Song of Songs 4
4:1 প্রিয়া আমার, কি সুন্দরী তুমি! হ্যাঁ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দু’টা ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
4:2 তোমার দাঁতগুলো এমন ভেড়ীর পালের মত যারা এইমাত্র লোম ছাটাই হয়ে স্নান করে এসেছে। তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনটাই হারিয়ে যায় নি!
4:3 তোমার ঠোঁট দু’টা লাল রংয়ের সুতার মত লাল; কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।
4:4 তোমার গলা যেন দায়ূদের উঁচু পাহারা-ঘরের মত লম্বা; তাতে ঝুলানো রয়েছে এক হাজার ঢাল, তার সবগুলোই যোদ্ধাদের।
4:5 তোমার বুক দু’টা যেন লিলি ফুলের বনে চরে বেড়ানো কৃষ্ণসারের যমজ বাচ্চা।
4:6 যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে, হ্যাঁ, ধূপের পাহাড়ে থাকব।
4:7 প্রিয়া আমার, তোমার দেহের সব কিছুই সুন্দর, তোমার মধ্যে কোন খুঁত নেই।
4:8 বিয়ের কনে আমার, লেবানন থেকে আমার সংগে এস, আমারই সংগে লেবানন থেকে এস। অমানার চূড়া থেকে, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস।
4:9 প্রিয়া আমার, কনে আমার, তুমি আমার মন চুরি করেছ; তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে তুমি আমার মন চুরি করে নিয়েছ।
4:10 প্রিয়া আমার, কনে আমার, তোমার ভালবাসা কত আনন্দ দেয়! আংগুর-রসের চেয়ে তোমার ভালবাসা, আর সমস্ত মশলার চেয়ে তোমার সুগন্ধির সুন্দর গন্ধ আরও কত না বেশী ভাল!
4:11 কনে আমার, তোমার ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে। তোমার জিভের তলায় আছে দুধ আর মধু; তোমার কাপড়ের গন্ধ লেবাননের বনের গন্ধের মত।
4:12 প্রিয়া আমার, কনে আমার, তুমি যেন দেয়াল-ঘেরা একটা বাগান; তুমি যেন আট্কে রাখা ফোয়ারা, বন্ধ করে রাখা ঝরণা।
4:13 তুমি যেন সুন্দর একটা ডালিমের বাগান; সেখানে আছে ভাল ভাল ফল, মেহেদী আর সুগন্ধি লতা।
4:14 আছে জটামাংসী, জাফরান, বচ, দারচিনি আর সব রকম ধূপের গাছ; সেখানে আছে গন্ধরস, অগুরু আর সব চেয়ে ভাল নানা রকম সুগন্ধি মশলা।
4:15 তুমি যেন বাগানের ফোয়ারা, যেন উপ্চে পড়া জলের কূয়া, যেন লেবানন থেকে নেমে আসা স্রোত।
4:16 উত্তুরে হাওয়া জাগো, এসো দখিনা বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও যাতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার ভাল ভাল ফল খান।