Library · bn

Psalms 106

106:1 আলহামদুলিল্লাহ্‌! তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তিনি মেহেরবান; তাঁর মহব্বত চিরকাল স্থায়ী। 106:2 মাবুদের মহৎ কাজের বর্ণনা কে করতে পারে? তাঁর প্রশংসার পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার? 106:3 ধন্য তারা, যারা চালচলনে ন্যায়ের মান রাখে আর সব সময় ন্যায় কাজ করে। 106:4 হে মাবুদ, তোমার বান্দাদের প্রতি রহমত দেখাবার সময় আমাকে ভুলে যেয়ো না; তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো। 106:5 এতে যেন আমি তোমার বাছাই করা বান্দাদের উন্নতি দেখতে পাই, তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি, আর যারা তোমার সম্পত্তি তার অংশ হিসাবে গর্ব করতে পারি। 106:6 আমাদের পূর্বপুরুষদের মত আমরাও গুনাহ্‌ করেছি; আমরা অন্যায় করেছি, খারাপভাবে চলেছি। 106:7 মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরা তোমার অলৌকিক চিহ্ন দেখে কিছুই বোঝে নি; তারা তোমার সীমাহীন অটল মহব্বতের কথাও মনে রাখে নি; তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল। 106:8 তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য, তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন। 106:9 তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল; তিনি মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার মত করে গভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন। 106:10 তিনি ঘৃণাকারীদের হাত থেকে তাদের রক্ষা করলেন; শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করলেন। 106:11 তাদের শত্রুরা পানিতে ঢাকা পড়ল, একজনও বেঁচে রইল না। 106:12 তখন মাবুদের কথায় তারা বিশ্বাস করল আর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইল। 106:13 কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না; তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না। 106:14 মরুভূমিতে তারা লোভ করে আল্লাহ্‌কে পরীক্ষা করল। 106:15 তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন, কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ। 106:16 তাম্বুতে জীবন কাটাবার সময় মূসাকে দেখে, আর মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র করা সেই হারুনকে দেখে তাদের হিংসা হল। 106:17 দুনিয়া মুখ খুলে দাথনকে গিলে ফেলল আর অবীরামের দলকে ঢেকে ফেলল। 106:18 তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল। 106:19 তুর পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করল আর ছাঁচে ঢালা মূর্তির পূজা করল। 106:20 তাদের গৌরবময় আল্লাহ্‌কে ফেলে তারা ঘাস খাওয়া গরুর মূর্তিকে গ্রহণ করল। 106:21 তাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌কে তারা ভুলে গেল যিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন। 106:22 হাম-বংশীয়দের দেশে করা কুদরতি কাজের বিষয় তারা ভুলে গেল, লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল। 106:23 তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন; তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা বান্দা মূসা তাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন, যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার রাগ ফিরাতে পারেন। 106:24 পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল; তারা মাবুদের কথায় বিশ্বাস করল না। 106:25 তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল; মাবুদের কথায় তারা কান দিল না। 106:26 তাই তিনি তাদের সম্বন্ধে এই কসম খেলেন- তিনি মরুভূমিতেই তাদের শেষ করে দেবেন, 106:27 তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন, আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন। 106:28 তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিল আর মৃত লোকদের উদ্দেশে কোরবানীর গোশ্‌ত খেল। 106:29 এই সব খারাপ কাজ দিয়ে তারা মাবুদের রাগ জাগিয়ে তুলল, তাই তাদের মধ্যে মহামারী লাগল। 106:30 তখন ইমাম পীনহস্‌ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন, আর মহামারী থেমে গেল। 106:31 পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্য ধার্মিক বলে ধরা হল। 106:32 মরীবার পানির ধারে তারা মাবুদের রাগ জাগিয়ে তুলল; তাদের জন্যই মূসা বিপদে পড়লেন। 106:33 তারা আল্লাহ্‌র রূহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাতে মূসার মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিল যা বলা তাঁর উচিত ছিল না। 106:34 আল্লাহ্‌র হুকুমের অবাধ্য হয়ে তারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না, 106:35 বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিল আর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল। 106:36 তাদের মূর্তিগুলোকে তারা পূজা করল আর সেগুলোই তাদের ফাঁদ হল। 106:37 এমন কি, ভূতদের উদ্দেশে তাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল। 106:38 তারা নির্দোষীদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল। তারা কেনানের মূর্তিগুলোর উদ্দেশে তাদের বলি দিল, তাতে গোটা দেশটা সেই রক্তে নাপাক হল। 106:39 এ সব করে তারা নিজেদের নাপাক করল; তাদের কাজ দিয়ে তারা মাবুদের প্রতি বেঈমানী করল। 106:40 সেজন্যই মাবুদের রাগ তাঁর বান্দাদের উপর জ্বলে উঠল; যারা তাঁরই সম্পত্তি তাদের প্রতি তাঁর ঘৃণা জাগল। 106:41 তিনি অন্যান্য জাতিদের হাতে তাদের তুলে দিলেন; তাদের ঘৃণাকারীরা তাদের শাসন করতে লাগল। 106:42 তাদের শত্রুরা তাদের উপর জুলুম চালাল; তারা তাদের অধীনে রইল। 106:43 অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল; গুনাহের দরুন তাদের পতন হল। 106:44 তবুও তিনি তাদের ফরিয়াদ শুনে তাদের কষ্টের দিকে তাকালেন। 106:45 তাদের জন্য তাঁর স্থাপন করা ব্যবস্থার কথা তিনি মনে করলেন; তাঁর অসীম, অটল মহব্বত অনুসারে তাদের প্রতি মমতা করলেন। 106:46 যারা তাদের বন্দী করেছিল তাদের কাছে তিনি তাদের দয়ার পাত্র করে তুললেন। 106:47 হে আল্লাহ্‌, আমাদের মাবুদ, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এস, যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে শুকরিয়া জানাতে পারি আর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি। 106:48 সৃষ্টির আগে থেকে আখেরাত পর্যন্ত ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র প্রশংসা হোক। সমস্ত লোক বলুক, “আমিন।” আলহামদুলিল্লাহ্‌!