Psalms 118
118:1 মাবুদকে শুকরিয়া জানাও, কারণ তিনি মেহেরবান; তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।
118:2 বনি-ইসরাইলরা বলুক, “তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”
118:3 হারুনের বংশ বলুক, “তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”
118:4 মাবুদের ভক্তেরা বলুক, “তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”
118:5 আমি বিপদে পড়ে মাবুদকে ডাকলাম; তিনি আমার ডাকে সাড়া দিয়ে একটা খোলা জায়গায় আমাকে বের করে আনলেন।
118:6 মাবুদ আমার পক্ষে আছেন, আমি ভয় করব না; মানুষ আমার কি করতে পারে?
118:7 আমার সাহায্যকারী হিসাবে মাবুদ আমার পক্ষে আছেন, তাই আমার শত্রুদের পরাজয় আমি দেখতে পাব।
118:8 মানুষের উপরে নির্ভর করার চেয়ে মাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
118:9 উঁচু পদের লোকদের উপরে ভরসা করার চেয়ে মাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
118:10 সমস্ত জাতি আমাকে ঘিরে ধরেছে, কিন্তু মাবুদের নামে আমি তাদের শেষ করে দেব।
118:11 তারা আমাকে ঘিরে ধরেছে, সত্যিই তারা আমাকে ঘিরে ধরেছে, কিন্তু মাবুদের নামে আমি তাদের শেষ করে দেব।
118:12 মৌমাছির মত তারা আমাকে ঘিরে ধরেছে; কাঁটা-ঝোপের আগুনের মতই তাড়াতাড়ি তারা নিভে গেছে। মাবুদের নামে আমি তাদের নিশ্চয়ই শেষ করে দেব।
118:13 আমি যাতে পড়ে যাই সেজন্য তারা আমাকে ধাক্কা মেরেছিল, কিন্তু মাবুদ আমাকে সাহায্য করলেন।
118:14 মাবুদই আমার শক্তি, তিনিই আমার কাওয়ালী; তাঁরই মধ্যে রয়েছে আমার উদ্ধার।
118:15 সৎ লোকদের বাড়ীতে উদ্ধারের আনন্দধ্বনি শোনা যায়; মাবুদের শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
118:16 মাবুদের শক্তিশালী হাত জয় দান করেছে; মাবুদের শক্তিশালী হাত মহৎ কাজ করেছে।
118:17 আমি মরব না, বেঁচে থাকব, আর মাবুদ যা করেছেন তা ঘোষণা করব।
118:18 মাবুদ আমাকে কড়া শাসন করেছেন, কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।
118:19 আমাকে ন্যায়বান মাবুদের ঘরের দরজা খুলে দাও, যেন আমি সেখানে ঢুকে তাঁকে শুকরিয়া জানাতে পারি।
118:20 এই তো মাবুদের ঘরের দরজা; এর মধ্য দিয়েই সৎ লোকেরা ঢোকে।
118:21 আমি তোমার শুকরিয়া আদায় করব, কারণ তুমি আমার কথা শুনেছ; আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।
118:22 রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল;
118:23 মাবুদই এটা করলেন, আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে।
118:24 এই সেই দিন যা মাবুদ ঠিক করেছেন; এস, আমরা এই দিনে আনন্দ করি ও খুশী হই।
118:25 হে মাবুদ, মিনতি করি তুমি আমাদের উদ্ধার কর; হে মাবুদ, মিনতি করি সফলতা দান কর।
118:26 যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক। মাবুদের ঘর থেকে আমরা তোমাদের দোয়া করছি।
118:27 আল্লাহ্ই মাবুদ, তিনিই আমাদের নূর দিয়েছেন। ঈদের কোরবানীর পশু তোমরা দড়ি দিয়ে কোরবানগাহের শিংয়ে বেঁধে দাও।
118:28 তুমিই আমার আল্লাহ্, আমি তোমাকে শুকরিয়া জানাব; তুমিই আমার আল্লাহ্, আমি তোমার প্রশংসা করব।
118:29 মাবুদকে শুকরিয়া জানাও, কারণ তিনি মেহেরবান; তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।