Job 36
36:1 ইলীহূ আরও বললেন,
36:2 “আল্লাহ্র পক্ষে আমার আরও কিছু বলবার আছে; আমার প্রতি আর একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি।
36:3 আমি অনেক দূর থেকে জ্ঞান লাভ করেছি; আমার সৃষ্টিকর্তা যে ন্যায়বান তা আমি প্রকাশ করব।
36:4 আমি সত্যিই বলছি যে, আমার কথা মিথ্যা নয়; জ্ঞানে পরিপূর্ণ একজন আপনার সংগে আছে।
36:5 “আল্লাহ্ ক্ষমতাশালী, কিন্তু মানুষকে তুচ্ছ করেন না; তিনি শক্তিমান এবং তাঁর উদ্দেশ্য স্থির।
36:6 তিনি দুষ্টদের বাঁচিয়ে রাখেন না কিন্তু যারা জুলুম ভোগ করে তাদের ন্যায়ভাবে বিচার করেন।
36:7 তিনি ধার্মিক লোকদের থেকে তাঁর চোখ ফিরিয়ে নেন না; তিনি বাদশাহ্দের সংগে তাদের বসিয়ে দেন আর চিরদিনের জন্য তাদের সম্মানিত করেন।
36:8 কিন্তু লোকেরা যদি গুনাহের জন্য শিকলে বাঁধা থাকে, বাঁধা থাকে যন্ত্রণার দড়িতে,
36:9 তবে তারা যা করেছে তা তিনি তাদের দেখিয়ে দেন, দেখিয়ে দেন যে, তারা গর্বের সংগে গুনাহ্ করেছে।
36:10 তিনি তাদের সংশোধনের জন্য উপদেশ দেন আর খারাপ থেকে মন ফিরাতে হুকুম দেন।
36:11 যদি তারা তাঁর বাধ্য হয়ে তাঁর এবাদত করে, তবে তাদের বাকী জীবন তারা সফলতায় কাটায় আর বছরগুলো কাটায় সুখে।
36:12 কিন্তু যদি তারা না শোনে, তবে মৃত্যুর আঘাতে তারা ধ্বংস হবে আর বুদ্ধিহীন অবস্থায় মারা যাবে।
36:13 “আল্লাহ্র প্রতি ভয়হীন লোকেরা রাগ পুষে রাখে; তিনি বাঁধলেও তারা সাহায্যের জন্য ডাকে না।
36:14 যৌবনেই তারা মারা যায়, মারা যায় মন্দিরের পুরুষ বেশ্যাদের মধ্যে।
36:15 কিন্তু যারা কষ্ট ভোগ করে তাদের উদ্ধার করবার জন্য তিনি সেই কষ্ট ব্যবহার করেন, আর অত্যাচারের মধ্য দিয়ে তাদের শিক্ষা দেন।
36:16 “কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান; তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চান যেখানে কোন বাধা নেই। সেখানে আপনার টেবিল ভাল ভাল খাবারে পূর্ণ থাকবে।
36:17 কিন্তু এখন আপনি দুষ্টদের পাওনা শাস্তি পাচ্ছেন; আপনি শাস্তি ও ন্যায়বিচার ভোগ করছেন।
36:18 সতর্ক থাকুন যেন আপনার রাগের দরুন আপনার ধন-সম্পদ আপনাকে ভুল পথে নিয়ে না যায়; যে বড় মাসুল আপনি দিয়েছেন তা যেন আপনাকে বিপথে না নেয়।
36:19 আপনার ধন-সম্পদ কিংবা আপনার সমস্ত ক্ষমতা কি আপনাকে দুঃখ-কষ্ট থেকে রক্ষা করতে পারে?
36:20 আপনি সেই রাতের আশা করবেন না যে সময় লোকে মারা যায়।
36:21 সাবধান হন, খারাপীর দিকে ফিরবেন না, কারণ কষ্ট পাওয়ার চেয়ে খারাপীই আপনার কাছে প্রিয়।
36:22 “আল্লাহ্ কুদরতে মহান। তাঁর মত শিক্ষক আর কে আছে?
36:23 কে তাঁকে সংশোধন করতে পারে কিংবা তাঁকে বলতে পারে, ‘তুমি অন্যায় করেছ’?
36:24 তাঁর কাজের প্রশংসা করতে ভুলবেন না; কাওয়ালীর মধ্য দিয়েই তো মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে।
36:25 সমস্ত মানুষ তাঁর কাজ দেখেছে, কিন্তু তারা তা দূর থেকেই দেখেছে।
36:26 আল্লাহ্ যে কত মহান তা আমরা বুঝতেও পারি না। তাঁর বয়স কত তা জানতে পারা সম্ভব নয়।
36:27 “তিনি পানির ফোঁটা টেনে নেন, সেগুলো বাষž হয় এবং বৃষ্টি হয়ে পড়ে।
36:28 মেঘ তা ঢেলে দেয়, আর মানুষের উপর প্রচুর বৃষ্টি পড়ে।
36:29 কে বুঝতে পারে তিনি কেমন করে মেঘ বিছিয়ে দেন? কিংবা তাঁর বাসস্থান থেকে মেঘের গর্জন করেন?
36:30 তিনি তাঁর চারপাশে বিদ্যুৎ ছড়িয়ে দেন আর সমুদ্রের তলা ঢেকে দেন।
36:31 এই সব দ্বারা তিনি সমস্ত জাতিকে শাসন করেন আর প্রচুর পরিমাণে খাবার যোগান।
36:32 তিনি তাঁর হাত দিয়ে বিদ্যুৎ ধরেন আর তাঁর লক্ষ্যবস-ুকে আঘাত করতে হুকুম দেন।
36:33 তাঁর মেঘের গর্জন ঝড় আসবার খবর ঘোষণা করে; পশুর পালগুলোও ঝড় আসবার খবর জানায়।