Library · bn

Zechariah 2

2:1 তারপর আমি চোখ তুলে মাপের দড়ি হাতে একজন লোককে দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” উত্তরে তিনি আমাকে বললেন, “যিরূশালেম কতটা চওড়া ও কতটা লম্বা তা মেপে দেখতে যাচ্ছি।” 2:3 যে স্বর্গদূত আগে আমার সংগে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন স্বর্গদূত তাঁর সংগে দেখা করতে আসলেন। 2:4 তিনি তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ঐ যুবককে বলুন, ‘যিরূশালেমের মধ্যে মানুষ ও পশু সংখ্যায় বেশী হওয়ার দরুন তাতে কোন দেয়াল থাকবে না। 2:5 সদাপ্রভু বলছেন যে, তিনি নিজেই তার চারপাশে আগুনের দেয়াল হবেন এবং তিনিই তাঁর মহিমায় সেখানে থাকবেন।’ ” 2:6 সদাপ্রভু বলছেন, “শোন, শোন। আমি তো চারদিকে তোমাদের ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তোমরা উত্তর দেশ থেকে পালিয়ে এস। 2:7 ওহে সিয়োনের লোকেরা, তোমরা যারা বাবিলে বাস করছ, তোমরা পালিয়ে এস।” 2:8 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাঁর গৌরব প্রকাশ করবার জন্য আমাকে সেই সব জাতির কাছে পাঠিয়েছেন যারা তোমাদের লুট করেছে। তিনি বলছেন, “যে কেউ তোমাদের ছোঁয় সে আমার চোখের মণি ছোঁয়। 2:9 আমি তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমার হাত উঠাব, তাতে তাদের দাসেরা তাদের লুট করবে।” এটা যখন ঘটবে তখন তোমরা বুঝতে পারবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন। 2:10 সদাপ্রভু বলছেন, “হে সিয়োন-কন্যা, আনন্দে গান কর এবং খুশী হও, কারণ আমি আসছি, আর আমি তোমাদের মধ্যে বাস করব। 2:11 সেই দিন অনেক জাতি আমার সংগে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব।” যখন তা ঘটবে তখন তোমরা জানবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। 2:12 পবিত্র দেশে তাঁর সম্পত্তি হিসাবে সদাপ্রভু যিহূদা দেশ অধিকার করবেন এবং যিরূশালেমকে আবার বেছে নেবেন। 2:13 হে সমস্ত মানুষ, তোমরা সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ তিনি বিচার করবার জন্য তাঁর পবিত্র বাসস্থান থেকে বের হয়ে আসছেন।