Psalms 108
108:1 হে আল্লাহ্, আমার মন স্থির আছে; আমি কাওয়ালী গাইব আর আমার সমস্ত দিল দিয়ে গানের সুর তুলব।
108:2 ওহে বীণা ও সুরবাহার, জেগে ওঠো; আমি ভোরকে জাগিয়ে তুলব।
108:3 হে মাবুদ, বিভিন্ন জাতির সামনে আমি তোমার শুকরিয়া আদায় করব, তাদের মধ্যে তোমার উদ্দেশে কাওয়ালী গাইব;
108:4 কারণ তোমার অটল মহব্বত আসমান থেকেও উঁচু, তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
108:5 হে আল্লাহ্, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।
108:6 তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর; আমার ডাকে সাড়া দাও, যেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।
108:7 আল্লাহ্ তাঁর পবিত্রতার নাম করে বলেছেন, “আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব, সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
108:8 গিলিয়দ আমার, মানশাও আমার; আফরাহীম যেন আমার মাথার লোহার টুপী, আর এহুদা আমার রাজদণ্ড।
108:9 মোয়াব আমার পা ধোয়ার পাত্র; আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব, আর ফিলিস্তীনের উপরে জয়ের হাঁক দেব।”
108:10 কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত? কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
108:11 হে আল্লাহ্, তুমি কি আমাদের বাতিল কর নি? আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
108:12 হে আল্লাহ্, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর, কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।
108:13 আল্লাহ্র সাহায্যে আমরা জয়লাভ করব; আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।