Library · bn

Job 31

31:1 “কামনা নিয়ে কোন যুবতী মেয়ের দিকে তাকাব না বলে আমার চোখের সংগে আমি একটা চুক্তি করেছি। 31:2 বেহেশতবাসী আল্লাহ্‌র কাছ থেকে মানুষ কি পায়? বেহেশতের সর্বশক্তিমানের কাছে তার পাওনাই বা কি? 31:3 তা কি দুষ্টদের জন্য ধ্বংস নয়? যারা খারাপ কাজ করে তাদের জন্য বিপদ নয়? 31:4 তিনি কি আমার চলাফেরা দেখেন না? আমার প্রতিটি ধাপ কি তিনি গোণেন না? 31:5 “আমি সত্যিই বলছি যে, আমি মিথ্যার মধ্যে চলাফেরা করি নি, আমার পা ছলনার পিছনে দৌড়ায় নি। 31:6 সঠিক দাঁড়িপাল্লায় আল্লাহ্‌ যেন আমাকে ওজন করেন, তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ। 31:7 যদি আমি বিপথে পা দিয়ে থাকি, আমার চোখ যদি আমার দিলকে গুনাহ্‌ করিয়ে থাকে, কিংবা আমার হাতে যদি কোন গুনাহের দাগ লেগে থাকে, 31:8 তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়, আমার শস্য যেন উপ্‌ড়ে ফেলা হয়। 31:9 “আমার দিল যদি কোন স্ত্রীলোকের দিকে গিয়ে থাকে, কিংবা যদি প্রতিবেশীর দরজার কাছে আমি ওৎ পেতে থাকি, 31:10 তবে আমার স্ত্রী যেন অন্য লোকের জাঁতা ঘুরায়, আর অন্য লোক যেন তার সংগে শোয়। 31:11 আমার পক্ষে তা হবে একটা জঘন্য কাজ, বিচারকদের দ্বারা শাস্তি পাওয়ার মত গুনাহ্‌। 31:12 সেই গুনাহ্‌ এমন আগুনের মত যা কবর পর্যন্ত জ্বলছে, তা আমার সব কিছু পুড়িয়ে ফেলতে পারে। 31:13 “আমার গোলাম ও বান্দীরা আমার বিরুদ্ধে কোন নালিশ জানালে যদি আমি তার বিচার করতে রাজী না হয়ে থাকি, 31:14 তবে আল্লাহ্‌ যখন আমার মুখোমুখি হবেন তখন আমি কি করব? আমি তাঁকে কি কৈফিয়ৎ দেব? 31:15 যিনি আমাকে গর্ভের মধ্যে তৈরী করেছেন, তিনি কি তাদেরও তৈরী করেন নি? একই জন কি মায়ের গর্ভে আমাদের গড়েন নি? 31:16 “আমি যদি গরীবদের অভাব না মিটিয়ে থাকি, কিংবা বিধবাদের নিরাশ করে থাকি, 31:17 যদি আমার খাবার আমি এতিমদের না দিয়ে একা খেয়ে থাকি- 31:18 অবশ্য আমার অল্প বয়স থেকেই তাদের আমি আব্বার মত পালন করেছি আর আমার জন্মের পর থেকেই বিধবাদের দেখাশোনা করেছি- 31:19 যদি আমি কাউকে কাপড়-চোপড়ের অভাবে মরতে দেখে থাকি কিংবা অভাবী লোককে উলংগ দেখে থাকি, 31:20 ভেড়ার লোমের কাপড় দিয়ে তাকে গরমে রেখেছি বলে যদি তার দিল আমার প্রশংসা না করে থাকে, 31:21 বিচার-সভায় আমার ক্ষমতা আছে বলে আমি যদি এতিমদের গায়ে হাত তুলে থাকি, 31:22 তাহলে কাঁধ থেকে আমার হাত যেন খসে পড়ে, হাড়ের জোড়া থেকে যেন তা ভেংগে পড়ে, 31:23 কারণ আমি আল্লাহ্‌র দেওয়া শাস্তির ভয় করি; তাঁর মহিমা এত বেশী যে, তাঁর ভয়ে আমি ঐ সব করতে পারি না। 31:24 “সোনার উপর যদি আমি ভরসা করে থাকি, কিংবা খাঁটি সোনাকে বলে থাকি, ‘তোমার উপরেই আমার নির্ভরতা,’ 31:25 আমার নিজ হাত দিয়ে যে সম্পদ আমি লাভ করেছি সেই মহাধন নিয়ে যদি আমি আনন্দ করে থাকি, 31:26 যদি উজ্জ্বল সূর্যের এবং জ্যোৎস্না-ভরা চাঁদের দিকে তাকিয়ে থাকি, 31:27 আর তাতে যদি আমার দিল গোপনে তাদের দিকে গিয়ে থাকে, তাদের চুম্বন করবার উদ্দেশ্যে যদি আমার হাতে চুম্বন করে থাকি, 31:28 তাহলে এগুলোও হল শাস্তি পাবার মত গুনাহ্‌, কারণ তাতে আমি বেহেশতের আল্লাহ্‌কে অস্বীকার করেছি। 31:29 “আমার শত্রুর দুর্ভাগ্যে আমি আনন্দ করি নি কিংবা তার কষ্টের সময়ে খুশী হই নি। 31:30 তার প্রাণের বিরুদ্ধে বদদোয়ার কথা বলে আমার মুখকে আমি গুনাহ্‌ করতে দিই নি। 31:31 আমার ঘরের লোকেরা তো এই কথাই বলত, ‘হুজুরের দেওয়া গোশ্‌তে কে না পেট ভরেছে?’ 31:32 কোন বিদেশীকে রাস্তায় রাত কাটাতে হয় নি, কারণ যাত্রীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকত। 31:33 অন্যান্য মানুষের মত আমি গুনাহ্‌ গোপন করে রাখি নি আর আমার দিলে দোষ লুকিয়ে রাখি নি; 31:34 কাজেই আমি লোকদের ভয় করতাম না, আর আমার বংশের লোকদের ঘৃণার ভয়ে আমি ঘরে চুপ করে বসে থাকতাম না। 31:35 “হায়, আমার কথা যদি কেউ শুনত! আমি সই দিয়ে সাক্ষি দিচ্ছি যে, আমার কথা সত্যি; সর্বশক্তিমান যেন আমাকে জবাব দেন, আমার বিবাদী যেন আমার দোষ লিখে দেখান। 31:36 আমি নিশ্চয়ই তা আমার কাঁধে লাগিয়ে রাখব আর তাজের মত করে মাথায় পরব। 31:37 আমার প্রতিটি ধাপের হিসাব আমি তাঁকে দেব; রাজপুত্রের মত আমি তাঁর কাছে এগিয়ে যাব। 31:38 “আমার জমি যদি আমার বিরুদ্ধে চিৎকার করে ওঠে আর চাষ করা জমি চোখের পানিতে ভিজে ওঠে, 31:39 যদি আমি দাম না দিয়ে তার ফসল খেয়ে থাকি কিংবা সেখানকার মালিকদের নিষ্ঠুরভাবে যন্ত্রণা দিয়ে থাকি, 31:40 তবে যেন সেখানে গমের বদলে কাঁটাগাছ গজায় আর যবের বদলে জন্মায় আগাছা।” এখানে আইয়ুবের কথা শেষ হয়েছে।