Library · bn

Psalms 103

103:1 হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর; হে আমার অন্তর, তাঁর পবিত্রতার প্রশংসা কর। 103:2 হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর; তাঁর কোন উপকারের কথা ভুলে যেয়ো না। 103:3 তোমার সমস্ত গুনাহ্‌ তিনি মাফ করেন; তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন। 103:4 তিনি কবর থেকে তোমার জীবন মুক্ত করেন; তিনি তোমাকে অটল মহব্বত ও মমতায় ঘিরে রাখেন। 103:5 যা উপকার আনে তেমন সব জিনিস দিয়ে তিনি তোমাকে তৃপ্ত করেন; তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন। 103:6 মাবুদ উচিত কাজ করেন; তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন। 103:7 কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মূসাকে জানিয়েছেন; তাঁর কাজ তিনি বনি-ইসরাইলদের দেখতে দিয়েছেন। 103:8 মাবুদ মমতায় পূর্ণ ও দয়াময়; তিনি সহজে রেগে উঠেন না, তাঁর অটল মহব্বতের সীমা নেই। 103:9 তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না, চিরকাল রাগ পুষে রাখেন না। 103:10 আমাদের গুনাহের শাস্তি যতটা আমাদের পাওনা ততটা তিনি আমাদের দেন না; আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না। 103:11 দুনিয়া থেকে আসমানের দূরত্বের যেমন সীমা নেই, তেমনি তাঁর ভক্তদের উপরে তাঁর অটল মহব্বতেরও সীমা নেই। 103:12 পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে, আমাদের সব গুনাহ্‌ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন। 103:13 সন্তানদের প্রতি পিতার যেমন মমতা আছে তেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে। 103:14 কিভাবে আমরা গড়া তা তো তাঁর অজানা নেই; আমরা যে ধূলি ছাড়া আর কিছু নই তা তাঁর মনে আছে। 103:15 ঘাসের আয়ুর মতই মানুষের আয়ু, মাঠের ফুলের মতই সে ফুটে ওঠে। 103:16 ফুলের উপর দিয়ে বাতাস বয়ে গেলে ফুল আর থাকে না; যে জায়গায় সেই ফুল ফুটেছিল সেই জায়গায়ও আর তাকে মনে রাখে না। 103:17 কিন্তু যারা মাবুদের ভক্ত, যারা তাঁর ব্যবস্থা মেনে চলে আর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে, তাদের উপর তাঁর অটল মহব্বত ও তাঁর বিশ্বস্ততা চিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে। 103:19 মাবুদ বেহেশতে তাঁর সিংহাসন স্থাপন করেছেন; সব কিছুর উপরেই তাঁর রাজত্ব। 103:20 হে মাবুদের শক্তিশালী ফেরেশতারা, যারা তাঁর কথার বাধ্য থেকে তাঁর হুকুম পালন করছ, তোমরা তাঁর প্রশংসা কর। 103:21 হে মাবুদের খেদমতকারী শক্তিদলগুলো যারা তাঁর ইচ্ছা পালন করছ, তোমরা তাঁর প্রশংসা কর। 103:22 হে মাবুদের রাজ্যের সব স্থানে তাঁর সৃষ্ট সব কিছু, তোমরা তাঁর প্রশংসা কর; হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর।