Library · bn

Ezekiel 25

25:1 পরে সদাপ্রভু আমাকে বললেন, 25:2 “হে মানুষের সন্তান, অম্মোনীয়দের দিকে তোমার মুখ রেখে তাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল। 25:3 প্রভু সদাপ্রভুর এই বাক্য তাদের শুনতে বল, ‘আমার ঘর অপবিত্র হতে দেখে ও ইস্রায়েল দেশকে পতিত জমি হতে দেখে এবং যিহূদার লোকদের বন্দী হিসাবে নিয়ে যেতে দেখে তোমরা বেশ খুশী হয়েছিলে। 25:4 সেইজন্য আমি পূর্বদেশের লোকদের হাতে তোমাদের তুলে দেব। তারা তোমাদের দেশে তাদের তাম্বু খাটিয়ে তোমাদের মধ্যে বাস করবে; তারা তোমাদের ফল ও দুধ খাবে। 25:5 আমি র্ববা শহরকে করব উটের চারণ ভূমি ও অম্মোন দেশকে করব ভেড়ার বিশ্রামস্থান। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। 25:6 তোমরা ইস্রায়েল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং অন্তরের সংগে তাকে হিংসা করে আনন্দ করেছ। 25:7 সেইজন্য তোমাদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং লুটের মাল হিসাবে অন্য জাতিদের হাতে তোমাদের তুলে দেব। অন্যান্য জাতি ও দেশের মধ্য থেকে আমি তোমাদের ছেঁটে ফেলে ধ্বংস করে দেব। তাতে তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’” 25:8 পরে প্রভু সদাপ্রভু বললেন, “মোয়াব ও সেয়ীর বলেছে, ‘দেখ, যিহূদার লোকেরা অন্যান্য সব জাতিদের মত হয়ে গেছে।’ 25:9 সেইজন্য আমি মোয়াবের এক দিকের সীমানা খুলে দেব। তাতে মোয়াবের গৌরবের শহর বৈৎ-যিশীমোৎ, বাল্‌-মিয়োন ও কিরিয়াথয়িম আক্রমণ করা হবে। 25:10 আমি অম্মোনীয়দের সংগে মোয়াবকেও পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব যাতে জাতিদের মধ্যে অম্মোনীয়দের কথা লোকে ভুলে যায় আর মোয়াবও শাস্তি পায়। তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।” 25:12 পরে প্রভু সদাপ্রভু বললেন, “ইদোম যিহূদার লোকদের উপর বারবার প্রতিশোধ নিয়ে খুব অন্যায় করেছে। 25:13 সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ইদোমের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং সেখানকার সমস্ত লোকজন ও পশু মেরে ফেলব। আমি সেটা ধ্বংসস্থান করে রাখব এবং তৈমন থেকে দদান পর্যন্ত লোকে যুদ্ধে মারা পড়বে। 25:14 আমি আমার লোক ইস্রায়েলের হাত দিয়ে ইদোমের উপর প্রতিশোধ নেব আর তারা আমার ভীষণ অসন্তোষ ও ক্রোধ অনুসারে ইদোমের বিরুদ্ধে কাজ করবে। তখন তারা জানতে পারবে যে, আমি প্রতিশোধ নিয়েছি।” 25:15 পরে প্রভু সদাপ্রভু বললেন, “পলেষ্টীয়েরা হিংসার মনোভাব নিয়ে যিহূদার উপর প্রতিশোধ নিয়েছে; তারা পুরানো শত্রুতার মনোভাব নিয়ে যিহূদাকে ধ্বংস করতে চেয়েছে। 25:16 সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি, ‘পলেষ্টীয়ার বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব; আমি করেথীয়দের কেটে ফেলব এবং সাগরের কিনারা বরাবর বাকী লোকদের ধ্বংস করব। 25:17 আমি তাদের উপর ভীষণ প্রতিশোধ নেবার জন্য আমার ক্রোধে তাদের শাস্তি দেব। আমি যখন তাদের উপর প্রতিশোধ নেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।’”