Numbers 8
8:1 সদাপ্রভু মোশিকে বললেন,
8:2 “তুমি হারোণকে বল, বাতিদানের সাতটা প্রদীপ তাকে এমনভাবে বসাতে হবে যাতে সেগুলোর আলো বাতিদানের সামনের জায়গাটায় পড়ে।”
8:3 হারোণ তা-ই করলেন। মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই তিনি প্রদীপগুলো এমনভাবে বসালেন যাতে বাতিদানের উপর সেগুলোর সল্তে সামনের দিকে থাকে।
8:4 বাতিদানটার গোড়া থেকে আগার ফুলগুলো পর্যন্ত সবটাই সোনা পিটিয়ে তৈরী করা হয়েছিল। সদাপ্রভু মোশিকে যে নমুনা দেখিয়েছিলেন ঠিক সেইরকম করেই বাতিদানটা তৈরী করা হয়েছিল।
8:5 সদাপ্রভু মোশিকে বললেন,
8:6 “তুমি অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্য থেকে লেবীয়দের বের করে নিয়ে তাদের শুচি কর।
8:7 এইভাবে তুমি তাদের শুচি করবে: তাদের উপর শুচি করবার জল ছিটিয়ে দেবে। তারপর তারা তাদের সারা দেহ কামিয়ে কাপড়-চোপড় ধুয়ে নিজেদের শুচি করে নেবে।
8:8 পরে তারা একটা ষাঁড় এবং এর সংগেকার শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দা নিয়ে আসবে। পাপ-উৎসর্গের জন্য তোমাকে আর একটা ষাঁড় আনিয়ে নিতে হবে।
8:9 এর পরে তুমি মিলন-তাম্বুর সামনে লেবীয়দের নিয়ে আসবে এবং সমস্ত ইস্রায়েলীয়দের সেখানে একত্র করবে।
8:10 লেবীয়দের তুমি সদাপ্রভুর সামনে আনবে এবং ইস্রায়েলীয়েরা তাদের উপর হাত রাখবে।
8:11 হারোণ ইস্রায়েলীয়দের মধ্য থেকে দোলন-উৎসর্গ হিসাবে লেবীয়দের সদাপ্রভুর সামনে উপস্থিত করবে যেন তারা সদাপ্রভুর কাজে হাত দিতে পারে।
8:12 তারপর লেবীয়েরা সেই দু’টা ষাঁড়ের উপর হাত রাখবে আর তুমি তার একটা দিয়ে সদাপ্রভুর উদ্দেশে পাপ-উৎসর্গ এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করবে।
8:13 লেবীয়দের তুমি হারোণ ও তার ছেলেদের সামনে দাঁড় করাবে এবং সদাপ্রভুর কাছে দোলন-উৎসর্গ হিসাবে তাদের উৎসর্গ করবে।
8:14 এইভাবে তুমি অন্যান্য ইস্রায়েলীয়দের থেকে লেবীয়দের আলাদা করে নেবে, আর তাতে তারা আমার হবে।
8:15 “এইভাবে লেবীয়দের শুচি করে নিয়ে দোলন-উৎসর্গ হিসাবে উৎসর্গ করবার পরে তারা মিলন-তাম্বুতে কাজ করবার জন্য আসবে।
8:16 সমস্ত ইস্রায়েলীয়দের মধ্য থেকে এরাই সম্পূর্ণভাবে আমার, আর কারও নয়। প্রত্যেক ইস্রায়েলীয় স্ত্রীলোকের প্রথম পুরুষ সন্তানের বদলে আমি লেবীয়দের আমার নিজের করে নিচ্ছি।
8:17 প্রথমে জন্মেছে এমন প্রত্যেকটি ইস্রায়েলীয় পুরুষ সন্তান আমার- সে মানুষেরই হোক বা পশুরই হোক। মিসরীয়দের প্রথম পুরুষ সন্তান মেরে ফেলবার সময় আমি ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তান আমার জন্য আলাদা করে রেখেছিলাম।
8:18 প্রথমে জন্মেছে সেই সমস্ত ইস্রায়েলীয় সন্তানদের জায়গায় আমি এখন লেবীয়দের গ্রহণ করছি।
8:19 ইস্রায়েলীয়দের মধ্যেকার এই লেবীয়দের আমি হারোণ ও তার ছেলেদের দান করছি, যাতে তারা ইস্রায়েলীয়দের হয়ে মিলন-তাম্বুতে কাজ করে এবং তাদের পাপ ঢাকবার ব্যবস্থা করে। তার ফলে ইস্রায়েলীয়েরা পবিত্র তাম্বুর কাছে গেলেও তাদের উপর কোন বিপদ নেমে আসবে না।”
8:20 সদাপ্রভু লেবীয়দের সম্বন্ধে মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন মোশি, হারোণ এবং অন্য সমস্ত ইস্রায়েলীয়েরা লেবীয়দের নিয়ে তা-ই করলেন।
8:21 লেবীয়েরা নিজেদের শুচি করে নিল এবং কাপড়-চোপড় ধুয়ে ফেলল। তারপর হারোণ সদাপ্রভুর উদ্দেশে দোলন-উৎসর্গ হিসাবে তাদের উৎসর্গ করলেন এবং শুচি করে নেবার জন্য তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা করলেন।
8:22 এর পর লেবীয়েরা হারোণ ও তার ছেলেদের অধীনে মিলন-তাম্বুতে তাদের কাজ করতে গেল। সদাপ্রভু মোশিকে যে সব আদেশ দিয়েছিলেন তারা লেবীয়দের নিয়ে ঠিক তা-ই করলেন।
8:23 পরে সদাপ্রভু মোশিকে বললেন,
8:24 “লেবীয়দের সম্বন্ধে এই নিয়ম থাকবে যে, তাদের মধ্যে পঁচিশ কিম্বা তার বেশী বয়সের লোকেরা মিলন-তাম্বুর কাজ করতে আসবে,
8:25 কিন্তু পঞ্চাশ বছর বয়সের পরে ঐ কাজ থেকে তাদের অবসর নিতে হবে; তারা আর কাজ করবে না।
8:26 তখন এই লোকেরা মিলন-তাম্বুতে তাদের ভাইদের সংগে দেখাশোনার কাজে সাহায্য করতে পারবে কিন্তু নিজেরা কোন কাজে হাত দিতে পারবে না। এই নিয়ম অনুসারে তুমি লেবীয়দের কাজ ঠিক করে দেবে।”