Library · bn

Job 3

3:1 তারপর আইয়ুব কথা বলতে শুরু করে তাঁর জন্মের দিনটাকে বদদোয়া দিয়ে বললেন, 3:3 “আমার জন্মের দিনটা ধ্বংস হয়ে যাক, সেই রাতটা ধ্বংস হয়ে যাক যখন বলা হয়েছিল, ‘ছেলে হয়েছে।’ 3:4 সেই দিনটা অন্ধকার হয়ে যাক; উপর থেকে আল্লাহ্‌ যেন সেই দিনটার খবর না নেন; তার উপর কোন আলো না পড়ুক। 3:5 অন্ধকার আর ঘন ছায়া সেই দিনটাকে অধিকার করে নিক; মেঘ তাকে ঢেকে ফেলুক, আর গাঢ় অন্ধকার তাকে ভীষণ ভয় দেখাক। 3:6 ঘন অন্ধকার সেই রাতটাকে ধরে ফেলুক; বছরের দিনগুলোর মধ্যে ওটাকে গোণা না হোক, কিংবা কোন মাসের মধ্যেও ওটা না থাকুক। 3:7 সেই রাতটা বন্ধ্যা হোক, কোন আনন্দের গান তার মধ্যে শোনা না যাক। 3:8 যারা দিনগুলো খারাপ হওয়ার জন্য মন্ত্র পড়ে আর লিবিয়াথনকে জাগাতে পারে তারা ঐ দিনটাকে বদদোয়া দিক। 3:9 তার ভোর রাতের সব তারা অন্ধকার হয়ে যাক; সে আলোর জন্য মিথ্যাই বসে থাকুক; সে যেন ভোরের প্রথম আলো দেখতে না পায়, 3:10 কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি, আমাকে কষ্ট থেকে দূরে রাখে নি। 3:11 “আমি কেন গর্ভে থাকতে মরি নি? কেনই বা পেট থেকে পড়েই মরলাম না? 3:12 মায়ের কোল কেন আমাকে গ্রহণ করেছিল? কেনই বা তাঁর বুকের দুধ তিনি আমাকে দিয়েছিলেন? 3:13 তা না হলে তো আমি এখন শান্তিতে শুয়ে থাকতে পারতাম, আমি ঘুমাতাম আর বিশ্রাম পেতাম। 3:14 আমি সেই বাদশাহ্‌দের আর সেই মন্ত্রীদের সংগে থাকতাম যাঁরা একদিন নিজেদের জন্য দালান গড়েছিলেন যেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে। 3:15 আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতাম যাঁদের প্রচুর সোনা ছিল, যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন। 3:16 যে শিশু দিনের আলো দেখতে পায় নি, কেন পেটে মরে-যাওয়া সেই শিশুর মত আমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না? 3:17 সেখানে তো দুষ্ট লোকেরা হাংগামা করে না, আর ক্লান্ত লোকেরা বিশ্রাম পায়। 3:18 বন্দীরা সবাই সেখানে আরাম ভোগ করে; জুলুমবাজদের চিৎকার আর সেখানে শোনা যায় না। 3:19 ছোট ও বড় সবাই সেখানে আছে, আর গোলামেরা সেখানে মালিকের হাত থেকে মুক্ত। 3:20 “যারা দুঃখে আছে, কেন তাদের আলো দেখতে দেওয়া হয় আর তেতো প্রাণকে দেওয়া হয় জীবন? 3:21 তারা মৃত্যু চায় কিন্তু তা পায় না, যদিও তারা গুপ্তধনের চেয়েও বেশী করে তার খোঁজ করে। 3:22 তারা কবরে পৌঁছাতে পারলে আনন্দিত হয়, আর তার জন্য তারা খুব আনন্দ করে। 3:23 যে মানুষের পথ তার কাছে লুকানো, যাকে আল্লাহ্‌ আট্‌কে রেখেছেন, কেন সেই মানুষকে জীবন দেওয়া হয়? 3:24 আমার দীর্ঘনিঃশ্বাসই আমার খাবার হয়েছে, আর আমার কাত্‌রানি পানির মত ঢেলে পড়ছে। 3:25 আমি যা ভয় করেছিলাম তা-ই আমার উপর এসে পড়েছে; যা হবে বলে আমার ভীষণ ভয় হয়েছিল তা-ই আমার উপর ঘটেছে। 3:26 আমার শান্তি নেই, স্থিরতা নেই, কোন বিশ্রাম নেই, আছে কেবল কষ্ট।”