Job 16
16:1 তখন জবাবে আইয়ুব বললেন,
16:2 “আমি এই রকম কথা অনেক শুনেছি; কি রকম কষ্ট-দেওয়া সান্ত্বনাকারী তোমরা সবাই!
16:3 তোমাদের এই একটানা বাতাসের মত কথাবার্তা কখনও কি শেষ হবে না? তোমাদের কিসে পেয়েছে যে, তোমরা তর্ক করেই চলেছ?
16:4 তোমাদের অবস্থা যদি আমার মত হত তবে আমিও তোমাদের মত কথা বলতে পারতাম, তোমাদের বিরুদ্ধে অনেক কথা বলতে পারতাম আর তোমাদের দেখে মাথাও নাড়াতে পারতাম।
16:5 কিন্তু আমি তা করতাম না, বরং আমার মুখ তোমাদের উৎসাহ দিত; আমার মুখের সান্ত্বনার কথা তোমাদের আরাম দিত।
16:6 “কথা বললেও আমার যন্ত্রণা কমে না; চুপ করে থাকলেও তা দূর হয় না।
16:7 হে আল্লাহ্, তুমি তো আমাকে ক্ষয় হতে দিয়েছ; আমার গোটা সংসারটাকে তুমি ধ্বংস করে ফেলেছ।
16:8 তুমি আমার শরীর শুকিয়ে ফেলেছ, আর সেটাই আমার বিরুদ্ধে সাক্ষী হয়েছে; আমার শুকনা চেহারাই আমার বিরুদ্ধে সাক্ষি দিচ্ছে।
16:9 আল্লাহ্ আমাকে ভীষণভাবে আক্রমণ করেছেন এবং রাগে আমাকে ছিঁড়ে ফেলেছেন; তিনি আমাকে দেখে দাঁতে দাঁত ঘষেছেন; আমার বিপক্ষ আমার বিরুদ্ধে চোখ রাংগিয়েছেন।
16:10 আমাকে ঠাট্টা করবার জন্যই লোকে মুখ খোলে; ধিক্কার দিয়ে তারা আমার গালে চড় মারে আর আমার বিরুদ্ধে একসংগে জমায়েত হয়।
16:11 খারাপ লোকদের কাছে আল্লাহ্ আমাকে তুলে দিয়েছেন; দুষ্ট লোকদের হাতে তিনি আমাকে ছুঁড়ে ফেলেছেন।
16:12 আমি শান্তিতে ছিলাম কিন্তু তিনি আমাকে চুরমার করেছেন; আমার ঘাড় ধরে তিনি আমাকে আছাড় মেরেছেন। তিনি আমাকে করেছেন তাঁর তীরের লক্ষ্যস্থান।
16:13 তাঁর ধনুকধারীরা আমাকে ঘিরে ফেলেছে; নিষ্ঠুরের মত তিনি আমার কিড্নি চিরে দিয়েছেন আর আমার পিত্ত মাটিতে ঢেলে ফেলেছেন।
16:14 বারে বারে তিনি আমার রক্ষা-দেয়াল ভেংগে ফেলেছেন, যোদ্ধার মত করে তিনি আমার দিকে দৌড়ে এসেছেন।
16:15 আমার চামড়ার উপরে আমি চট পরেছি; আমার অহংকার আমি ধুলায় লুটিয়েছি।
16:16 কাঁদতে কাঁদতে আমার মুখ লাল হয়েছে, আমার চোখের নীচে কালি পড়েছে;
16:17 তবুও আমি কাউকে জুলুম করি নি এবং আমার মুনাজাত খাঁটি রয়েছে।
16:18 “হে দুনিয়া, আমার রক্ত ঢেকে দিয়ো না; আমার কান্না যেন সব সময় শোনা যায়।
16:19 এখনও আমার সাক্ষী বেহেশতে রয়েছেন; আমার পক্ষে যিনি কথা বলবেন তিনি উপরে রয়েছেন।
16:20 যিনি আমার পক্ষে আছেন তিনি আমার বন্ধু, আর আমি আল্লাহ্র কাছে চোখের পানি ফেলি।
16:21 মানুষ যেমন বন্ধুর পক্ষ হয়ে কথা বলে তেমনি যদি কেবল একজন আমার পক্ষ হয়ে আল্লাহ্র কাছে কথা বলতে পারত!
16:22 আমাকে তো আর কয়েকটা বছর পরে সেই পথে চলে যেতে হবে যে পথে গেলে আর আমি ফিরব না।