Library · bn

Lamentations 3

3:1 আমি সেই লোক, যে সদাপ্রভুর ক্রোধের শাস্তি পেয়েছে। 3:2 তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন; তিনি আমাকে আলোতে নয়, কিন্তু অন্ধকারে হাঁটিয়েছেন; 3:3 সত্যিই সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধে বারে বারে তাঁর হাত তুলেছেন। 3:4 আমার চামড়া ও মাংসকে তিনি শুকিয়ে ফেলেছেন আর হাড়গুলো ভেংগে দিয়েছেন। 3:5 তিনি মনোদুঃখ ও কষ্ট দিয়ে আমাকে আটক করে ঘিরে রেখেছেন। 3:6 যারা অনেক দিন আগে মারা গেছে তাদের মত করে তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন। 3:7 আমি যাতে পালাতে না পারি সেজন্য তিনি আমার চারদিক ঘিরে রেখেছেন; আমাকে ভারী শিকল দিয়ে বেঁধেছেন। 3:8 যখন আমি ডাকি বা সাহায্যের জন্য কাঁদি, তখন আমার প্রার্থনা তিনি শোনেন না। 3:9 ভারী ভারী পাথর দিয়ে তিনি আমার পথ বন্ধ করেছেন; আমার পথ তিনি বাঁকা করে দিয়েছেন। 3:10 আমার কাছে তিনি ওৎ পেতে থাকা ভাল্লুক আর লুকিয়ে থাকা সিংহের মত; 3:11 পথ থেকে তিনি আমাকে টেনে এনে টুকরা টুকরা করেছেন এবং আমাকে একা ফেলে রেখে গেছেন। 3:12 তাঁর ধনুকে টান দিয়ে তিনি আমাকে তাঁর তীরের লক্ষ্যস্থান করেছেন। 3:13 তাঁর তূণ থেকে তীর নিয়ে তিনি আমার অন্তর ছিদ্র করেছেন। 3:14 আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি; তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে। 3:15 তেতো দিয়ে তিনি আমাকে পূর্ণ করেছেন, বিষ দিয়ে আমার পেট ভরিয়েছেন। 3:16 তিনি পাথর দিয়ে আমার দাঁত ভেংগেছেন আর ধুলার মধ্যে আমাকে মাড়িয়েছেন। 3:17 শান্তি আমার কাছ থেকে দূর করা হয়েছে; মংগল কি, তা আমি ভুলে গেছি। 3:18 তাই আমি বলি, “আমার শক্তি চলে গেছে। সদাপ্রভুর কাছ থেকে আমি যা কিছু আশা করেছিলাম তা-ও আর নেই।” 3:19 আমার কষ্ট ও ঘুরে বেড়াবার কথা মনে কর; মনে কর আমার তেতো ও বিষে পূর্ণ জীবনের কথা। 3:20 তা সব সময়ই আমার মনে আছে, আর আমার প্রাণ আমার ভিতরে দুঃখিত হয়ে আছে। 3:21 তবুও আমার আশা আছে, কারণ আমি এই কথা মনে করি: 3:22 সদাপ্রভুর অটল ভালবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তাঁর করুণা কখনও শেষ হয় না; 3:23 প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়; তাঁর বিশ্বস্ততা মহৎ। 3:24 আমি মনে মনে বলি, “সদাপ্রভুই আমার সম্পত্তি, তাই আমি তাঁর উপর আশা রাখব।” 3:25 সদাপ্রভুর উপর যারা আশা রাখে ও তাঁর উপর নির্ভর করে তাদের তিনি মংগল করেন। 3:26 সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্ত নীরবে অপেক্ষা করা ভাল। 3:27 যৌবন কালে জোয়াল বহন করা মানুষের জন্য ভাল। 3:28 সদাপ্রভুই সেই জোয়াল তার উপর দিয়েছেন, তাই সে একা চুপ করে বসে থাকুক। 3:29 সে ধুলাতে মুখ ঢাকুক, হয়তো আশা থাকতেও পারে। 3:30 যে তাকে মারছে তার কাছে সে গাল পেতে দিক, নিজেকে অপমানে পূর্ণ হতে দিক। 3:31 প্রভু তো চিরদিনের জন্য মানুষকে দূর করে দেন না। 3:32 যদি বা তিনি দুঃখ দেন, তবুও তাঁর অটল ভালবাসা অনুসারে তিনি করুণা করবেন, 3:33 কারণ তিনি ইচ্ছা করে মানুষকে কষ্ট কিম্বা মনোদুঃখ দেন না। 3:34 দেশের সব বন্দীদের পায়ে দলানো, 3:35 মহান ঈশ্বরের সামনে মানুষের অধিকারকে অস্বীকার করা, 3:36 ন্যায়বিচার হতে না দেওয়া- এ সব কি প্রভু দেখবেন না? 3:37 যদি সদাপ্রভু আদেশ না দেন তবে কে মুখে বলে কিছু ঘটাতে পারে? 3:38 মহান ঈশ্বরের মুখ থেকেই কি অমংগল ও মংগল বের হয় না? 3:39 পাপের জন্য শাস্তি পেলে পর মানুষ কেন তা নিয়ে নালিশ করবে? 3:40 এস, আমরা আমাদের জীবন-পথের পরীক্ষা করি ও যাচাই করি এবং সদাপ্রভুর কাছে ফিরে যাই। 3:41 এস, আমরা আমাদের অন্তর ও হাত স্বর্গে ঈশ্বরের দিকে উঠাই আর বলি, 3:42 “আমরা পাপ করেছি, বিদ্রোহ করেছি; তুমি ক্ষমা কর নি। 3:43 তুমি ক্রোধ দিয়ে নিজেকে ঢেকে আমাদের তাড়া করেছ; মমতা না করে তুমি মেরে ফেলেছ। 3:44 তুমি মেঘ দিয়ে নিজেকে ঢেকেছ যাতে কোন প্রার্থনা তার মধ্য দিয়ে যেতে না পারে। 3:45 জাতিদের মধ্যে তুমি আমাদের করেছ ময়লা ও আবর্জনার মত। 3:46 আমাদের সব শত্রুরা আমাদের বিরুদ্ধে মুখ বড় করে হা করেছে। 3:47 আমরা ভয়, ফাঁদ, সর্বনাশ ও ধ্বংসের মুখে পড়েছি।” 3:48 আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেজন্য আমার চোখ থেকে জলের স্রোত বইছে। 3:49 আমার চোখ থেকে স্রোত বইতেই থাকবে, থামবে না, 3:50 যে পর্যন্ত না সদাপ্রভু স্বর্গ থেকে নীচে তাকিয়ে দেখেন। 3:51 আমার শহরের সব স্ত্রীলোকদের বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি, তাতে আমার প্রাণ কাঁদছে। 3:52 বিনা কারণে যারা আমার শত্রু হয়েছিল তারা পাখীর মত করে আমাকে শিকার করেছে। 3:53 তারা গর্তের মধ্যে আমার প্রাণ শেষ করে দেবার চেষ্টা করেছে এবং আমার উপর পাথর ছুঁড়েছে। 3:54 আমার মাথার উপর দিয়ে জল বয়ে গেছে, আমি ভেবেছিলাম আমি মরে যাচ্ছি। 3:55 হে সদাপ্রভু, সেই গভীর গর্তের মধ্য থেকে আমি তোমাকে ডাকলাম। 3:56 তুমি আমার এই মিনতি শুনেছিলে, “সাহায্যের জন্য আমার কান্নার প্রতি তুমি কান বন্ধ করে রেখো না।” 3:57 আমি যখন তোমাকে ডেকেছি তখন তুমি কাছে এসে বলেছ, “ভয় কোরো না।” 3:58 হে প্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ, তুমি আমার প্রাণ মুক্ত করেছ। 3:59 হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তা তো তুমি দেখেছ। আমার প্রতি ন্যায়বিচার কর। 3:60 তারা কিভাবে প্রতিশোধ নিয়েছে তা তুমি দেখেছ, দেখেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র। 3:61 হে সদাপ্রভু, তাদের টিট্‌কারির কথা তুমি শুনেছ, শুনেছ আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা। 3:62 আমার শত্রুরা সারাদিন ধরে আমার বিরুদ্ধে কত ফিস্‌ ফিস্‌ করে ও নানা কথা বলে। 3:63 দেখ, তাদের সমস্ত কাজের মধ্যে তারা গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে। 3:64 হে সদাপ্রভু, তাদের কাজ অনুসারে তুমি তাদের ফল দাও। 3:65 তাদের অন্তর কঠিন কর, আর তোমার অভিশাপ তাদের উপরে পড়ুক। 3:66 তুমি ক্রোধে তাদের তাড়া কর, তোমার আকাশের নীচ থেকে তাদের ধ্বংস করে ফেল।