Library · bn

Psalms 105

105:1 মাবুদকে শুকরিয়া জানাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও। 105:2 তাঁর উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-কাওয়ালী গাও; তাঁর সব অলৌকিক কাজের কথা বল। 105:3 তাঁর পবিত্রতার প্রশংসা কর; যারা মাবুদকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। 105:4 মাবুদ ও তাঁর কুদরতকে বুঝতে চেষ্টা কর; সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও। 105:5 হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর অলৌকিক কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো। 105:7 তিনিই আমাদের মাবুদ আল্লাহ্‌; গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে। 105:8 যে কালামের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন। 105:9 সেই ব্যবস্থা তিনি ইব্রাহিমের জন্য স্থাপন করেছিলেন আর ইসহাকের কাছে কসম খেয়েছিলেন। 105:10 তিনি তাঁর ব্যবস্থা ইয়াকুবের কাছে নিয়ম হিসাবে আর ইসরাইলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছিলেন। 105:11 তিনি বলেছিলেন, “আমি তোমাকে কেনান দেশটা দেব, সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।” 105:12 তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল, আর তারা সেখানে বিদেশী ছিল, 105:13 তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত, 105:14 তখন তিনি কাউকে তাদের জুলুম করতে দিতেন না। তাদের জন্য তিনি বাদশাহ্‌দের ধম্‌কে দিতেন, 105:15 বলতেন, “আমার অভিষিক্ত বান্দাদের ছোঁবে না; আমার নবীদের কোন ক্ষতি করবে না।” 105:16 তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন আর তাদের খাবারের অভাব ঘটালেন; 105:17 তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন- ইউসুফকে পাঠিয়ে দিলেন; গোলাম হিসাবে তাঁকে বিক্রি করা হল। 105:18 বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল, লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন। 105:19 তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল, ততদিন তাঁর সম্বন্ধে মাবুদের ওয়াদা পুরণের ব্যাপারে তাঁর পরীক্ষা চলছিল। 105:20 বাদশাহ্‌র হুকুমে তাঁর শিকল খুলে দেওয়া হল; সেই শাসনকর্তা তাঁকে ছেড়ে দিলেন। 105:21 তিনি তাঁকে তাঁর রাজবাড়ীর ও তাঁর সমস্ত সম্পত্তির কর্তা করলেন, 105:22 যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেন আর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন। 105:23 তারপর ইসরাইল মিসরে গেলেন; হাম-বংশীয়দের দেশে ইয়াকুব কিছুকাল বাস করলেন। 105:24 মাবুদ তাঁর নিজের বান্দাদের বংশ অনেক বাড়িয়ে দিলেন; শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন। 105:25 তাঁর বান্দাদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরে ঘৃণা জাগিয়ে দিলেন, তাতে তারা তাঁর গোলামদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল। 105:26 তিনি তাঁর গোলাম মূসাকে আর তাঁর বেছে নেওয়া হারুনকে পাঠিয়ে দিলেন; 105:27 তাঁদের দিয়ে মাবুদ হাম-বংশীয়দের দেশে সকলের সামনে নানা রকম অলৌকিক চিহ্ন ও কুদরতি কাজ দেখালেন। 105:28 তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল; তাঁর কালামের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না। 105:29 তাদের পানি তিনি রক্ত করে দিলেন, তাতে সব মাছ মরে গেল। 105:30 দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল; এমন কি, তাদের বাদশাহ্‌র ঘরে গিয়েও সেগুলো ঢুকল। 105:31 তাঁর কথায় ঝাঁকে ঝাঁকে পোকা আসল, তাদের দেশ মশাতে ছেয়ে গেল। 105:32 তিনি বৃষ্টির মত করে তাদের উপর শিলা ফেললেন, সারা দেশে বিদ্যুৎ চমকাতে লাগল। 105:33 তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেন আর দেশের সব গাছপালা ভেংগে দিলেন। 105:34 তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল; 105:35 সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল। 105:36 তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল, অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন। 105:37 তিনি সোনা-রূপা সহ বনি-ইসরাইলদের বের করে আনলেন; তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি। 105:38 তাদের চলে যাওয়া দেখে মিসরীয়রা খুশী হয়েছিল, কারণ তারা বনি-ইসরাইলদের ভীষণ ভয় করত। 105:39 তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন, আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন। 105:40 তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভারুই পাখী এনে দিলেন; বেহেশত থেকে রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন। 105:41 তিনি পাথর খুলে দিলেন, তাতে পানি বেরিয়ে আসল; শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল। 105:42 তাঁর গোলাম ইব্রাহিমের কাছে তিনি যে পবিত্র ওয়াদা করেছিলেন তা তিনি মনে করলেন। 105:43 আনন্দ ও আনন্দ-গানের সংগে তাঁর বাছাই করা বান্দাদের তিনি বের করে আনলেন। 105:44 তিনি অন্যান্য জাতির দেশ বনি-ইসরাইলদের দিলেন আর সেই সব জাতির পরিশ্রমের ফল তাঁর বান্দাদের নিতে দিলেন, 105:45 যাতে তারা তাঁর নিয়ম পালন করে আর তাঁর শরীয়ত মেনে চলে। আলহামদুলিল্লাহ্‌!