Library · bn

Habakkuk 3

3:1 নবী হবক্‌কূকের ছন্দে বাঁধা প্রার্থনা। 3:2 হে সদাপ্রভু, আমি তোমার কাজের কথা শুনে ভয় পেলাম। হে সদাপ্রভু, আমাদের কালে সেগুলো তুমি আবার কর; আমাদের সময়ে তুমি সেগুলো দেখাও। ক্রোধের সময় তুমি মমতা করবার কথা ভুলে যেয়ো না। 3:3 ঈশ্বর তৈমন থেকে আসছেন, সেই পবিত্রজন পারণ পাহাড় থেকে আসছেন।[সেলা] তাঁর মহিমা আকাশ ছেয়ে যায়; পৃথিবী তাঁর প্রশংসায় পরিপূর্ণ। 3:4 সূর্যের মতই তাঁর উজ্জ্বলতা; তাঁর হাত থেকে আলো ঠিক্‌রে পড়ে, সেখানে তাঁর শক্তি লুকানো আছে। 3:5 তাঁর আগে আগে যাচ্ছে মড়ক; তাঁর পিছনে পিছনে চলছে রোগ। 3:6 তিনি দাঁড়িয়ে পৃথিবীকে নাড়া দিচ্ছেন; তিনি তাকিয়ে জাতিদের কাঁপিয়ে তুলছেন। পুরানো দিনের পাহাড়-পর্বত টুকরা টুকরা হয়ে যাচ্ছে আর পুরানো যুগের পাহাড়গুলো ভেংগে পড়ছে। অনন্তকাল থেকে তার পথের কোন পরিবর্তন নেই। 3:7 আমি কূশনের লোকগুলোকে দুর্দশার মধ্যে দেখলাম, আর দেখলাম মিদিয়নের বাসিন্দারা কাঁপছে। 3:8 হে সদাপ্রভু, নদীগুলোর উপর কি তুমি অসন্তুষ্ট হয়েছ? তোমার ক্রোধ কি নদীগুলোর উপর পড়েছে? তুমি কি সাগরের উপর ভীষণ বিরক্ত হয়েছ? সেজন্যই কি তুমি তোমার ঘোড়াগুলোতে আর তোমার বিজয়ী রথগুলোতে চড়ে বেড়াচ্ছ? 3:9 তোমার ধনুক তুমি তুলে নিলে আর তোমার বাক্য অনুসারে শাস্তি দেবার জন্য লাঠিগুলো শপথ করেছে।[সেলা] তুমি পৃথিবীকে ভাগ করে দিলে নদনদী দিয়ে। 3:10 পাহাড়-পর্বত তোমাকে দেখে কেঁপে উঠল। ভীষণ জলস্রোত বয়ে গেল; গভীর জল গর্জন করে উঠল আর তার ঢেউগুলো উপরে তুলল। 3:11 তোমার উড়ন্ত তীরের ঝল্‌কানিতে আর বিদ্যুতের মত তোমার বর্শার চম্‌কানিতে আকাশে সূর্য ও চাঁদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। 3:12 ক্রোধে তুমি পৃথিবীর মধ্য দিয়ে এগিয়ে গেলে আর অসন্তোষে জাতিদের পায়ে মাড়ালে। 3:13 তোমার লোকদের উদ্ধার করতে, তোমার অভিষিক্ত লোককে রক্ষা করতে তুমি বের হয়ে আসলে। তুমি দুষ্টদের দেশের নেতাকে আঘাত করলে, তার দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলে।[সেলা] 3:14 যখন তার যোদ্ধারা আমাদের ছড়িয়ে দেবার জন্য ভীষণভাবে আক্রমণ করল, তখন তারা তাদের মতই আনন্দ করছিল যারা গোপনে দুঃখীদের গ্রাস করে আনন্দ পায়। কিন্তু তুমি তাদের নেতাকে তারই বর্শা দিয়ে বিঁধলে। 3:15 তোমার পরিচালনায় ঘোড়াগুলো সাগর মাড়িয়ে গেল আর মহাজলের রাশিকে তোলপাড় করল। 3:16 সেই শব্দ শুনে আমি কাঁপতে লাগলাম, আমার ঠোঁটও কেঁপে উঠল; আমি দুর্বল হয়ে পড়লাম আর আমার পা কাঁপতে লাগল। তবুও আমি সেদিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব যেদিন আমাদের আক্রমণকারীদের উপর বিপদ আসবে। 3:17 যদিও ডুমুর গাছে কুঁড়ি ধরবে না আর আংগুর লতায় থাকবে না কোন আংগুর, যদিও জলপাই গাছে ফল ধরবে না আর ক্ষেতে জন্মাবে না খাবারের জন্য কোন শস্য, যদিও ভেড়ার খোঁয়াড়ে থাকবে না ভেড়া আর গোয়াল ঘরে থাকবে না গরু, 3:18 তবুও আমি সদাপ্রভুকে নিয়ে আনন্দ করব, আমার উদ্ধারকর্তা ঈশ্বরকে নিয়ে খুশী হব। 3:19 প্রভু সদাপ্রভুই আমার শক্তি; তিনি আমার পা হরিণীর পায়ের মত করেন আর আমাকে উঁচু উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন। গান পরিচালকের সংকলনের জন্য। আমার নির্দেশ অনুসারে তারের বাজনাগুলোর সংগে গাইতে হবে।