Library · bn

Job 9

9:1 জবাবে আইয়ুব বললেন, 9:2 “ঠিক কথা, আমি জানি এ সবই সত্যি। কিন্তু আল্লাহ্‌র চোখে কেমন করে মানুষ নির্দোষ হতে পারে? 9:3 কেউ যদি তাঁর সংগে তর্কাতর্কি করতে চায়, তবে তিনি হাজারটা প্রশ্ন করলেও সে একটারও জবাব দিতে পারবে না। 9:4 তাঁর জ্ঞান গভীর, তাঁর শক্তি অসীম; কে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা পেয়েছে? 9:5 তিনি হঠাৎ পাহাড়-পর্বতকে সরিয়ে দেন, রাগে সেগুলোকে ধ্বংস করেন; 9:6 তিনি দুনিয়াকে তার জায়গা থেকে নাড়া দেন, তার থামগুলোকে কাঁপিয়ে তোলেন। 9:7 তিনি নিষেধ করলে সূর্য আলো দেয় না আর তারাগুলো আলো দেওয়া বন্ধ করে। 9:8 তিনিই আসমানকে বিছিয়ে দেন আর সাগরের ঢেউয়ের উপর দিয়ে হাঁটেন। 9:9 তিনি সপ্তর্ষি, কালপুরুষ, কৃত্তিকা আর দক্ষিণ দিকের তারাগুলোর সৃষ্টিকর্তা। 9:10 তিনি এমন সব মহৎ কাজ করেন যা বোঝা যায় না আর এমন কেরামতী দেখান যার সংখ্যা গোণা যায় না। 9:11 “তিনি আমার সামনে দিয়ে যান, আমি তাঁকে দেখতে পাই না; তিনি কাছ দিয়ে যান, আমি তাঁকে চিনতে পারি না। 9:12 যদি তিনি কেড়ে নেন কে তাঁকে বাধা দিতে পারে? কে তাঁকে বলতে পারে, ‘তুমি কি করছ?’ 9:13 আল্লাহ্‌ তাঁর রাগ দমন করেন না; এমন কি, জল-দানব রহবের সাহায্যকারীরাও তাঁর পায়ের কাছে ভয়ে জড়সড় হয়েছিল। 9:14 “তাহলে কেমন করে আমি তাঁর কথার জবাব দেব? তাঁকে বলবার জন্য কোথায় কথা খুঁজে পাব? 9:15 আমি নিজেকে নির্দোষ মনে করলেও তাঁকে জবাব দিতে পারি না; আমার বিচারকের কাছে আমি কেবল দয়াই ভিক্ষা করব। 9:16 আমি ডাকলে যদিও বা তিনি সাড়া দেন তবুও আমি বিশ্বাস করি না যে, তিনি আমার কথা শুনবেন। 9:17 তিনি ঝড় দিয়ে আমাকে গুঁড়িয়ে ফেলেন এবং বিনা কারণেই বারে বারে আমাকে আঘাত করেন। 9:18 তিনি আমাকে নিঃশ্বাস নিতে দেন না বরং তিক্ততা দিয়েই আমার জীবন ভরে দেন। 9:19 এটা যদি শক্তির ব্যাপার হয় তবে তিনি তো শক্তিশালী; যদি বিচারের ব্যাপার হয় তবে কে তাঁর বিরুদ্ধে সমন জারি করবে? 9:20 যদিও আমি নির্দোষ তবুও আমার মুখ আমাকে দোষী করবে; যদিও আমি সৎ তবুও আমার মুখ আমাকে অসৎ বলবে। 9:21 আমি নির্দোষ, কিন্তু তাতে আমার কি আসে যায়? আমার নিজের জীবনকে আমি ঘৃণা করি। 9:22 সবই সমান, সেজন্যই আমি বলছি, ‘নির্দোষ ও দুষ্ট- এই দু’জনকেই তিনি ধ্বংস করেন।’ 9:23 দুর্দশার আঘাতে হঠাৎ নির্দোষীর মৃত্যু হলে তিনি হাসেন। 9:24 দুষ্টদের হাতে দুনিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ্‌ বিচারকদের চোখ বন্ধ করে দিয়েছেন। তিনিই যদি তা না করে থাকেন তবে কে তা করেছে? 9:25 “যে দৌড়ায় তার চেয়েও তাড়াতাড়ি চলে আমার দিনগুলো; তা উড়ে চলে যায়, ভাল দেখতে পায় না। 9:26 হালকা নৌকার মতই তা তাড়াতাড়ি চলে যায়; তা ঈগল পাখীর ছোঁ মারার মত করে চলে যায়। 9:27 যদি বলি, ‘আমার দুঃখ আমি ভুলে যাব, মুখের ভাব বদলে আমি হাসব,’ 9:28 তবুও আমার সব যন্ত্রণাকে আমি ভয় করি, কারণ আমি জানি তুমি আমাকে নির্দোষ বলে ধরবে না। 9:29 আমাকে যখন দোষী বলেই ধরা হবে, তখন কেন আমি মিথ্যাই কষ্ট করব? 9:30 আমি যদি সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলি আর ক্ষার দিয়েও হাত পরিষ্কার করি, 9:31 তবুও তুমি কাদার গর্তে আমাকে ডুবিয়ে দেবে; তাতে আমার কাপড়-চোপড়ও আমাকে ঘৃণা করবে। 9:32 “তিনি তো আমার মত একজন মানুষ নন যে, তাঁর কথার জবাব দেব বা আদালতে তাঁর মুখোমুখি হব। 9:33 আহা, যদি এমন কেউ থাকতেন যিনি আমাদের মধ্যে সালিশ করে দিতে পারেন এবং যাঁর কথা আমরা দু’জনেই মেনে নিতে পারি; 9:34 যদি এমন কেউ থাকতেন যিনি আল্লাহ্‌র শাস্তি আমার উপর থেকে সরিয়ে দিতে পারেন, যাতে তার ভয়ংকরতা আমাকে আর ভয় দেখাতে না পারে। 9:35 যদি তা হত তাহলে আমি আল্লাহ্‌কে ভয় না করে কথা বলতাম, কিন্তু এখন আমার যে অবস্থা হয়েছে তাতে আমি তা পারি না।