Ecclesiastes 3
3:1 সব কিছুর জন্য একটা সময় আছে; আকাশের নীচে প্রত্যেকটি কাজেরই একটা নির্দিষ্ট সময় আছে-
3:2 জন্মের সময় ও মরণের সময়, বুনবার সময় ও উপ্ড়ে ফেলবার সময়,
3:3 মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়, ভেংগে ফেলবার সময় ও গড়বার সময়,
3:4 কাঁদবার সময় ও হাসবার সময়, শোক করবার সময় ও নাচবার সময়,
3:5 পাথর ছুঁড়বার সময় ও সেগুলো জড়ো করবার সময়, ভালবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
3:6 খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়, রাখবার সময় ও ফেলে দেবার সময়,
3:7 ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়, চুপ করে থাকবার সময় ও কথা বলবার সময়,
3:8 ভালবাসবার সময় ও ভাল না বাসবার সময়, যুদ্ধের সময় ও শান্তির সময়।
3:9 যে কাজ করে সে তার পরিশ্রমের কি ফল পায়?
3:10 ঈশ্বর মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিয়েছেন তা আমি দেখেছি।
3:11 তিনি সব কিছুর জন্য উপযুক্ত সময় ঠিক করে রেখেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন, কিন্তু তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেন তা মানুষ বুঝতে পারে না।
3:12 আমি জানি, মানুষের জীবনকালে আনন্দ ও ভাল কাজ করা ছাড়া তার জন্য আর ভাল কিছু নেই।
3:13 এটা ঈশ্বরের দান যে, সব মানুষ খাওয়া-দাওয়া করবে ও তার সব কাজে সন্তুষ্ট হবে।
3:14 আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সংগে যোগ করা যায় না এবং কিছুই তা থেকে বাদ দেওয়াও যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।
3:15 যা কিছু আছে তা আগে থেকেই ছিল, যা হবে তাও আগে ছিল; যা হয়ে গেছে ঈশ্বর তা আবার ঘটান।
3:16 আমি সূর্যের নীচে আর একটা ব্যাপার দেখলাম যে, ন্যায়বিচার ও সততার জায়গায় দুষ্টতা রয়েছে।
3:17 আমি মনে মনে বললাম, “ঈশ্বর সৎ ও দুষ্ট এই দু’জনেরই বিচার করবেন, কারণ ঈশ্বরের কাছে সমস্ত ব্যাপার ও সমস্ত কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে।”
3:18 আমি এ-ও ভাবলাম যে, মানুষকে ঈশ্বর পরীক্ষা করেন যাতে তারা দেখতে পায় তারা পশুদেরই মত,
3:19 কারণ মানুষের প্রতি যা ঘটে পশুর প্রতিও তা-ই ঘটে। এ যেমন মরে সেও তেমনি মরে। তাদের সবার প্রাণবায়ু একই রকমের। এই ব্যাপারে পশু আর মানুষের মধ্যে আলাদা কিছু নেই; কোন কিছুই স্থায়ী নয়।
3:20 সকলেই এক জায়গায় যায়; সবাই মাটি থেকে তৈরী আর মাটিতেই ফিরে যায়।
3:21 মানুষের প্রাণবায়ু যে উপর দিকে ওঠে আর পশুর প্রাণবায়ু নীচে মাটির তলায় যায় তা কে জানে?
3:22 কাজেই আমি দেখলাম, নিজের কাজে আনন্দ করা ছাড়া আর ভাল কিছু মানুষের জন্য নেই। ওটাই তার পাওনা, কারণ তার মৃত্যুর পরে কি ঘটবে তা কে তাকে দেখাতে পারে?