Library · bn

Mark 7

7:1 যাঁরা যিরূশালেম থেকে এসেছিলেন এমন কয়েকজন ফরীশী ও ধর্ম-শিক্ষক যীশুর কাছে একত্র হলেন। 7:2 তাঁরা দেখলেন, যীশুর শিষ্যদের মধ্যে কয়েকজন হাত না ধুয়ে অশুচিভাবে খেতে বসেছেন। 7:3 ফরীশীরা ও সমস্ত যিহূদীরা পুরানো দিনের ধর্ম-শিক্ষকদের দেওয়া যে নিয়ম চলে আসছে সেই নিয়ম মত হাত না ধুয়ে খান না। 7:4 বাজার থেকে এসে তাঁরা হাত-পা না ধুয়ে কিছু খান না। এছাড়া তাঁরা আরও অনেক রকম নিয়ম পালন করে থাকেন, যেমন ঘটি, বাটি, থালা ইত্যাদি ধোওয়া। 7:5 সেইজন্য ফরীশী ও ধর্ম-শিক্ষকেরা যীশুকে জিজ্ঞাসা করলেন, “পুরানো দিনের ধর্ম-শিক্ষকদের দেওয়া যে নিয়ম চলে আসছে আপনার শিষ্যেরা তা মেনে চলে না কেন? তারা তো হাত না ধুয়েই খায়।” 7:6 যীশু উত্তর দিলেন, “আপনারা ভণ্ড! আপনাদের বিষয়ে নবী যিশাইয় ঠিক কথাই বলেছিলেন। তাঁর বইয়ে লেখা আছে: এই লোকেরা মুখেই আমাকে সম্মান করে, কিন্তু তাদের অন্তর আমার কাছ থেকে দূরে থাকে। 7:7 তারা মিথ্যাই আমার উপাসনা করে, তাদের দেওয়া শিক্ষা মানুষের তৈরী কতগুলো নিয়ম মাত্র। 7:8 আপনারা তো ঈশ্বরের দেওয়া আদেশগুলো বাদ দিয়ে মানুষের দেওয়া চলতি নিয়ম পালন করছেন।” 7:9 যীশু তাঁদের আরও বললেন, “ঈশ্বরের আদেশ বাদ দিয়ে নিজেদের চলতি নিয়ম পালন করবার জন্য বেশ ভাল উপায়ই আপনাদের জানা আছে। 7:10 যেমন ধরুন, মোশি বলেছেন, ‘মা-বাবাকে সম্মান কোরো’ এবং ‘যার কথায় মা-বাবার প্রতি অশ্রদ্ধা থাকে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে।’ 7:11 কিন্তু আপনারা বলে থাকেন, যদি কেউ তার মা কিম্বা বাবাকে বলে, ‘আমার যে জিনিসের দ্বারা তোমার সাহায্য হতে পারত তা কর্ব্বান,’ অর্থাৎ ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়েছে, 7:12 তবে মা-বাবার জন্য তাকে আর কিছু করতে হয় না। 7:13 এইভাবে আপনারা আপনাদের চলতি নিয়ম শিক্ষা দিয়ে ঈশ্বরের বাক্য বাতিল করেছেন। এছাড়া আপনারা আরও এই রকম অনেক কাজ করে থাকেন।” 7:14 এর পরে যীশু লোকদের আবার তাঁর কাছে ডেকে বললেন, “আপনারা সবাই আমার কথা শুনুন ও বুঝুন। 7:15 বাইরে থেকে যা মানুষের ভিতরে যায় তা মানুষকে অশুচি করতে পারে না, বরং মানুষের মধ্য থেকে যা বের হয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে।” 7:17 এর পরে যীশু যখন লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন, তখন শিষ্যেরা সেই কথার মানে তাকে জিজ্ঞাসা করলেন। 7:18 যীশু তাঁদের বললেন, “তোমরা কি এতই অবুঝ? তোমরা কি বোঝ না যে, বাইরে থেকে যা মানুষের ভিতরে ঢোকে তা তাকে অশুচি করতে পারে না? 7:19 এর কারণ হল, তা তো তার অন্তরে ঢোকে না কিন্তু পেটে ঢোকে এবং পরে দেহ থেকে বের হয়ে যায়।” এই কথাতেই যীশু বুঝিয়ে দিলেন যে, সব খাবারই শুচি। 7:20 যীশু আরও বললেন, “মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তা- ই মানুষকে অশুচি করে, 7:21 কারণ মানুষের ভিতর, অর্থাৎ অন্তর থেকেই মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, 7:22 লোভ, অন্যের ক্ষতি করবার ইচ্ছা, ছলনা, লমপটতা, হিংসা, নিন্দা, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে। 7:23 এই সব মন্দতা মানুষের ভিতর থেকেই বের হয়ে আসে এবং মানুষকে অশুচি করে।” 7:24 এর পরে যীশু সেই জায়গা ছেড়ে সোর এলাকায় গেলেন। তিনি একটা ঘরে ঢুকলেন এবং চাইলেন যেন কেউ তা জানতে না পারে, কিন্তু তিনি লুকিয়ে থাকতে পারলেন না। 7:25 সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যার মেয়েকে মন্দ আত্মায় পেয়েছিল। সেই স্ত্রীলোকটি যীশুর বিষয় শুনতে পেয়ে তখনই এসে যীশুর পায়ে পড়ল। 7:26 স্ত্রীলোকটি ছিল অযিহূদী এবং সুর-ফৈনীকীতে জন্মগ্রহণ করেছিল। সে যীশুর কাছে কাকুতি-মিনতি করতে লাগল যেন তিনি তার মেয়েটির মধ্য থেকে মন্দ আত্মা দূর করে দেন। 7:27 যীশু তাকে বললেন, “আগে ছেলেমেয়েরা পেট ভরে খাক, কারণ ছেলেমেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভাল নয়।” 7:28 তাতে সেই স্ত্রীলোকটি বলল, “প্রভু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছেলেমেয়েদের খাবারের যে সব টুকরা টেবিলের নীচে পড়ে তা তো কুকুরেই খায়।” 7:29 যীশু তাকে বললেন, “কথাটা তুমি বেশ ভাল বলেছ। এখন যাও; গিয়ে দেখ, মন্দ আত্মা তোমার মেয়েটির মধ্য থেকে বের হয়ে গেছে।” 7:30 সেই স্ত্রীলোকটি তখন বাড়ীতে ফিরে গিয়ে দেখল, তার মেয়েটি বিছানায় শুয়ে আছে এবং মন্দ আত্মা তার মধ্য থেকে বের হয়ে গেছে। 7:31 এর পরে যীশু সোর এলাকা ছেড়ে সীদোন শহরের মধ্য দিয়ে গালীল সাগরের কাছে দিকাপলি এলাকার গ্রামগুলোতে গেলেন। 7:32 সেখানে কয়েকজন লোক একটা বয়রা ও তোত্‌লা লোককে যীশুর কাছে নিয়ে আসল এবং কাকুতি-মিনতি করতে লাগল যেন তিনি সেই লোকটির উপরে তাঁর হাত রাখেন। 7:33 যীশু ভিড়ের মধ্য থেকে সেই লোকটিকে একপাশে নিয়ে গিয়ে তার দুই কানের মধ্যে নিজের আংগুল দিলেন। পরে থুথু ফেলে লোকটার জিভ্‌ ছুঁলেন। 7:34 তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘনিঃশ্বাস ফেলে লোকটিকে বললেন, “এপ্‌ফাথা,” অর্থাৎ “খুলে যাও।” 7:35 তাতে লোকটার কানও খুলে গেল, জিভও খুলে গেল এবং সে স্পষ্টভাবে কথা বলতে লাগল। 7:36 যীশু এই বিষয়ে কাউকে বলতে লোকদের বারণ করলেন। কিন্তু তিনি যতই তাদের বারণ করলেন ততই তারা সেই বিষয়ে আরও বেশী করে বলাবলি করতে লাগল। 7:37 এই ঘটনায় লোকেরা খুব আশ্চর্য হয়ে বলল, “ইনি সব কাজ কত নিখুঁতভাবে করেন। ইনি বয়রাদের শুনবার শক্তি ও বোবাদের কথা বলবার শক্তি দেন।”