Psalms 115
115:1 আমাদের নয়, হে মাবুদ, আমাদের নয়, কিন্তু তোমার প্রশংসা হোক; তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার জন্যই হোক।
115:2 অন্য জাতিরা কেন বলবে, “কোথায় ওদের আল্লাহ্?”
115:3 আমাদের আল্লাহ্ বেহেশতে আছেন; তাঁর ইচ্ছামত তিনি কাজ করেন।
115:4 ওদের মূর্তিগুলো সোনা আর রূপা দিয়ে মানুষের হাতে গড়া।
115:5 তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পায় না;
115:6 তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না।
115:7 তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, গলা দিয়ে কোন শব্দও বের করতে পারে না।
115:8 যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে তারাও ঐ সব মূর্তির মত হবে।
115:9 হে বনি-ইসরাইলরা, মাবুদের উপর ভরসা কর - তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
115:10 হে হারুনের বংশ, মাবুদের উপর ভরসা কর - তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
115:11 হে মাবুদের ভক্তেরা, মাবুদের উপর ভরসা কর - তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
115:12 মাবুদ আমাদের কথা মনে করেছেন, সেজন্য তিনি আমাদের দোয়া করবেন; হ্যাঁ, তিনি ইসরাইলের বংশকে দোয়া করবেন, তিনি হারুনের বংশকে দোয়া করবেন,
115:13 তিনি তাঁর ছোট-বড় সব ভক্তকে দোয়া করবেন।
115:14 মাবুদ তোমাদের ও তোমাদের সন্তানদের বংশ বাড়িয়ে তুলুন।
115:15 মাবুদ, যিনি আসমান ও জমীনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের দোয়া করুন।
115:16 বেহেশত হল মাবুদেরই বেহেশত, কিন্তু দুনিয়াটা তিনি মানুষকে দিয়েছেন।
115:17 মৃতেরা তো মাবুদের প্রশংসা করে না; যারা মৃত্যুর নীরবতার মধ্যে নেমে যায় তারা প্রশংসা করে না;
115:18 কিন্তু আমরা মাবুদের প্রশংসা করব, প্রশংসা করব এখন থেকে চিরকাল। আলহামদুলিল্লাহ্!