Psalms 116
116:1 আমি মাবুদকে মহব্বত করি, কারণ তিনি আমার মিনতি শুনেছেন।
116:2 তিনি আমার কথায় কান দিয়েছেন, তাই যতদিন আমি বেঁচে থাকব ততদিন তাঁকে ডাকব।
116:3 মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, কবরের আজাব আমাকে পেয়ে বসেছিল; আমি দুঃখ ও কষ্ট পাচ্ছিলাম।
116:4 তখন আমি মাবুদকে ডেকে বললাম, “হে মাবুদ, আমি তোমার কাছে মিনতি করি, তুমি আমার প্রাণ বাঁচাও।”
116:5 মাবুদ দয়াময় ও ন্যায়বান; আমাদের আল্লাহ্ মমতায় পূর্ণ।
116:6 মাবুদ সরলমনা লোকদের রক্ষা করেন; আমি অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু তিনিই আমাকে উদ্ধার করেছিলেন।
116:7 হে আমার প্রাণ, আবার শান্ত হও, কারণ মাবুদ তোমার অনেক উন্নতি করেছেন।
116:8 হে মাবুদ, তুমিই মৃত্যু থেকে আমার প্রাণ, চোখের পানি থেকে আমার চোখ, আর পড়ে যাওয়ার হাত থেকে আমার পা রক্ষা করেছ।
116:9 আমি জীবিতদের মধ্যে মাবুদের সামনে চলাফেরা করব।
116:10 যখন আমি বলেছিলাম, “আমি খুব দুর্দশায় পড়েছি,” তখনও আমার ঈমান ছিল।
116:11 আমি ভয় পেয়ে বলেছিলাম, “সব মানুষই মিথ্যাবাদী।”
116:12 মাবুদ আমার যে সব উন্নতি করেছেন তার বদলে আমি তাঁকে কি দেব?
116:13 তিনি বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন, সেজন্য ঢালন-কোরবানীর পেয়ালা আমি তুলে ধরব আর তাঁর গৌরব ঘোষণা করব।
116:14 মাবুদের কাছে আমি যে সব মানত করেছি তাঁর সব বান্দাদের সামনেই আমি তা পূর্ণ করব।
116:15 মাবুদের কাছে তাঁর ভক্তদের মৃত্যুর মূল্য অনেক বেশী।
116:16 হে মাবুদ, সত্যিই আমি তোমার গোলাম, তোমারই গোলাম, তোমার বাঁদীর ছেলে; তুমিই আমার বাঁধন খুলে দিয়েছ।
116:17 আমি তোমার উদ্দেশে কৃতজ্ঞতা-কোরবানী দেব আর তোমার গৌরব ঘোষণা করব।
116:18 মাবুদের কাছে আমি যে সব মানত করেছি তাঁর সব বান্দাদের সামনেই আমি তা পূর্ণ করব;
116:19 হে জেরুজালেম, তোমারই মধ্যে, মাবুদের ঘরের উঠানে আমি তা পূর্ণ করব। আলহামদুলিল্লাহ্!