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে, কিম্বা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে, ফোয়ারার কাছে কলসী চুরমার করার আগে, কিম্বা কূয়ার জল তোলার চাকা ভেংগে যাওয়ার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর। 12:7 মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে আত্মা ঈশ্বর দিয়েছেন সেই আত্মা তাঁর কাছেই ফিরে যাবে। 12:8 উপদেশক বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!” 12:9 উপদেশক নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন। 12:10 তিনি উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খঁাঁটি ও সত্যি কথা। 12:11 জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা। 12:12 ছেলে আমার, এই কথার সংগে কিছু যোগ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থেকো। বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়। 12:13 এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবার ও তাঁর সব আদেশ পালন করবার মধ্য দিয়ে মানুুষের সমস্ত কর্তব্য পালন করা হয়। 12:14 ঈশ্বর প্রত্যেকটি কাজের, এমন কি, প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন- তা ভাল হোক বা মন্দ হোক। ॥ভব