Library · bn

Job 27

27:1 আইয়ুব তাঁর কথা বলতেই থাকলেন। তিনি বললেন, 27:2 “যিনি আমার বিচার করতে অস্বীকার করছেন সেই আল্লাহ্‌র কসম, যিনি আমার প্রাণকে তেতো করে তুলেছেন সেই সর্বশক্তিমানের কসম যে, 27:3 যতদিন আমার মধ্যে জীবন আছে, যতদিন আল্লাহ্‌র নিঃশ্বাস আমার নাকের মধ্যে আছে, 27:4 ততদিন আমার মুখ অন্যায় কথা বলবে না, আমার জিভ্‌ ছলনার কথা বলবে না। 27:5 তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না; আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি। 27:6 আমি যে নির্দোষ সেই দাবি আমি ছাড়ব না, বলতেই থাকব। আমি যতদিন বাঁচব ততদিন আমার বিবেক আমাকে দোষী করবে না। 27:7 “আমার শত্রুরা দুষ্টদের মত হোক; আমার বিপক্ষেরা অন্যায়কারীর মত হোক। 27:8 আল্লাহ্‌ যখন তাঁর প্রতি ভয়হীনদের শেষ করে দেন, তখন তাদের আর কোন আশাই থাকে না। 27:9 তাদের উপর কষ্ট আসলে কি আল্লাহ্‌ তাদের কান্না শোনেন? 27:10 তারা কি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ পায়? তারা কি সব সময় আল্লাহ্‌কে ডাকে? 27:11 আল্লাহ্‌র ক্ষমতার বিষয় আমি তোমাদের শিক্ষা দেব; সর্বশক্তিমানের বিষয় আমি গোপন করে রাখব না। 27:12 তোমরা তো সবাই এই সব দেখেছ, তাহলে এই অসার কথাবার্তা বলছ কেন? 27:13 “আল্লাহ্‌ দুষ্টদের ভাগ্যে যা রেখেছেন, সর্বশক্তিমানের কাছ থেকে নিষ্ঠুর লোকেরা যে অধিকার পায় তা এই: 27:14 তাদের ছেলেমেয়ে অনেক হলেও তাদের জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু; তাদের সন্তানেরা কখনও যথেষ্ট খাবার পাবে না। 27:15 তাদের পরে যারা বেঁচে থাকবে তাদের মৃত্যু হবে মহামারীতে; তাদের বিধবারা তাদের জন্য কাঁদবে না। 27:16 ধুলার মত তারা রূপা জমা করলেও আর কাদার ঢিবির মত কাপড়-চোপড় জমা করলেও 27:17 তাদের সেই কাপড়-চোপড় সৎ লোকেরা পরবে, আর নির্দোষ লোকেরা সেই রূপা ভাগ করে নেবে। 27:18 তাদের তৈরী ঘর যেন পোকার বাসা, তা যেন পাহারাদারদের মাচা-ঘর। 27:19 তারা শেষ বারের মতই ধনী অবস্থায় ঘুমাতে যায়, কিন্তু চোখ খুললে পর তারা দেখে সবই শেষ হয়ে গেছে। 27:20 বন্যার মতই ভয় তাদের ধরে ফেলবে, রাতে ঝড় তাদের উড়িয়ে নিয়ে যাবে। 27:21 পূবের বাতাস তাদের তুলে নিয়ে যাবে, তারা চলে যাবে; তাদের জায়গা থেকে সেই বাতাস তাদের উড়িয়ে নিয়ে যাবে। 27:22 সেই জোর বাতাস থেকে যখন তারা তাড়াতাড়ি পালাতে চাইবে তখন নিষ্ঠুরভাবে তা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। 27:23 সেই বাতাস যেন বিদ্রূপে হাততালি দেয় আর তাদের জায়গা থেকে হিস্‌হিস্‌ শব্দ করে তাদের বের করে দেয়।