Hosea 12
12:1 ইফ্রয়িম বাতাস খায়; সে সারাদিন পূবের বাতাসের পিছনে তাড়া করে এবং মিথ্যা কথা ও অত্যাচার বাড়িয়ে তোলে। সে আসিরিয়ার সংগে সন্ধি করেছে এবং মিসরকে জলপাইয়ের তেল পাঠিয়েছে।”
12:2 যিহূদার বিরুদ্ধে সদাপ্রভুর একটা নালিশ আছে; যাকোবের আচার-ব্যবহার অনুসারে তিনি তাকে শাস্তি দেবেন এবং তার কাজ অনুসারে ফল দেবেন।
12:3 পেটে থাকতে যাকোব তার ভাইয়ের গোড়ালী ধরেছিল; বয়সকালে সে ঈশ্বরের সংগে যুদ্ধ করেছিল।
12:4 সে স্বর্গদূতের সংগে যুদ্ধ করে তাঁকে হারিয়ে দিয়েছিল; সে দয়া পাবার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছিল। সে বৈথেলে সদাপ্রভুকে পেয়েছিল এবং সেখানে সদাপ্রভু আমাদের সংগে কথা বলেছিলেন।
12:5 তিনিই সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু; সদাপ্রভু নামেই লোকে তাঁকে স্মরণ করে।
12:6 এখন হে যাকোব-বংশের লোকেরা, তোমাদের ঈশ্বরের কাছে তোমরা ফিরে এস; তোমরা বিশ্বস্ততা ও ন্যায়বিচার রক্ষা কর এবং সর্বদা তোমাদের ঈশ্বরের অপেক্ষায় থাক।
12:7 সদাপ্রভু বলছেন, “ব্যবসায়ী ইফ্রয়িম ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করে; সে জোরজুলুম করতে ভালবাসে।
12:8 সে বলে, ‘আমি খুব ধনী হয়েছি, অনেক ধন-সম্পদ জমা করেছি। আমার সব কাজের মধ্যে লোকে আমার কোন দোষ বা পাপ খুঁজে পাবে না।’
12:9 কিন্তু হে ইফ্রয়িম, আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছি। তোমার নির্দিষ্ট পর্বের সময়ের মত করে আমি আবার তোমাকে তাম্বুতে বাস করাব।
12:10 আমি নবীদের কাছে কথা বলেছি, তাদের অনেক দর্শন দিয়েছি এবং তাদের মধ্য দিয়ে রূপক অর্থে অনেক কথা বলেছি।”
12:11 গিলিয়দ অন্যায়ে পূর্ণ; তার লোকেরা অপদার্থ। তারা গিল্গলে অনেক বলদ উৎসর্গ করে। তাদের বেদীগুলো চাষ করা জমিতে পাথরের ঢিবির মত অনেক।
12:12 যাকোব অরাম দেশে পালিয়ে গিয়েছিল; স্ত্রী পাবার জন্য ইস্রায়েল মজুরের কাজ ও ভেড়া চরাবার কাজ করেছিল।
12:13 মিসর থেকে ইস্রায়েলকে নিয়ে আসবার জন্য সদাপ্রভু একজন নবীকে ব্যবহার করেছিলেন; তাঁকে দিয়ে তিনি তার দেখাশোনা করেছিলেন।
12:14 কিন্তু ইফ্রয়িম সদাপ্রভুকে ভীষণ অসন্তুষ্ট করে তুলেছিল; সেইজন্য তার প্রভু তার মন্দ কাজের জন্য তাকেই দায়ী করবেন এবং সে যে অপমান করেছে সেই অপমান তাকেই ফিরিয়ে দেবেন।