Library · bn

Job 15

15:1 তখন তৈমনীয় ইলীফস জবাবে বললেন, 15:2 “কোন জ্ঞানী লোক কি এইভাবে অনর্থক কথা বলবে কিংবা পূর্বের গরম বাতাস দিয়ে পেট ভরাবে? 15:3 সে কি বাজে কথা দিয়ে তর্ক করবে না কি মূল্যহীন কথা বলবে? 15:4 কিন্তু তুমি তো আল্লাহ্‌কে ভয় করা ছেড়ে দিয়েছ আর আল্লাহ্‌র কাছে মুনাজাত করাও কমিয়ে দিয়েছ। 15:5 তোমার গুনাহের জন্যই তুমি এইভাবে কথা বলছ আর কথা বলছ চালাক লোকদের মত। 15:6 আমি নই, কিন্তু তোমার নিজের মুখই তোমাকে দোষী করছে; তুমি তোমার নিজের বিরুদ্ধেই সাক্ষি দিচ্ছ। 15:7 “মানুষের মধ্যে কি তুমিই প্রথমে জন্মেছ? পাহাড়ের জন্মের আগে কি তোমার জন্ম হয়েছিল? 15:8 আল্লাহ্‌র পরিকল্পনার কথা কি তুমি শুনেছ? তুমি কি একাই সমস্ত জ্ঞানের অধিকারী? 15:9 তুমি এমন কি জান যা আমরা জানি না, আর এমন কি বোঝ যা আমরা বুঝি না? 15:10 আমাদের মধ্যে এমন একজন আছেন যাঁর চুল পেকেছে, যিনি বৃদ্ধ; তাঁর বয়স তোমার আব্বার বয়সের চেয়েও বেশী। 15:11 আল্লাহ্‌র দেওয়া সান্ত্বনা কি তোমার পক্ষে যথেষ্ট নয়? সেই কথা তো নরমভাবে তোমাকে বলা হয়েছে। 15:12 তোমার দিল কেন তোমাকে দূরে সরায়? তোমার চোখ কেন রাগে জ্বলে ওঠে? 15:13 এতে তো তুমি আল্লাহ্‌র বিরুদ্ধে রাগ করছ আর ঐ সব কথা তোমার মুখ থেকে বের করছ। 15:14 মানুষ কি যে, সে খাঁটি হতে পারে? স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি যে, নির্দোষ হতে পারে? 15:15 আল্লাহ্‌ যদি তাঁর ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে না পারেন, তাঁর চোখে যদি আসমানও খাঁটি না হয়, 15:16 তাহলে মানুষ, যে জঘন্য ও খারাপ এবং পানির মত খারাপী খায়, সে মোটেই খাঁটি হতে পারে না। 15:17 “আমার কথা শোন, আমি তোমাকে বুঝিয়ে বলি; আমি যা দেখেছি তা আমি তোমাকে বলব। 15:18 জ্ঞানী লোকেরা তা তাঁদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেন আর তা সবই প্রকাশ করেছিলেন। 15:19 কেবল তাঁদের হাতেই দেশটা দেওয়া হয়েছিল, কোন বিদেশী তাঁদের জ্ঞানে ভেজাল দেয় নি। 15:20 দুষ্ট লোক সারা জীবন যন্ত্রণা ভোগ করে; নিষ্ঠুরেরা যতদিন বেঁচে থাকবে ততদিনই যন্ত্রণা ভোগ করবে। 15:21 তার কানে ভয় জাগানো শব্দ ঢুকবে; যখন সব কিছুই ভাল চলছে বলে মনে হবে তখন লুটেরারা তাকে আক্রমণ করবে। 15:22 তার কোন আশা নেই যে, সে অন্ধকার থেকে পালিয়ে আসতে পারবে; তার জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু। 15:23 সে খাবারের খোঁজে ঘুরে বেড়ায় আর জিজ্ঞাসা করে তা কোথায়। সে জানে যে, অন্ধকারের দিনটা কাছে এসে গেছে। 15:24 দুর্দশা ও মনের কষ্ট তাকে ভয় দেখায় আর শক্তিশালী বাদশাহ্‌র মতই তাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হয়, 15:25 কারণ সে আল্লাহ্‌কে ঘুষি দেখায় আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে। 15:26 মোটা ও শক্ত ঢাল নিয়ে ঘাড় শক্ত করে সে আল্লাহ্‌র বিরুদ্ধে এগিয়ে যায়। 15:27 “তার মুখ চর্বিতে মোটা হয়ে গেছে আর কোমর মোটা হয়েছে গোশ্‌তে। 15:28 সে ধ্বংস হয়ে যাওয়া শহরে বাস করে; যে ঘরে কেউ থাকে না, যে ঘর ধ্বংসস্তূপ হবার জন্য তৈরী হয়ে আছে, সেখানে সে বাস করে। 15:29 সে আর ধনী থাকবে না, তার ধন-সম্পত্তি স্থায়ী হবে না, আর তার হাজার হাজার পশুও থাকবে না। 15:30 সে অন্ধকার এড়াতে পারবে না; সে এমন গাছের মত হবে যার ডালপালা আগুনের শিখায় পুড়ে যাবে; আল্লাহ্‌র মুখের শ্বাসে সে উড়ে যাবে। 15:31 বাজে জিনিসের উপর বিশ্বাস করে সে যেন নিজেকে না ঠকায়, কারণ সে তার বদলে কিছুই পাবে না। 15:32 সময়ের আগেই তার পাওনা শাস্তি সে পুরোপুরি পাবে; তার ডালপালা বেড়ে উঠবে না। 15:33 সে এমন আংগুর লতার মত হবে যা থেকে সব কাঁচা আংগুর ঝরে পড়ে গেছে; সে এমন জলপাই গাছের মত হবে যার ফুল ঝরে গেছে। 15:34 আল্লাহ্‌র প্রতি ভয়হীনদের কোন ছেলেমেয়ে থাকবে না; তাদের ঘুষের বাড়ী-ঘর আগুনে গ্রাস করবে। 15:35 তাদের গর্ভে থাকবে দুষ্টতা আর তারা জন্ম দেবে খারাপীকে; তাদের গর্ভে সৃষ্টি হবে ছলনা।”