Library · bn

Job 37

37:1 “এতে আমি ভয়ে কাঁপছি আর আমার দিল ধুক্‌ ধুক্‌ করছে। 37:2 শুনুন, শুনুন তাঁর গর্জনের শব্দ; তাঁর মুখ থেকে যে আওয়াজ বের হচ্ছে তা শুনুন। 37:3 গোটা আকাশের নীচে আর দুনিয়ার শেষ সীমানায় তাঁর বিদ্যুৎকে তিনি পাঠিয়ে দেন। 37:4 তারপর তাঁর গর্জনের শব্দ আসে; তাঁর মহান স্বরে তিনি গর্জন করেন। যখন তাঁর গলার আওয়াজ শোনা যায় তখন বিদ্যুৎকে তিনি থামিয়ে রাখেন না। 37:5 আল্লাহ্‌ আশ্চর্যভাবে গর্জন করেন; তিনি এমন মহৎ মহৎ কাজ করেন যা আমরা বুঝতে পারি না। 37:6 তিনি তুষারকে বলেন, ‘দুনিয়াতে পড়,’ আর বৃষ্টিকে বলেন, ‘মুষলধারে পড়।’ 37:7 প্রত্যেক মানুষকে তাঁর কাজ থেকে তিনি থামিয়ে দেন, যেন সব মানুষ তাঁর কাজের বিষয় জানতে পারে। 37:8 তখন পশুরা আশ্রয় নেয়; তারা তাদের গর্তে ঢোকে। 37:9 ঝড় তার ঘর থেকে বের হয়ে আসে, বাতাস ঠাণ্ডা বয়ে আনে। 37:10 আল্লাহ্‌র নিঃশ্বাস থেকে বরফ জন্মায় আর পানি জমে যায়। 37:11 তিনি ঘন মেঘে পানি ভরেন; তাঁর বিদ্যুৎকে তিনি মেঘের মধ্য দিয়ে ছড়িয়ে দেন। 37:12 তাঁর নির্দেশে মেঘগুলো ঘুরে বেড়ায়, তাঁর হুকুম পালনের জন্য তারা গোটা দুনিয়ায় ঘুরে বেড়ায়। 37:13 মানুষকে শাস্তি দেবার জন্য, কিংবা তাঁর দুনিয়াকে পানি দেবার জন্য, কিংবা তাঁর মহব্বত দেখাবার জন্য তিনি বৃষ্টি আনেন। 37:14 “আইয়ুব, আপনি এই কথা শুনুন; স্থির হয়ে আল্লাহ্‌র কেরামতীর কথা ভাবুন। 37:15 আপনি কি জানেন কেমন করে আল্লাহ্‌ মেঘকে দমনে রাখেন আর তাঁর বিদ্যুৎকে চম্‌কাতে দেন? 37:16 আপনি কি জানেন কেমন করে মেঘ ঝুলে থাকে? যিনি জ্ঞানে পরিপূর্ণ তাঁর কেরামতী কি আপনি জানেন? 37:17 দখিনা বাতাসে যখন দেশ নীরব হয়ে যায় তখন আপনি তো আপনার কাপড়-চোপড়ে গরম বোধ করেন। 37:18 ছাঁচে ঢালা আয়নার মত শক্ত যে আকাশ তা কি আপনি আল্লাহ্‌র সংগে বিছিয়েছেন? 37:19 “তাঁকে কি বলা উচিত তা আপনি আমাদের বলুন; আমরা জ্ঞানহীন বলে তাঁকে আমাদের কথা জানাতে পারি না। 37:20 তাঁকে কি বলতে হবে যে, আমি কথা বলতে চাই? কোন মানুষ কি চাইবে যে, তাকে গিলে ফেলা হোক? 37:21 বাতাসে আকাশ পরিষ্কার হয়ে যখন সূর্য উজ্জ্বল হয় তখন তার দিকে কেউ তাকাতে পারে না। 37:22 উত্তর দিক থেকে সোনালী উজ্জ্বলতা আসে; তাঁর চারদিকে ভয় জাগানো মহিমা দেখা যায়। 37:23 সর্বশক্তিমান আমাদের নাগালের বাইরে এবং কুদরতে অনেক মহান; তাঁর ন্যায়বিচার ও সততার দরুন তিনি জুলুম করেন না। 37:24 এইজন্যই মানুষ তাঁকে ভয় করে; যারা নিজেদের জ্ঞানী মনে করে তাদের দিকে তিনি কোন নজর দেন না।”