Job 30
30:1 “কিন্তু এখন যারা আমার চেয়ে বয়সে ছোট তারা আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে; তাদের পিতাদের আমি আমার ভেড়ার পাল রক্ষাকারী কুকুরদের সংগে রাখতেও ঘৃণা বোধ করতাম।
30:2 তাদের শক্তি আমার কি কাজে লাগত? তাদের কোন শক্তিই ছিল না।
30:3 অভাব ও খিদের দরুন তাদের চেহারা শুকনা ছিল; তারা রাতের বেলায় নির্জন পোড়ো জায়গায় যা পেত তা-ই চিবাত।
30:4 তারা ঝোপের মধ্য থেকে স্বাদহীন শাক তুলত; রেতম গাছের শিকড় তাদের খাবার ছিল।
30:5 লোকসমাজ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল; তারা যেন চোর সেইভাবে লোকেরা তাদের পিছনে চিৎকার করত।
30:6 শুকনা নদীর বুকে তাদের বাস করতে হত; তারা মাটির গর্তে ও পাহাড়ের ফাটলে থাকত।
30:7 ঝোপের মধ্য থেকে তারা গাধার মত ডাকত, আগাছার মধ্যে ঠাসাঠাসি করে বাস করত।
30:8 তারা ছিল অপদার্থ ও দুর্নামের পাত্র; দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল।
30:9 “আর এখন তাদের ছেলেরা গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা-বিদ্রূপ করে; তাদের কাছে আমি হয়েছি একটা টিট্কারির পাত্র।
30:10 তারা আমাকে ঘৃণা করে আমার কাছ থেকে দূরে থাকে; আমার মুখে থুথু ফেলতেও তারা ভয় পায় না।
30:11 আল্লাহ্ আমাকে শক্তিহীন করেছেন আর আমাকে কষ্টে ফেলেছেন; কাজেই তারা কোন বাধা না মেনেই আমার বিরুদ্ধে উঠেছে।
30:12 উগ্র যুবকেরা যেন ডান দিক থেকে আমাকে আক্রমণ করে আর আমাকে পালিয়ে যেতে বাধ্য করে; আমাকে আক্রমণ করতে তারা দেয়াল পার হবার জন্য ঢিবি তৈরী করে।
30:13 তারা আমার পথ আট্কায়; কারও সাহায্য ছাড়াই তারা আমার সর্বনাশ করে।
30:14 তারা যেন দেয়ালের বড় ফাঁকের মধ্য দিয়ে এগিয়ে আসে; ধ্বংসস্তূপের মধ্য দিয়েও তারা তাড়াতাড়ি এসে পড়ে।
30:15 নানারকম ভয় আমাকে ঢেকে ফেলে; সেই ভয় আমার সম্মানকে বাতাসের মত উড়িয়ে দেয়; আমার সফলতা মেঘের মত মিলিয়ে যায়।
30:16 “এখন আমার জীবনে ভাটা পড়েছে; কষ্টের দিনগুলো আমাকে আক্রমণ করেছে।
30:17 রাতে আমার হাড়ের মধ্যে ভীষণ ব্যথা করে; সেই চিবানো ব্যথা কখনও থামে না।
30:18 আল্লাহ্ কুস্তিগীরের মত তাঁর মহাশক্তিতে আমার কাপড় ধরেন, আমার কোর্তার গলার মত করে তিনি আমাকে জাপ্টে ধরেন;
30:19 তারপর তিনি আমাকে কাদায় ছুঁড়ে ফেলে দেন। আমি তো ধুলা আর ছাইয়ের মত হয়ে গেছি।
30:20 “হে আল্লাহ্, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, কিন্তু তুমি জবাব দাও না; আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু তুমি কেবল আমার দিকে চেয়ে দেখ।
30:21 তুমি আমার প্রতি নিষ্ঠুর ব্যবহার করছ; তোমার কুদরতীর হাতে তুমি আমাকে আক্রমণ করেছ।
30:22 তুমি আমাকে তুলে নিয়ে বাতাসে ছেড়ে দিয়েছ; ঝড়ের মধ্যে ফেলে তুমি আমাকে নাচা"ছ।
30:23 আমি জানি তুমি আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ, সমস্ত জীবিত লোকদের জন্য ঠিক করা জায়গায় নিয়ে যাচ্ছ।
30:24 “যে পড়ে গেছে আর কষ্টের মধ্যে সাহায্যের জন্য কান্নাকাটি করছে তাকে কি কেউ আঘাত করে?
30:25 যারা কষ্টে পড়েছে তাদের জন্য কি আমি কাঁদি নি? গরীবদের জন্য কি আমি প্রাণে ব্যথা পাই নি?
30:26 কিন্তু যখন আমি উপকারের আশা করলাম তখন অপকার ঘটল; যখন আলোর অপেক্ষা করলাম তখন অন্ধকার হল।
30:27 আমার ভিতরটা তোলপাড় করছে, থামছে না; যন্ত্রণার দিন আমার সামনে উপস্থিত হয়েছে।
30:28 আমি রোদহীন দিনের মত কালো মুখে ঘুরে বেড়াচ্ছি; আমি সভার মধ্যে উঠে দাঁড়িয়ে সাহায্য চাই।
30:29 আমি শিয়ালের ভাই ও উটপাখীর বন্ধু হয়েছি।
30:30 আমার চামড়া কালো হয়ে উঠে যাচ্ছে; জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছে।
30:31 আমার বীণা থেকে এখন দুঃখের সুর বের হয়, আর বাঁশী থেকে বের হয় বিলাপের সুর।