Job 10
10:1 “আমার বেঁচে থাকাকেই আমি ঘৃণা করি, তাই আমার দুঃখের কথা আমি খোলাখুলিভাবেই বলব আর আমার প্রাণের তেতো অবস্থা থেকে কথা বলব।
10:2 হে আল্লাহ্, আমাকে দোষী কোরো না, কিন্তু আমার বিরুদ্ধে তোমার যে নালিশ আছে তা আমাকে জানাও।
10:3 আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ? তোমার হাতের কাজ কি তুমি পায়ে ঠেলছ আর দুষ্টদের মতলবে খুশী হচ্ছ?
10:4 তোমার চোখ কি মানুষের চোখের মত? মানুষ যেমন দেখে তুমিও কি তেমনি দেখ?
10:5 মানুষের মতই কি তোমার দিনগুলো কাটে? তাদের মতই কি তোমার বছরগুলো কাটে?
10:6 তুমি কি সেজন্যই আমার দোষ খুঁজে বেড়া"ছ আর আমার গুনাহের তদন্ত করছ?
10:7 তুমি তো জান আমি দোষী নই আর তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।
10:8 “তোমারই হাত আমাকে গড়েছে, তৈরী করেছে; এখন তুমি কি ফিরে আমাকে ধ্বংস করবে?
10:9 মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ; এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?
10:10 দুধের মত করে তুমি আমাকে ঢেলেছ আর ছানার মত করে আমাকে জমাট করেছ।
10:11 আমাকে চামড়া আর গোশ্ত দিয়ে ঢেকেছ, হাড় আর মাংসপেশী একসংগে করে আমাকে গড়েছ।
10:12 তুমি আমাকে জীবন দিয়েছ, অটল মহব্বত দেখিয়েছ; তোমার যতে আমার প্রাণ রক্ষা পেয়েছে।
10:13 কিন্তু এটাই তোমার অন্তরে তুমি লুকিয়ে রেখেছ, আর আমি জানি এটাই তোমার মনে রয়েছে যে,
10:14 যদি আমি গুনাহ্ করি, তুমি তা লক্ষ্য রাখবে আর আমার দোষের শাস্তি না দিয়ে তুমি ছাড়বে না।
10:15 যদি আমি দোষী হই তবে আমার উপর বিপদ আসবে। যদি আমি নির্দোষও হই তবুও আমি মাথা তুলতে পারব না, কারণ আমি লজ্জায় পূর্ণ হয়েছি আর কষ্টের মধ্যে ডুবে গেছি।
10:16 যদি আমি মাথা উঁচু করি তবে তুমি সিংহের মত আমার জন্য ওৎ পেতে থাকবে আর আমাকে আবার তোমার ভয়ংকর শক্তি দেখাবে।
10:17 আমার বিরুদ্ধে তুমি নতুন নতুন সাক্ষী দাঁড় করা"ছ আর আমার প্রতি তোমার বিরক্তি বাড়িয়ে তুলছ; তোমার আক্রমণ একটার পর একটা আমার বিরুদ্ধে আসছে।
10:18 “কেন তুমি মায়ের পেট থেকে আমাকে বের করে এনেছিলে? কোন চোখ আমাকে দেখবার আগে কেন আমি মরলাম না?
10:19 হায়, আমাকে যদি কখনও গড়া না হত, কিংবা পেট থেকে সোজা কবরে নিয়ে যাওয়া হত!
10:20 আমার অল্প দিনের আয়ু প্রায় শেষ; এবার তুমি আমাকে ছেড়ে দাও যাতে আমি একটুক্ষণ আনন্দ করতে পারি।
10:21 আমি শীঘ্রই অন্ধকার ও ঘন ছায়ার দেশে যাব; আমি আর কখনও ফিরে আসব না।
10:22 সেটা ঘোর অন্ধকারের দেশ, ঘন ছায়া ও বিশৃঙ্খলার দেশ; সেখানে আলোও অন্ধকারের মত।”