Library · bn

Psalms 109

109:1 হে আল্লাহ্‌ আমি তোমার প্রশংসা করি; তুমি চুপ করে থেকো না। 109:2 দুষ্ট ছলনাকারী লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলেছে; তাদের মিথ্যাবাদী জিভ্‌ দিয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলেছে। 109:3 তারা আমাকে ঘৃণার কথা দিয়ে ঘিরে ফেলেছে, বিনা কারণে আমার উপর হামলা করেছে। 109:4 আমার ভালবাসার বদলে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করে, কিন্তু আমি মুনাজাতে ব্যস্ত থাকি। 109:5 তারা উপকারের বদলে আমার ক্ষতি করে, ভালবাসার বদলে আমাকে ঘৃণা করে। 109:6 তুমি তাদের উপরে দুষ্ট বিচারক নিযুক্ত কর; যারা তাদের দোষী করবে তারা তাদের ডান পাশে দাঁড়াক। 109:7 বিচারে তাদের দোষী বলে রায় দেওয়া হোক; তাদের মুনাজাত গুনাহ্‌ বলে ধরা হোক। 109:8 তাদের আয়ু অল্প হোক; তাদের উঁচু পদ অন্য লোকেরা নিয়ে যাক। 109:9 তাদের ছেলেমেয়েরা বাবাকে হারাক; তাদের স্ত্রীরা বিধবা হোক। 109:10 তাদের ছেলেমেয়েরা পথে পথে ভিক্ষা করুক আর তাদের ভাংগাচোরা ঘর থেকে দূরে গিয়ে খাবার খুঁজে বেড়াক। 109:11 মহাজন তাদের সব কিছু নিয়ে যাক; অন্য লোকে তাদের পরিশ্রমের ফল লুটে নিক। 109:12 তাদের প্রতি দয়া করতে পারে এমন কেউ না থাকুক; তাদের এতিম ছেলেমেয়েদের প্রতি কেউ মমতা না করুক। 109:13 তাদের বংশধরদের মেরে ফেলা হোক; তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক। 109:14 তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা মাবুদের মনে থাকুক; তাদের মায়েদের গুনাহ্‌ মুছে ফেলা না হোক। 109:15 সব সময় সেগুলো মাবুদের সামনে থাকুক, যাতে তিনি দুনিয়া থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন। 109:16 তারা দয়া করার কথা কখনও মনে করত না, বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের হত্যা করবার জন্য জুলুম করত। 109:17 তারা বদদোয়া দিতে ভালবাসত, তাই সেই বদদোয়া তাদেরই উপরে পড়ল; দোয়া করতে তাদের ভাল লাগত না, তাই দোয়া তাদের কাছ থেকে দূরে গেল। 109:18 কাপড় পরার মত করে বদদোয়া দেওয়া তাদের অভ্যাসে দাঁড়িয়েছিল; তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের পানি খাওয়ার মত আর গায়ে তেল মাখাবার মত। 109:19 সেই বদদোয়া চাদরের মত তাদের জড়িয়ে রাখুক আর কোমর-বাঁধনির মত সব সময় বেঁধে রাখুক। 109:20 আমার বিপক্ষেরা, যারা আমার বিষয়ে খারাপ কথা বলে, তারা মাবুদের কাছ থেকে যেন এই ফলই পায়। 109:21 কিন্তু তুমি, হে আল্লাহ্‌ মালিক, তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমার প্রতি দয়া কর; তোমার মহব্বতের মেহেরবানীতে তুমি আমাকে উদ্ধার কর। 109:22 আমি দুঃখী ও অভাবী; আমি অন্তরে আঘাত পেয়েছি। 109:23 বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি; পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে। 109:24 না খেয়ে খেয়ে আমার হাঁটু দুর্বল হয়েছে; আমার শরীর রোগা হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। 109:25 আমার বিপক্ষদের কাছে আমি ঠাট্টার পাত্র হয়েছি; তারা আমাকে দেখে মাথা নাড়ে। 109:26 হে আল্লাহ্‌ আমার মাবুদ, আমাকে সাহায্য কর; তোমার অটল মহব্বতের দরুন আমাকে রক্ষা কর। 109:27 তারা জানুক এ তোমারই কাজ; তুমিই, হে মাবুদ, এই কাজ করেছ। 109:28 তারা বদদোয়া দিক, কিন্তু তুমি দোয়া কোরো; তারা আমার বিরুদ্ধে উঠলে লজ্জায় পড়বে, কিন্তু তোমার গোলাম আনন্দিত হবে। 109:29 আমার বিপক্ষেরা অপমানে ঢাকা পড়ুক, আর লজ্জা চাদরের মত তাদের গায়ে জড়িয়ে থাকুক। 109:30 আমি সকলের সামনে মাবুদের অনেক শুকরিয়া আদায় করব, আর অনেক লোকের মধ্যে তাঁর প্রশংসা করব; 109:31 কারণ তিনি অভাবীর পাশে থাকেন, যেন অন্যায় বিচারের রায় থেকে তার প্রাণ রক্ষা করতে পারেন।