Library · bn

Job 28

28:1 “রূপার খনি আছে আর সোনা পরিষ্কার করবার জায়গাও আছে। 28:2 মাটি থেকে লোহা তোলা হয়, আর ধাতু-পাথর গলিয়ে বের করা হয় তামা। 28:3 দুনিয়ার গভীরে ঘন কালো অন্ধকারে যা রয়েছে মানুষ অন্ধকার দূর করে সেই দামী পাথরের খোঁজ করে। 28:4 মানুষের বাসস্থান থেকে দূরে যেখানে মানুষ যায় না সেখানে সে গর্ত খোঁড়ে, আর সেই গর্তের মধ্যে সে ঝুলতে ও দুলতে থাকে। 28:5 যে দুনিয়ার উপরে ফসল জন্মে, মানুষ সেই দুনিয়ার গভীরে আগুন দিয়ে ভেংগে চুরমার করে। 28:6 দুনিয়ার পাথরের মধ্যে নীলকান্তমণি থাকে, আর মাটির মধ্যে থাকে সোনা। 28:7 খনির গোপন পথ শকুন জানে না, কোন বাজপাখীর চোখ তা দেখে নি; 28:8 কোন হিংস্র পশু সেখানে পা রাখে নি, কোন সিংহও সেখানে যায় নি। 28:9 সেই কঠিন পাথরে মানুষই হাত দেয় আর পাহাড়ের গোড়ায় গভীরভাবে খোঁড়ে। 28:10 সে পাহাড়ের মধ্য দিয়ে সুড়ংগ কাটে; সেখানকার সব মূল্যবান জিনিস তার চোখে পড়ে। 28:11 সে ঝর্ণার পানি পড়া বন্ধ করে আর লুকানো জিনিসগুলো আলোতে আনে। 28:12 “কিন্তু জ্ঞান কোথায় পাওয়া যায়? আর বুদ্ধিই বা কোথায় থাকে? 28:13 লোকে তার মূল্য জানে না; জীবিতদের দেশে তা পাওয়া যায় না। 28:14 গভীর পানি বলে, ‘তা আমার মধ্যে নেই,’ সাগর বলে, ‘তা আমার কাছে নেই।’ 28:15 খাঁটি সোনা দিয়েও তা কেনা যায় না, অনেক রূপা দিয়েও তার দাম দেওয়া যায় না। 28:16 ওফীরের সোনা দিয়ে তা কেনা যায় না, বৈদুর্যমণি বা নীলকান্তমণি দিয়েও তা কেনা যায় না। 28:17 সোনা কিংবা দামী কাঁচের সংগেও তার তুলনা হয় না, সোনার পাত্রের বদলেও তা পাওয়া যায় না। 28:18 তার কাছে প্রবাল ও স্ফটিকেরও দাম নেই; পদ্মরাগমণির চেয়েও জ্ঞানের মূল্য বেশী। 28:19 তার সংগে ইথিওপিয়া দেশের পোখরাজমণিরও তুলনা হয় না; খাঁটি সোনা দিয়ে তা কেনা যায় না। 28:20 “তাহলে জ্ঞান কোথা থেকে আসে? আর বুদ্ধিই বা কোথায় থাকে? 28:21 সমস্ত প্রাণীর চোখের কাছ থেকে তা লুকানো আছে, এমন কি, আকাশের পাখীদের কাছ থেকেও তা গোপন আছে। 28:22 দোজখ ও মৃত্যু বলে, ‘তার একটুখানি উড়ো খবর আমাদের কানে এসে পৌঁছেছে।’ 28:23 “আল্লাহ্‌ তার পথ বুঝতে পারেন; তিনিই কেবল জানেন তা কোথায় থাকে, 28:24 কারণ তিনি দুনিয়ার শেষ সীমাও দেখেন; আসমানের নীচের সব কিছুই তাঁর চোখে পড়ে। 28:25 তিনি যখন বাতাসে শক্তি যোগালেন আর পানির পরিমাণ ঠিক করলেন, 28:26 যখন তিনি বৃষ্টির জন্য নিয়মের ব্যবস্থা করলেন আর বাজ পড়া ও বিদ্যুৎ চম্‌কাবার পথ ঠিক করলেন, 28:27 তখন তিনি জ্ঞানকে দেখলেন এবং তা মাপলেন; তিনি তা ভাল করে দেখলেন এবং তাঁর খোঁজ-খবর নিলেন। 28:28 তারপর তিনি মানুষকে বললেন, ‘দীন-দুনিয়ার মালিকের প্রতি ভয়ই হল জ্ঞান, আর খারাপ থেকে সরে যাওয়াই হল বুদ্ধি।’॥ঃযং ”