Library · bn

Numbers 33

33:1 মোশি ও হারোণের পরিচালনায় ইস্রায়েলীয়েরা সৈন্যদলের মত করে মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর ভিন্ন ভিন্ন জায়গায় থেমে থেমে চলছিল। 33:2 যাত্রাপথে তারা যে সমস্ত জায়গায় থেমেছিল সদাপ্রভুর আদেশে মোশি তা লিখে রাখলেন। তারা যে সমস্ত জায়গায় থেমেছিল তা এই: 33:3 উদ্ধার-পর্বের পরের দিন বছরের প্রথম মাসের পনেরো তারিখে ইস্রায়েলীয়েরা রামিষেষ থেকে যাত্রা শুরু করেছিল। সমস্ত মিসরীয়দের চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে তারা বের হয়ে গিয়েছিল। 33:4 মিসরীয়েরা তখন তাদের প্রথম ছেলেদের কবর দিচ্ছিল। সদাপ্রভু তাদের প্রথম সন্তানদের মেরে ফেলেছিলেন এবং তাদের দেব-দেবতাদের শাস্তি দিয়েছিলেন। 33:5 ইস্রায়েলীয়েরা রামিষেষ ছেড়ে এসে সুক্কোতে ছাউনি ফেলেছিল। 33:6 তারপর তারা সুক্কোৎ ছেড়ে গিয়ে মরু-এলাকার ধারে এথম বলে একটি জায়গায় তাদের ছাউনি ফেলেছিল। 33:7 এথম ছেড়ে তারা বাল-সফোনের সামনে পী-হহীরোতে ফিরে এসে মিগ্‌দোলের কাছে ছাউনি ফেলেছিল। 33:8 তারা পী-হহীরোৎ ছেড়ে সাগর পার হয়ে এথম মরু-এলাকাতে গিয়ে উঠেছিল এবং তার মধ্য দিয়ে তিন দিনের পথ গিয়ে মারাতে ছাউনি ফেলেছিল। 33:9 মারা ছেড়ে তারা এলীমে গিয়ে ছাউনি ফেলেছিল। সেখানে বারোটা জলের ফোয়ারা ও সত্তরটা খেজুর গাছ ছিল। 33:10 পরে তারা এলীম ছেড়ে সুয়েজ উপসাগরের ধারে গিয়ে ছাউনি ফেলেছিল। 33:11 তারপর তারা সুয়েজ উপসাগরের কাছ থেকে গিয়ে সিন মরু-এলাকাতে ছাউনি ফেলেছিল। 33:12 সিন মরু-এলাকা ছেড়ে তারা দপ্‌কাতে গিয়ে ছাউনি ফেলেছিল। 33:13 দপ্‌কা ছেড়ে তারা আলূশে গিয়ে ছাউনি ফেলেছিল। 33:14 আলূশ ছেড়ে তারা রফীদীমে গিয়ে ছাউনি ফেলেছিল। এখানে লোকদের জন্য কোন খাবার জল ছিল না।