Library · bn

Revelation 7

7:1 এর পর আমি চারজন স্বর্গদূতকে পৃথিবীর চার কোণায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাঁরা পৃথিবীর চার কোণের বাতাস আট্‌কে রাখছিলেন, যেন পৃথিবী, সমুদ্র কিম্বা কোন গাছের উপরে বাতাস না বয়। 7:2 পরে আমি আর একজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে উঠে আসতে দেখলাম। তাঁর কাছে জীবন্ত ঈশ্বরের সীলমোহর ছিল। যে চারজন স্বর্গদূতকে পৃথিবী ও সমুদ্রের ক্ষতি করবার ক্ষমতা দেওয়া হয়েছিল সেই চারজন স্বর্গদূতকে তিনি খুব জোরে চিৎকার করে বললেন, 7:3 “আমাদের ঈশ্বরের দাসদের কপালে সীলমোহর না দেওয়া পর্যন্ত পৃথিবী, সমুদ্র বা গাছপালার ক্ষতি কোরো না।” 7:4 তারপর আমি সেই সীলমোহর করা লোকদের সংখ্যা শুনলাম। ইস্রায়েলীয়দের সমস্ত বংশের মধ্য থেকে মোট একশো চুয়াল্লিশ হাজার লোককে সীলমোহর করা হয়েছিল: 7:5 যিহূদার বংশের মধ্য থেকে বারো হাজার। রূবেণের বংশের মধ্য থেকে বারো হাজার। গাদের বংশের মধ্য থেকে বারো হাজার। 7:6 আশেরের বংশের মধ্য থেকে বারো হাজার। নপ্তালির বংশের মধ্য থেকে বারো হাজার। মনঃশির বংশের মধ্য থেকে বারো হাজার। 7:7 শিমিয়োনের বংশের মধ্য থেকে বারো হাজার। লেবির বংশের মধ্য থেকে বারো হাজার। ইষাখরের বংশের মধ্য থেকে বারো হাজার। 7:8 সবূলূনের বংশের মধ্য থেকে বারো হাজার। যোষেফের বংশের মধ্য থেকে বারো হাজার। বিন্যামীনের বংশের মধ্য থেকে বারো হাজার। 7:9 এর পরে আমি প্রত্যেক জাতি, বংশ, দেশ ও ভাষার মধ্য থেকে এত লোকের ভিড় দেখলাম যে, তাদের সংখ্যা কেউ গুণতে পারল না। সাদা পোশাক পরে তারা সেই সিংহাসন ও মেষ-শিশুর সামনে খেজুর পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। 7:10 তারা জোরে চিৎকার করে বলছিল: “যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই ঈশ্বর এবং মেষ-শিশুর হাতেই পাপ থেকে উদ্ধার রয়েছে।” 7:11 তারপর স্বর্গদূতেরা সকলেই সেই সিংহাসনের, নেতাদের ও চারজন জীবন্ত প্রাণীর চারপাশে দাঁড়ালেন। তাঁরা সিংহাসনের সামনে উবুড় হয়ে ঈশ্বরকে প্রণাম করে বললেন, 7:12 “আমেন। প্রশংসা, গৌরব, জ্ঞান, ধন্যবাদ, সম্মান, ক্ষমতা ও শক্তি চিরকাল ধরে আমাদের ঈশ্বরেরই হোক। আমেন।” 7:13 তখন একজন নেতা আমাকে বললেন, “সাদা পোশাক পরা এই সব লোক কারা? আর কোথা থেকেই বা তারা এসেছে?” 7:14 আমি তাঁকে বললাম, “দেখুন, তা আপনিই জানেন।” তিনি আমাকে বললেন, “সেই মহাকষ্টের মধ্য থেকে যারা এসেছে এরা তারাই। এরা এদের পোশাক মেষ-শিশুর রক্তে ধুয়ে সাদা করেছে। 7:15 সেইজন্য এরা ঈশ্বরের সিংহাসনের সামনে আছে আর স্বর্গের উপাসনা-ঘরে এরা দিনরাত তাঁর সেবা করছে। যিনি সিংহাসনের উপরে বসে আছেন তিনিই এদের উপরে তাঁর তাম্বু খাটাবেন। 7:16 এদের আর খিদে পাবে না, পিপাসাও পাবে না; সূর্যের তেজ এদের গায়ে আর লাগবে না, ভীষণ গরমও লাগবে না, 7:17 কারণ সেই মেষ-শিশু যিনি সিংহাসনের উপরে আছেন তিনিই এদের রাখাল হবেন। জীবন্ত জলের ফোয়ারার কাছে তিনি এদের নিয়ে যাবেন, আর ঈশ্বর এদের চোখের জল মুছে দেবেন।”