Library · bn

John 4

4:1 যীশু যে যোহনের চেয়ে অনেক বেশী শিষ্য করছেন এবং বাপ্তিস্ম দিচ্ছেন তা ফরীশীরা শুনেছিলেন। 4:2 (অবশ্য যীশু নিজে বাপ্তিস্ম দিচ্ছিলেন না, তাঁর শিষ্যেরাই দিচ্ছিলেন।) 4:3 যীশু তা জানতে পেরে যিহূদিয়া প্রদেশ ছেড়ে আবার গালীলে চলে গেলেন। 4:4 গালীলে যাবার সময় তাঁকে শমরিয়া প্রদেশের মধ্য দিয়ে যেতে হল। 4:5 তিনি শুখর নামে শমরিয়ার একটা গ্রামে আসলেন। যাকোব তাঁর ছেলে যোষেফকে যে জমি দান করেছিলেন এই গ্রামটা ছিল তারই কাছে। 4:6 সেই জায়গায় যাকোবের কূয়া ছিল। পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যীশু সেই কূয়ার পাশে বসলেন। তখন বেলা প্রায় দুপুর। 4:7 যীশুর শিষ্যেরা খাবার কিনতে গ্রামে গেছেন; এমন সময় শমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলতে আসল। যীশু তাকে বললেন, “আমাকে একটু জল খেতে দাও।” 4:9 সেই শমরীয় স্ত্রীলোকটি তাঁকে বলল, “আমি তো শমরীয় স্ত্রীলোক। আপনি যিহূদী হয়ে কেমন করে আমার কাছে জল চাইছেন?” স্ত্রীলোকটি এই কথা বলল কারণ যিহূদী এবং শমরীয়দের মধ্যে ধরা-ছোঁয়ার বাছ-বিচার ছিল। 4:10 যীশু সেই স্ত্রীলোকটিকে উত্তর দিলেন, “তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন তবে তুমিই তাঁর কাছে জল চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন।” 4:11 স্ত্রীলোকটি বলল, “কিন্তু আপনার কাছে জল তুলবার কিছুই নেই আর কূয়াটাও গভীর। তবে সেই জীবন্ত জল কোথা থেকে পেলেন? 4:12 আপনি আমাদের পূর্বপুরুষ যাকোবের চেয়ে তো বড় নন। এই কূয়া তিনিই আমাদের দিয়েছেন। তিনি নিজে ও তাঁর ছেলেরা এই কূয়ার জলই খেতেন আর তাঁর পশুপালও খেত।” 4:13 তখন যীশু বললেন, “যে কেউ এই জল খায় তার আবার পিপাসা পাবে। 4:14 কিন্তু আমি যে জল দেব, যে তা খাবে তার আর কখনও পিপাসা পাবে না। সেই জল তার অন্তরের মধ্যে উথলে-ওঠা ফোয়ারার মত হয়ে অনন্ত জীবন দান করবে।” 4:15 এতে স্ত্রীলোকটি যীশুকে বলল, “আমাকে তবে সেই জল দিন যেন আমার পিপাসা না পায় আর জল তুলতে এখানে আসতে না হয়।” 4:16 যীশু তাকে বললেন, “তবে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে আন।” 4:17 স্ত্রীলোকটি বলল, “কিন্তু আমার স্বামী নেই।” যীশু তাকে বললেন, “তুমি ঠিকই বলেছ তোমার স্বামী নেই, 4:18 কারণ এর মধ্যেই তোমার পাঁচজন স্বামী হয়ে গেছে, আর এখন যে তোমার সংগে আছে সে তোমার স্বামী নয়। তুমি সত্যি কথাই বলেছ।” 4:19 তখন স্ত্রীলোকটি যীশুকে বলল, “আমি এখন বুঝতে পারলাম আপনি একজন নবী। 4:20 আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে উপাসনা করতেন, কিন্তু আপনারা বলে থাকেন যিরূশালেমেই লোকদের উপাসনা করা উচিত।” 4:21 যীশু তাঁকে বললেন, “শোন, আমার কথায় বিশ্বাস কর, এমন সময় আসছে যখন পিতা ঈশ্বরের উপাসনা তোমরা এই পাহাড়েও করবে না, যিরূশালেমেও করবে না। 4:22 তোমরা যা জান না তার উপাসনা করে থাক, কিন্তু আমরা যা জানি তারই উপাসনা করি, কারণ পাপ থেকে উদ্ধার পাবার উপায় যিহূদীদের মধ্য দিয়েই এসেছে। 4:23 কিন্তু এমন সময় আসছে, এমন কি, এখনই সেই সময় এসে গেছে যখন আসল উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতাও এই রকম উপাসনাকারীদেরই খোঁজেন। 4:24 ঈশ্বর আত্মা; যারা তাঁর উপাসনা করে, আত্মায় ও সত্যে তাদের সেই উপাসনা করতে হবে।” 4:25 তখন সেই স্ত্রীলোকটি বলল, “আমি জানি, মশীহ, যাঁকে খ্রীষ্ট বলা হয়, তিনি আসছেন। তিনি যখন আসবেন তখন সবই আমাদের জানাবেন।” 4:26 যীশু তাকে বললেন, “আমিই তিনি, যিনি তোমার সংগে কথা বলছেন।” 4:27 এমন সময় যীশুর শিষ্যেরা এসে একজন স্ত্রীলোকের সংগে যীশুকে কথা বলতে দেখে আশ্চর্য হলেন। কিন্তু তবুও তাঁরা কেউই বললেন না, “আপনি কি চাইছেন?” বা “কেন আপনি ওর সংগে কথা বলছেন?” 4:28 সেই স্ত্রীলোকটি তখন তার কলসী ফেলে রেখে গ্রামে গেল আর লোকদের বলল, 4:29 “তোমরা একজন লোককে এসে দেখ। আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তাহলে উনিই কি সেই মশীহ?” 4:30 এতে লোকেরা গ্রাম থেকে বের হয়ে যীশুর কাছে আসতে লাগল। 4:31 এর মধ্যে তাঁর শিষ্যেরা তাঁকে অনুরোধ করে বললেন, “গুরু, কিছু খান।” 4:32 যীশু তাঁদের বললেন, “আমার কাছে এমন খাবার আছে যার কথা তোমরা জান না।” 4:33 তাতে শিষ্যেরা বলাবলি করতে লাগলেন, “তাহলে কি কেউ তাঁকে কোন খাবার এনে দিয়েছে?” 4:34 তখন যীশু তাঁদের বললেন, “যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা পালন করা এবং তাঁর কাজ শেষ করাই হল আমার খাবার। 4:35 তোমরা কি বল না, ‘আর চার মাস বাকী আছে, তার পরেই ফসল কাটবার সময় হবে’? কিন্তু আমি তোমাদের বলছি, চোখ তুলে একবার ক্ষেতের দিকে তাকিয়ে দেখ, ফসল কাটবার মত হয়েছে। 4:36 যে ফসল কাটে সে এখনই বেতন পাচ্ছে এবং অনন্ত জীবনের জন্য ফসল জড়ো করে রাখছে। তার ফলে যে বীজ বোনে আর যে ফসল কাটে, দু’জনই সমানভাবে খুশী হয়। 4:37 এতে এই কথা প্রমাণ হয় যে, ‘একজন বোনে আর অন্য একজন কাটে।’ 4:38 আমি তোমাদের এমন ফসল কাটতে পাঠালাম যার জন্য তোমরা পরিশ্রম কর নি। অন্যেরা পরিশ্রম করেছে আর তোমরা সেই পরিশ্রমের ফসল কেটেছ।” 4:39 যে স্ত্রীলোকটি এই বলে সাক্ষ্য দিচ্ছিল যে, সে যা করেছে সবই তিনি তাকে বলে দিয়েছেন, তার কথা শুনে সেই গ্রামের অনেক শমরীয় যীশুর উপর বিশ্বাস করল। 4:40 তারা যীশুর কাছে গিয়ে তাঁকে তাদের সংগে থাকতে অনুরোধ করল। সেইজন্য যীশু সেখানে দু’দিন থাকলেন। 4:41 তখন তাঁর কথা শুনে আরও অনেক লোক বিশ্বাস করল। 4:42 সেই স্ত্রীলোকটিকে তারা বলল, “এখন যে আমরা বিশ্বাস করছি তা তোমার কথাতে নয়, কিন্তু আমরা নিজেরাই তাঁর কথা শুনে বুঝতে পেরেছি যে, উনি সত্যিই মানুষের উদ্ধারকর্তা।” 4:43 যীশু বলেছিলেন যে, নিজের দেশে নবীর সম্মান নেই; সেই কথা পূর্ণ হবার জন্য শমরিয়াতে দু’দিন থাকবার পর তিনি সেখান থেকে গালীল প্রদেশে চলে গেলেন। 4:45 পর্বের সময় যীশু যিরূশালেমে যা কিছু করেছিলেন, গালীলের লোকেরা সেই পর্বে গিয়েছিল বলে সব দেখতে পেয়েছিল। এইজন্য যীশু যখন গালীলে গেলেন তখন সেখানকার লোকেরা তাঁকে গ্রহণ করল। 4:46 পরে যীশু আবার গালীলের সেই কান্না গ্রামে গেলেন। এখানেই তিনি জলকে আংগুর-রস করেছিলেন। গালীলের কফরনাহূম শহরে একজন রাজকর্মচারীর ছেলে অসুখে ভুগছিল। 4:47 যীশু যিহূদিয়া থেকে গালীলে এসেছেন শুনে সেই রাজকর্মচারী তাঁর কাছে গেলেন এবং অনুরোধ করলেন যেন তিনি কফরনাহূমে গিয়ে তাঁর ছেলেকে সুস্থ করেন। তাঁর ছেলেটা তখন মরবার মত হয়েছিল। 4:48 যীশু সেই রাজকর্মচারীকে বললেন, “কোন চিহ্ন বা কোন আশ্চর্য কাজ না দেখলে আপনারা কোনমতেই বিশ্বাস করবেন না।” 4:49 তখন সেই রাজকর্মচারী বললেন, “দয়া করে আমার ছেলেটি মারা যাবার আগেই আসুন।” 4:50 যীশু তাঁকে বললেন, “আপনি যান, আপনার ছেলেটি বাঁচল।” এতে তিনি যীশুর কথাতে বিশ্বাস করে চলে গেলেন। 4:51 সেই কর্মচারী যখন বাড়ী ফিরে যাচ্ছিলেন তখন পথেই তাঁর দাসেরা তাঁর কাছে গিয়ে বলল, “আপনার ছেলেটি ভাল হয়ে গেছে।” 4:52 তিনি সেই দাসদের জিজ্ঞাসা করলেন, “সে কখন ভাল হয়েছে?” তারা বলল, “গতকাল দুপুর একটার সময় তার জ্বর ছেড়েছে।” 4:53 এতে ছেলেটির বাবা বুঝতে পারলেন, ঠিক সেই সময়েই যীশু তাঁকে বলেছিলেন, “আপনার ছেলেটি বাঁচল।” তখন সেই রাজকর্মচারী ও তাঁর পরিবারের সবাই যীশুর উপর বিশ্বাস করলেন। 4:54 যিহূদিয়া থেকে গালীলে আসবার পর যীশু এই দ্বিতীয় আশ্চর্য কাজ করলেন।