Lamentations 5
5:1 হে সদাপ্রভু, আমাদের উপর যা ঘটেছে তা মনে করে দেখ; তুমি তাকাও, আমাদের অপমান দেখ।
5:2 আমাদের ভাগের সম্পত্তি বিদেশীদের হাতে দেওয়া হয়েছে, আর বাড়ী-ঘর দেওয়া হয়েছে ভিন্ন জাতির লোকদের।
5:3 আমরা অনাথ হয়েছি, আমাদের বাবা নেই, আমাদের মায়েরা বিধবা হয়েছে।
5:4 আমাদের খাবার জল কিনে খেতে হয়; কেবল দাম দিয়েই আমরা কাঠ পেতে পারি।
5:5 যারা আমাদের তাড়া করছে তারা আমাদের কাছে এসে পড়েছে; আমরা ক্লান্ত হয়েছি, বিশ্রাম পাচ্ছি না।
5:6 যথেষ্ট খাবার পাবার জন্য আমরা মিসর ও আসিরিয়ার অধীন হয়েছি।
5:7 আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছিলেন; তাঁরা এখন আর নেই, কিন্তু আমরা তাঁদের শাস্তি বহন করছি।
5:8 দাসেরা আমাদের শাসন করছে; তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।
5:9 মরু-এলাকায় ডাকাতদের ভয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।
5:10 আমাদের চামড়া তুন্দুরের মত গরম; খিদের জ্বালায় জ্বর জ্বর বোধ করি।
5:11 সিয়োনে স্ত্রীলোকদের নষ্ট করা হয়েছে; যিহূদার গ্রাম ও শহরে নষ্ট করা হয়েছে কুমারী মেয়েদের।
5:12 উঁচু পদের কর্মচারীদের হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে; বৃদ্ধ নেতাদের সম্মান দেখানো হয় নি।
5:13 যুবকদের যাঁতা ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে; ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে।
5:14 শহর-ফটকের কাছে বৃদ্ধ নেতারা আর বসেন না; যুবকেরা বাজনা বাজানো থামিয়েছে।
5:15 আমাদের অন্তর থেকে আনন্দ চলে গেছে আমরা নাচের বদলে শোক করছি।
5:16 আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে। ধিক্ আমাদের, কারণ আমরা পাপ করেছি!
5:17 এইজন্য আমাদের অন্তর দুর্বল হয়ে গেছে, এই সব কারণে আমাদের চোখের তেজ কমে গেছে।
5:18 সিয়োন পাহাড় জনশূন্য হয়ে পড়ে আছে; শিয়ালেরা তার উপর ঘুরে বেড়ায়।
5:19 হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর; তোমার সিংহাসন বংশের পর বংশ ধরে স্থায়ী।
5:20 তুমি কি চিরকালের জন্য আমাদের ভুলে যাবে? এতদিন ধরে কেন তুমি আমাদের ত্যাগ করে আছ?
5:21 হে সদাপ্রভু, যদি তুমি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাক, যদি তুমি আমাদের উপর ভীষণ অসন্তুষ্ট না হয়ে থাক, তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও যাতে আমরা ফিরে আসতে পারি; আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও। ॥ভব