Library · bn

Leviticus 1

1:1 একদিন মিলন-তাম্বুর মধ্য থেকে সদাপ্রভু মোশিকে ডাকলেন এবং ইস্রায়েলীয়দের বলতে বললেন, “যদি তোমাদের মধ্যে কেউ সদাপ্রভুকে উৎসর্গ হিসাবে কিছু দিতে চায় তবে সে একটা পশু নিয়ে আসুক; সেই পশুটা যেন কোন গরু, ভেড়া বা ছাগল হয়। 1:3 “যদি সে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান গরু দিয়ে করতে চায় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়। সদাপ্রভু যাতে তার উপর সন্তুষ্ট হন সেইজন্য তাকে সেই ষাঁড়টা মিলন-তাম্বুর দরজার কাছে উপস্থিত করতে হবে। 1:4 পোড়ানো-উৎসর্গের জন্য আনা সেই ষাঁড়টার মাথার উপরে সে তার হাত রাখবে; আর সেটা তার জায়গায় তার পাপ ঢাকবার জন্য গ্রহণ করা হবে। 1:5 তারপর সদাপ্রভুর সামনে সে সেই ষাঁড়টা কাটবে আর হারোণের পুরোহিত ছেলেরা তার রক্ত নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে রাখা বেদীটার চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 1:6 উৎসর্গকারী ঐ পোড়ানো-উৎসর্গের ষাঁড়টার চামড়া ছাড়িয়ে নিয়ে তার মাংস খণ্ড খণ্ড করে কাটবে। 1:7 পুরোহিত হারোণের ছেলেরা সেই বেদীর উপরে আগুন জ্বালিয়ে তার উপর কাঠ সাজাবে। 1:8 তারপর তারা বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপরে সেই ষাঁড়ের মাথা, চর্বি ও মাংসের খণ্ডগুলো সাজাবে। 1:9 উৎসর্গকারী সেটার পা এবং পেটের ভিতরের সমস্ত অংশগুলো জলে ধুয়ে দেবে এবং পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা ষাঁড়টাই বেদীর উপরে পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। 1:10 “এই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান যদি ভেড়া বা ছাগল দিয়ে করা হয় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন পুরুষ ভেড়া বা ছাগল। 1:11 উৎসর্গকারী সেটা বেদীর উত্তর পাশে নিয়ে গিয়ে সদাপ্রভুর সামনে কাটবে, আর হারোণের পুরোহিত ছেলেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে। 1:12 উৎসর্গকারী সেটা খণ্ড খণ্ড করে কাটবে আর পুরোহিত তার চর্বি, মাথা ও মাংসের খণ্ডগুলো নিয়ে বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপর সাজাবে। 1:13 উৎসর্গকারী সেটার পা ও পেটের ভিতরের অংশগুলো জলে ধুয়ে দেবে আর পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা পশুটাই বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। 1:14 “সদাপ্রভুর উদ্দেশে এই পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান যদি কোন পাখী দিয়ে করা হয় তবে উৎসর্গকারীকে একটা ঘুঘু বা কবুতর আনতে হবে। 1:15 পুরোহিত সেটা বেদীর কাছে নিয়ে যাবে এবং তার মাথাটা মুচ্‌ড়ে গলা থেকে আলাদা করে নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দেবে আর রক্তটা চেপে বের করে বেদীর একপাশের গায়ের উপর ফেলবে। 1:16 উৎসর্গকারী পাখীটার গলার থলি ও তার মধ্যেকার সব কিছু বেদীর পূর্ব দিকে ছাইয়ের গাদায় ফেলে দেবে। 1:17 সে ডানা ধরে পাখীটা এমন ভাবে ছিঁড়বে যেন সেটা দুই টুকরা হয়ে না যায়। তারপর পুরোহিত সেটা নিয়ে বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপর পুড়িয়ে দেবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।