Library · bn

Psalms 102

102:1 হে মাবুদ, তুমি আমার মুনাজাত শোন; সাহায্য চেয়ে আমার এই ফরিয়াদ তোমার কাছে গিয়ে পৌঁছাক। 102:2 আমার বিপদের সময় তুমি মুখ ফিরিয়ে রেখো না। আমার কথায় কান দাও; আমার ডাকে সাড়া দিতে তুমি দেরি কোরো না। 102:3 আমার দিনগুলো ধোঁয়ার মত মিলিয়ে গেছে; আমার হাড়গুলো যেন চুলার আগুনে পুড়ছে। 102:4 রোদের তেজে শুকিয়ে যাওয়া ঘাসের মত আমার অন্তর শুকিয়ে গেছে; আমি খেতেও ভুলে যাই। 102:5 জোরে কোঁকাতে কোঁকাতে আমার শরীরে হাড়-চামড়া ছাড়া আর কিছু নেই। 102:6 আমি মরু-পেঁচার মত হয়েছি, হয়েছি পোড়ো বাড়ীর পেঁচা। 102:7 আমি ঘুমাতে পারি না; আমি যেন ছাদের উপরে সংগীহীন পাখী। 102:8 শত্রুরা দিনরাত আমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে; আমার উপর যারা ক্ষেপে আছে তারা আমার নাম বদদোয়া হিসাবে ব্যবহার করে। 102:9 তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ; তোমার বিরক্তি ও রাগের দরুন দুঃখে যেন ছাই খেয়ে আমার দিন কাটছে; আমার চোখের পানি খাবার পানির সংগে মিশে যাচ্ছে। 102:11 আমার দিনগুলো বিকালের ছায়ার মত হয়ে গেছে; ঘাসের মতই আমি শুকিয়ে যাচ্ছি। 102:12 কিন্তু হে মাবুদ, তুমি চিরকাল তোমার সিংহাসনে আছ; তোমার নাম বংশের পর বংশ ধরে থাকবে। 102:13 তুমি সিয়োনের প্রতি মমতা করবে, কারণ তাকে রহমত দেখাবার সময় হয়েছে, নির্দিষ্ট সময় এসে গেছে। 102:14 তার পাথরগুলো পর্যন্ত তোমার গোলামদের কাছে প্রিয়; তার ধূলিকণার প্রতিও তাদের মমতা রয়েছে। 102:15 তখন মাবুদের নাম শুনে অন্য সব জাতি ভয় পাবে; তোমার গৌরব দেখে দুনিয়ার সব বাদশাহ্‌দের মনে ভয় জাগবে। 102:16 মাবুদ আবার সিয়োনকে গড়বেন, আর তিনি নিজের মহিমায় দেখা দেবেন। 102:17 তিনি সর্বহারাদের মুনাজাতের জবাব দেবেন; তাদের মিনতি তিনি তুচ্ছ করবেন না। 102:18 আগামী বংশধরদের জন্য এ সব কথা লেখা থাকবে, যাতে এখনও যারা জন্ম গ্রহণ করে নি তারাও মাবুদের প্রশংসা করতে পারে। 102:19 বন্দীদের কোঁকানি শুনবার জন্য আর যারা মৃত্যুর শাস্তি পেয়েছে তাদের ছেড়ে দেবার জন্য উপরে তাঁর পবিত্র স্থান থেকে মাবুদ নীচে তাকাবেন, বেহেশত থেকে তিনি দুনিয়ার দিকে লক্ষ্য করবেন। 102:21 তাতে যখন অন্য সব জাতি ও রাজ্য মাবুদের এবাদত করার জন্য একসংগে জমায়েত হবে, তখন মাবুদের সুনাম সিয়োনে প্রচার করা হবে, জেরুজালেমে তাঁর প্রশংসার কথা প্রচার করা হবে। 102:23 আমার জীবনকালের মাঝখানে তিনি আমার শক্তি কমিয়ে দিয়েছেন, আমার আয়ু খাটো করে দিয়েছেন। 102:24 তাই আমি বলেছি, “হে আমার আল্লাহ্‌, তোমার দেওয়া আয়ুর মাঝখানে আমাকে তুমি নিয়ে যেয়ো না; চিরকাল ধরেই তো তুমি আছ। 102:25 অনেক কাল আগে তুমি দুনিয়ার ভিত্তি গেঁথেছিলে; আসমানও তোমার হাতে গড়া। 102:26 সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে। কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে; সেগুলো তুমি কাপড়ের মতই বদলে দেবে, আর তা বাতিল হয়ে যাবে। 102:27 কিন্তু তুমি একই রকম থাকবে; তোমার জীবনকাল কখনও শেষ হবে না। 102:28 তোমার গোলামদের সন্তানেরা বেঁচে থাকবে; তাদের বংশধরেরা তোমার সামনে স্থির থাকবে।”