Job 4
4:1 এই কথা শুনে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,
4:2 “কেউ যদি তোমার সংগে কথা বলে তবে কি তুমি বিরক্ত হবে? কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে?
4:3 ভেবে দেখ, কত জনকে তুমি কত উপদেশ দিয়েছ এবং দুর্বল হাতকে সবল করেছ।
4:4 যারা জীবন্তপথে উচোট খেয়েছে তোমার কথা তাদের সাহায্য করেছে; তাদের দুর্বল হাঁটু তুমি সবল করেছ।
4:5 কিন্তু এখন তোমার নিজের উপর কষ্ট এসেছে আর তুমি হতাশ হয়েছ; কষ্ট তোমাকে আঘাত করেছে আর তুমি নিরাশ হয়েছ।
4:6 তুমি যে আল্লাহ্কে ভয় কর তাতে কি তুমি আশ্বাস পাও না? তুমি যে নির্দোষ সেটা কি তোমার আশা নয়?
4:7 “এখন ভেবে দেখ, নির্দোষ হয়ে কে কবে ধ্বংস হয়েছে? সৎ লোকেরা কে কোথায় শেষ হয়েছে?
4:8 আমি দেখেছি যারা খারাপীর চাষ করে আর অশান্তির বীজ বোনে তারা তা-ই কাটে।
4:9 আল্লাহ্র নিঃশ্বাসে তারা ধ্বংস হয়ে যায় আর শেষ হয়ে যায় তাঁর রাগের ঝাপ্টায়।
4:10 সিংহেরা গর্জন ও গোঁ গোঁ শব্দ করে, তবুও সেই ভয়ংকর সিংহদের দাঁত ভেংগে যায়।
4:11 শিকার না পেলে সিংহ মরে যায়, আর সিংহীর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে।
4:12 “একটা কালাম আমার কাছে চুপি চুপি আসল, তার ফিস্ ফিস্ শব্দ আমার কানে গেল।
4:13 রাতে মানুষ যখন অঘোরে ঘুমায় তখন স্বপ্ন দেখে আমি অস্থির হলাম;
4:14 ভয় আর কাঁপুনি আমাকে ধরল, আমার সব হাড়গুলো কেঁপে উঠল।
4:15 একটা রূহ্ আমার সামনে দিয়ে চলে গেল, আর আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল।
4:16 সেই রূহ্ থামল, কিন্তু সেটা যে কেমন তা আমি বুঝতে পারলাম না। আমার চোখের সামনে একটা কিছু দাঁড়াল, খুব আস্তে আমি এই স্বর শুনলাম,
4:17 ‘কোন মানুষ কি আল্লাহ্র চোখে নির্দোষ হতে পারে? তার সৃষ্টিকর্তার চোখে কি সে খাঁটি হতে পারে?
4:18 আল্লাহ্ যদি তাঁর গোলামদেরও বিশ্বাস না করেন আর ভুলের জন্য তাঁর ফেরেশতাদের দোষী করেন,
4:19 তবে যারা মাটির ঘরে বাস করে, যাদের ভিত্তি হল ধুলা, যাদের পোকার মত সহজে পিষে ফেলা যায়, তারা আল্লাহ্র চোখে আরও কত না বেশী দোষী হবে!
4:20 সকাল থেকে সন্ধ্যার মধ্যেই তারা চুরমার হয়, চোখের আড়ালেই তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়।
4:21 তাদের সব কিছু তাম্বুর মত তুলে ফেলা হয়, আর তারা জ্ঞানহীন অবস্থায় মারা যায়।’