Library · bn

Daniel 1

1:1 যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের তৃতীয় বছরের সময় বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যিরূশালেমে এসে শহরটা ঘেরাও করলেন। 1:2 প্রভু তাঁর হাতে যিহূদার রাজা যিহোয়াকীমকে তুলে দিলেন এবং তাঁর সংগে ঈশ্বরের ঘরের কতগুলো পাত্রও তুলে দিলেন। তিনি সেই পাত্রগুলো বাবিলে তাঁর দেবতার মন্দিরে নিয়ে গিয়ে সেখানকার ধনভাণ্ডারে রেখে দিলেন। 1:3 পরে রাজা তাঁর প্রধান রাজকর্মচারী অসপনস্‌কে আদেশ দিলেন যেন তিনি ইস্রায়েলীয় রাজপরিবার ও সম্মানিত পরিবারগুলোর মধ্য থেকে কয়েকজন যুবককে নিয়ে আসেন। 1:4 সেই যুবকদের হতে হবে নিখুঁত, সুন্দর, জ্ঞানী ও বুদ্ধিমান, সমস্ত শিক্ষা গ্রহণে চট্‌পটে এবং রাজদরবারের কাজ করবার যোগ্য। অসপনস্‌কে আদেশ দেওয়া হল যেন তিনি এই যুবকদের বাবিলীয়দের ভাষা ও সাহিত্য সম্বন্ধে শিক্ষা দেন। 1:5 রাজা তাঁর খাবার থেকে তাদের প্রতিদিনের পরিমাণ মত খাবার ও আংগুর-রস দেবার নির্দেশ দিলেন। এইভাবে তাদের তিন বছর শিক্ষা দেবার পরে তারা রাজার কাজে নিযুক্ত হবে। 1:6 এদের মধ্যে ছিলেন যিহূদা-গোষ্ঠীর দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়। 1:7 সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নতুন নাম রাখলেন; তিনি দানিয়েলকে বেল্টশৎসর, হনানিয়কে শদ্রক, মীশায়েলকে মৈশক ও অসরিয়কে অবেদ্‌-নগো নাম দিলেন। 1:8 দানিয়েল কিন্তু মনে মনে ঠিক করলেন যে, তিনি রাজার খাবার ও আংগুর-রস দিয়ে নিজেকে অশুচি করবেন না। এইভাবে যাতে নিজেকে অশুচি করতে না হয় সেইজন্য তিনি প্রধান রাজকর্মচারীর কাছে অনুমতি চাইলেন। 1:9 ঈশ্বর সেই রাজকর্মচারীর মনে দানিয়েলের জন্য দয়া ও মমতা দিলেন। 1:10 তবে সেই রাজকর্মচারী দানিয়েলকে বললেন, “যিনি তোমাদের খাবার ও আংগুর-রসের ব্যবস্থা করেছেন আমি আমার সেই প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের বয়সী অন্য যুবকদের চেয়ে কেন তোমাদের রোগা দেখবেন? এতে রাজা তোমাদের দরুন আমার মাথা কেটে ফেলতে পারেন।” 1:11 সেই রাজকর্মচারী দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের যত্ন নেবার জন্য যে লোককে নিযুক্ত করেছিলেন দানিয়েল তাঁকে বললেন, 1:12 “আপনি দয়া করে দশ দিন আপনার এই দাসদের পরীক্ষা করে দেখুন; আপনি আমাদের কেবল শাক-সব্‌জি ও জল খেতে দেবেন। 1:13 তারপর রাজার খাবার খাওয়া সেই যুবকদের সংগে আমাদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সেই অনুসারেই আপনার এই দাসদের সংগে ব্যবহার করবেন।” 1:14 তিনি এতে রাজী হলেন এবং দশ দিন তাঁদের পরীক্ষা করলেন। 1:15 দশ দিনের শেষে দেখা গেল রাজার খাবার খাওয়া যুবকদের সকলের চেয়ে তাঁরা আরও সুন্দর ও স্বাস্থ্যবান হয়েছেন। 1:16 তখন সেই লোকটি রাজার খাবার ও আংগুর-রস সরিয়ে দিয়ে তার বদলে তাঁদের শাক-সব্‌জিই দিতে থাকলেন। 1:17 এই চারজন যুবককে ঈশ্বর সব রকম সাহিত্য ও বিদ্যায় জ্ঞানলাভ করবার ও বুঝবার ক্ষমতা দিলেন; আর দানিয়েল সব রকম দর্শন ও স্বপ্নের বিষয় বুঝতে পারতেন। 1:18 রাজার সামনে সেই যুবকদের নিয়ে যাবার জন্য রাজা যে সময় ঠিক করে দিয়েছিলেন সেই সময়ের শেষে সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নবূখদ্‌নিৎসরের সামনে নিয়ে গেলেন। 1:19 রাজা তাঁদের সংগে কথা বলে বুঝলেন যে, আর কেউ দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের সমান নয়; তাই এই চারজন রাজার কাজে নিযুক্ত হলেন। 1:20 জ্ঞান ও বুদ্ধির বিষয়ে প্রত্যেকটি ব্যাপারে রাজা তাঁদের জিজ্ঞাসা করে বুঝতে পারলেন যে, তাঁরা তাঁর সারা রাজ্যের মধ্যেকার সমস্ত যাদুকর ও ভূতের ওঝাদের চেয়ে দশগুণ ভাল। 1:21 রাজা কোরসের রাজত্বের প্রথম বছর পর্যন্ত দানিয়েল রাজার কাজে বহাল রইলেন।