Library · bn

Ezekiel 40

40:1 আমাদের বন্দীদশার পঁচিশ বছরের শুরুতে, মাসের দশ দিনের দিন, যিরূশালেম শহরের পতনের চৌদ্দ বছর পরে সদাপ্রভুর হাত আমার উপরে ছিল। 40:2 ঈশ্বরের দেওয়া দর্শনের মধ্যে তিনি আমাকে ইস্রায়েল দেশে নিয়ে গিয়ে একটা খুব উঁচু পাহাড়ের উপরে রাখলেন। সেই পাহাড়ের দক্ষিণ পাশে কতগুলো দালান ছিল যেগুলো দেখতে শহরের মত। 40:3 তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন আর আমি একটা মানুষকে দেখলাম যার দেহ ব্রোঞ্জের মত ঝক্‌মক করছিল। হাতে মসীনার দড়ি ও মাপের কাঠি নিয়ে তিনি ফটকে দাঁড়িয়ে ছিলেন। 40:4 লোকটি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি চোখ দিয়ে দেখ ও কান দিয়ে শোন এবং আমি তোমাকে যা দেখাব তার সব কিছুতে মনোযোগ দাও, কারণ সেইজন্যই তোমাকে এখানে আনা হয়েছে। তুমি যা কিছু দেখবে সবই ইস্রায়েলীয়দের বলবে।” 40:5 আমি দেখলাম একটা দেয়াল দিয়ে উপাসনা-ঘরের চারপাশটা ঘেরা রয়েছে। লোকটির হাতের মাপকাঠিটা লম্বায় ছয় হাত; প্রত্যেক হাত এক হাত চার আংগুল করে লম্বা। তিনি দেয়ালটা মাপলেন; সেটা এক মাপকাঠি মোটা আর এক মাপকাঠি উঁচু। 40:6 তারপর তিনি পূর্বমুখী ফটকের কাছে গেলেন। তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে ফটকে ঢুকবার মুখটা মাপলেন; সেটা লম্বায় ছিল এক মাপকাঠি। 40:7 ফটকে পাহারাদারদের কামরাগুলো এক মাপকাঠি লম্বা ও এক মাপকাঠি চওড়া এবং এক কামরা থেকে আর এক কামরার মধ্যেকার দেয়াল পাঁচ হাত মোটা ছিল। ফটকের শেষ অংশে উপাসনা-ঘরমুখী কামরায় ঢুকবার মুখটা ছিল এক মাপকাঠি লম্বা। 40:8 তারপর তিনি সেই কামরাটা মাপলেন; সেটা চওড়ায় ছিল সেই কামরায় ঢুকবার মুখের চওড়ার চেয়ে দু’পাশে এক মাপকাঠি করে বেশী। 40:9 সেই কামরাটা লম্বায় ছিল আট হাত এবং তা থেকে বের হবার পথের দু’পাশের থাম দু’টা ছিল দুই হাত করে চওড়া। ফটকের শেষে সেই কামরাটার মুখ ছিল উপাসনা-ঘরের দিকে। 40:10 পূর্ব দিকের ফটকের ভিতরের দু’পাশে তিনটা করে মোট ছয়টা কামরা ছিল; সেগুলোর প্রত্যেকটির মাপ সমান এবং সেগুলোর মধ্যেকার দেয়ালগুলোর প্রত্যেকটির মাপ একই ছিল। 40:11 তারপর তিনি ফটকের মাপ নিলেন; তার ঢুকবার পথ লম্বায় ছিল তেরো হাত এবং ঢুকবার মুখটা চওড়ায় ছিল দশ হাত। 40:12 পাহারাদারদের প্রত্যেকটি কামরার সামনে ছিল এক হাত উঁচু ও এক হাত চওড়া দেয়াল এবং কামরাগুলো লম্বা ও চওড়ায় ছিল ছয় হাত। 40:13 তারপর তিনি ফটকের ছাদের চওড়ার মাপ নিলেন; তিনি একটা কামরার বাইরের দিক থেকে তার সামনের কামরার বাইরের দিক পর্যন্ত মাপলেন- একটা কামরার দেয়ালের খোলা জায়গা থেকে তার সামনের কামরার দেয়ালের খোলা জায়গার দূরত্ব ছিল পঁচিশ হাত। 40:14 তিনি ফটকের থাম দু’টার উচ্চতা ষাট হাত করে ধরলেন। থাম দু’টা থেকে ফটকের উঠান শুরু হয়েছে। 40:15 ফটকে ঢুকবার মুখ থেকে ফটকের শেষ সীমার কামরা পর্যন্ত দূরত্ব ছিল পঞ্চাশ হাত। 40:16 কামরাগুলোর বাইরের দেয়ালে এবং থাম দু’টার পাশের দেয়ালে জালি দেওয়া জানলা ছিল, আর ফটকের শেষে যে কামরা ছিল তার দেয়ালেও তা-ই ছিল; এইভাবে ফটকের দেয়ালগুলোতে ঐ রকম জানলা ছিল। এছাড়া থাম দু’টার গায়ে খেজুর গাছ খোদাই করা ছিল। 40:17 তারপর তিনি আমাকে বাইরের উঠানে নিয়ে গেলেন। উঠানের সব দিকে আমি মোট ত্রিশটা এক দিক খোলা কামরা দেখলাম; সেগুলোর সামনে বাঁধানো জায়গা ছিল। 40:18 সেই বাঁধানো জায়গা প্রত্যেকটি ফটকের দু’পাশেও ছিল এবং ফটকের লম্বার সমান ছিল; এটা ছিল নীচের বাঁধানো জায়গা। 40:19 তারপর তিনি পূর্ব দিকের বাইরের উঠানের ফটকের শেষ সীমা থেকে ভিতরের উঠানের ফটকে ঢুকবার মুখ পর্যন্ত মাপলেন; তার দূরত্ব ছিল একশো হাত। সেইভাবে উত্তর দিকের দূরত্বও ছিল একশো হাত। 40:20 তারপর তিনি বাইরের উঠানের উত্তরমুখী ফটকের লম্বা ও চওড়া মাপলেন। 40:21 তার দু’পাশের তিনটা করে কামরার মাপ ও তার থামগুলো এবং তার শেষের কামরার মাপ প্রথম ফটকের সব কিছুর মাপের মতই ছিল। সেটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া। 40:22 তার জানলাগুলো, শেষের কামরা ও থামগুলোর খোদাই করা খেজুর গাছ পূর্বমুখী ফটকের মতই ছিল। সেখানে উঠবার সিঁড়ির সাতটা ধাপ ছিল এবং ফটকের শেষ সীমায় তার কামরা ছিল। 40:23 ভিতরের উঠানের পূর্বমুখী ফটকের মতই তার উত্তরমুখী একটা ফটক ছিল। তিনি বাইরের উঠানের ফটক থেকে ভিতরের উঠানের ফটক পর্যন্ত মাপলেন; তা একশো হাত হল। 40:24 তারপর তিনি আমাকে দক্ষিণ দিকে নিয়ে গেলেন। আমি বাইরের উঠানের দক্ষিণমুখী একটা ফটক দেখলাম। তিনি সেই ফটকের থামগুলো ও শেষের কামরা মাপলেন। অন্য ফটকগুলোর মত তার একই মাপ হল। 40:25 অন্যান্য ফটকের মতই এই ফটকেও জানলা ছিল। ফটকটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া। 40:26 সেখানে উঠবার সিঁড়ির সাতটা ধাপ ছিল এবং ফটকের শেষ সীমায় তার কামরা ছিল। ফটকের ভিতরের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। 40:27 ভিতরের উঠানেরও একটা দক্ষিণমুখী ফটক ছিল। তিনি সেই ফটক থেকে বাইরের উঠানের দক্ষিণমুখী ফটক পর্যন্ত মাপলেন; তা একশো হাত হল। 40:28 তারপর তিনি ভিতরের উঠানের দক্ষিণমুখী ফটকের মধ্য দিয়ে আমাকে ভিতরের উঠানে নিয়ে গেলেন এবং ফটকটা মাপলেন; সেটা অন্যগুলোর মত একই মাপের হল। 40:29 সেই ফটকের পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও শেষের কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মতই এই ফটকেও জানলা ছিল। ফটকটা ছিল পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া। 40:30 ভিতরের উঠানের বিভিন্ন স্থানে থামের উপরে ছাদ দেওয়া জায়গা ছিল। সেগুলো ছিল পঁচিশ হাত লম্বা ও পাঁচ হাত চওড়া। 40:31 ভিতরের উঠানের দক্ষিণমুখী ফটকে ঢুকবার কামরার মুখ ছিল বাইরের উঠানের দিকে। ফটকে ঢুকবার পথের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল। 40:32 তারপর তিনি আমাকে ভিতরের উঠানের পূর্ব দিকে নিয়ে আসলেন এবং সেখানকার ফটকটা মাপলেন; সেটার মাপ অন্যগুলোর মতই ছিল। 40:33 তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মত এই ফটকেও জানলা ছিল। ফটকটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল। 40:34 তার ঢুকবার কামরার মুখ ছিল বাইরের উঠানের দিকে। ফটকে ঢুকবার পথের দু’পাশের থামগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল। 40:35 তারপর তিনি আমাকে উত্তর-ফটকের কাছে এনে সেটা মাপলেন। সেটা অন্যগুলোর মত একই মাপের ছিল। 40:36 তার পাহারাদারদের কামরাগুলো, থাম দু’টা ও ঢুকবার কামরাটা অন্যগুলোর মত একই মাপের ছিল। অন্যান্য ফটকের মত এই ফটকেও জানলা ছিল। ফটকটা পঞ্চাশ হাত লম্বা ও পঁচিশ হাত চওড়া ছিল। 40:37 তার থাম দু’টা ছিল বাইরের উঠানের দিকে; সেগুলোতে খেজুর গাছ খোদাই করা ছিল। সেখানে উঠবার সিঁড়ির আটটা ধাপ ছিল। 40:38 বাইরের উঠানের মধ্যে ভিতরের ফটকের থামের পাশে এক দিক খোলা একটা কামরা ছিল; সেটা ছিল পোড়ানো-উৎসর্গের পশুর মাংস ধোবার জায়গা। 40:39 ফটকে ঢুকবার কামরার দু’পাশে দু’টা করে টেবিল ছিল। সেগুলোর উপরে পোড়ানো-উৎসর্গ, পাপ-উৎসর্গ ও দোষ-উৎসর্গের পশুর মাংস টুকরা করা হয়। 40:40 উত্তরমুখী ফটকে ঢুকবার পথের এক পাশে সিঁড়ির কাছে দু’টা টেবিল এবং সিঁড়ির অন্য পাশে দু’টা টেবিল ছিল। 40:41 এইভাবে ফটকের একপাশে চারটা ও অন্য পাশে চারটা মোট আটটা টেবিল ছিল যার উপর উৎসর্গের পশুর মাংস টুকরা করা হয়। 40:42 পোড়ানো-উৎসর্গের জন্য যে চারটা টেবিল ছিল সেগুলো পাথর কেটে তৈরী করা; প্রত্যেকটা টেবিল ছিল দেড় হাত লম্বা, দেড় হাত চওড়া ও এক হাত উঁচু। সেখানে উৎসর্গের যন্ত্রপাতি রাখা হয়। 40:43 চার আংগুল লম্বা দু’কাঁটার আঁকড়া দেয়ালের গায়ে লাগানো ছিল। টেবিলগুলোর উপরে উৎসর্গের মাংস রাখা হয়। 40:44 ভিতরের উঠানের মধ্যে ফটকের পাশে গায়কদের জন্য তিনটা এক দিক খোলা কামরা ছিল; দু’টা উত্তর-ফটকের পাশে দক্ষিণমুখী আর একটা পূর্ব-ফটকের পাশে উত্তরমুখী। 40:45 তিনি আমাকে বললেন, “দক্ষিণমুখী কামরাটা উপাসনা-ঘরের দেখাশোনার ভার-পাওয়া পুরোহিতদের জন্য আর উত্তরমুখী কামরাটা বেদীর দেখাশোনার ভার-পাওয়া পুরোহিতদের জন্য। সেই পুরোহিতেরা হল সাদোকের ছেলেরা; লেবীয়দের মধ্যে কেবল তারাই সদাপ্রভুর সামনে তাঁর সেবা-কাজের জন্য যেতে পারে।” 40:47 তারপর তিনি উঠানটা মাপলেন। সেটা ছিল একশো হাত লম্বা ও একশো হাত চওড়া একটা চারকোণা জায়গা। আর বেদীটা উপাসনা-ঘরের সামনে ছিল। 40:48 তারপর তিনি আমাকে উপাসনা-ঘরের বারান্দায় আনলেন এবং বারান্দার সামনের থাম দু’টা ও ঢুকবার পথের দু’পাশের বাজু মাপলেন। প্রত্যেকটা বাজু পাঁচ হাত চওড়া ও তিন হাত মোটা ছিল। 40:49 বারান্দাটা ছিল বিশ হাত লম্বা এবং এগারো হাত চওড়া। সেখানে উঠবার একটা সিঁড়ি ছিল এবং সেই দু’টা বাজুর সামনে ছিল একটা করে থাম।