Psalms 119
119:1 ধন্য তারা, যারা নিখুঁত জীবন কাটায় আর মাবুদের নির্দেশ অনুসারে চলে।
119:2 ধন্য তারা, যারা তাঁর কথা মেনে চলে আর সমস্ত দিল দিয়ে তাঁর ইচ্ছামত চলে।
119:3 তারা কোন অন্যায় করে না; তারা মাবুদের পথেই চলে।
119:4 তুমি নিয়ম-কানুন ঠিক করে দিয়েছ যেন আমরা তা যত্নের সংগে পালন করি।
119:5 আহা! তোমার নিয়ম মত চলার জন্য যেন আমার মনের স্থিরতা থাকে।
119:6 তাহলে তোমার সব হুকুম পালন করবার দরুন আমি লজ্জিত হব না।
119:7 তোমার ন্যায়পূর্ণ শরীয়ত শিক্ষা করতে করতে আমি খাঁটি অন্তরে তোমাকে শুকরিয়া জানাব।
119:8 আমি তোমার নিয়ম মত চলব; আমাকে একেবারে ত্যাগ কোরো না।
119:9 যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারবে? তোমার কালাম পালন করেই সে তা পারবে।
119:10 আমার সারা অন্তর দিয়ে আমি তোমাকে জানতে আগ্রহী হয়েছি; তোমার হুকুম-পথের বাইরে আমাকে ঘুরে বেড়াতে দিয়ো না।
119:11 তোমার কালাম আমার অন্তরে আমি জমা করে রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে গুনাহ্ না করি।
119:12 হে মাবুদ, সমস্ত প্রশংসা তোমার। তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।
119:13 তোমার মুখ থেকে যে সব শরীয়ত বের হয়েছে আমার মুখ তা প্রকাশ করবে।
119:14 মহাধন লাভ করলে মানুষ যেমন আনন্দ পায়, তোমার কথা মেনে চলে আমি তেমনই আনন্দ পাই।
119:15 আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করি, আর তোমার পথের দিকে মনোযোগ দিই।
119:16 তোমার নিয়মের মধ্যে আমি আনন্দ পাই; তোমার কালাম আমি ভুলে যাব না।
119:17 তোমার এই গোলামের উন্নতি কর যেন আমি বেঁচে থাকি আর তোমার কালাম পালন করতে পারি।
119:18 আমার চোখ খুলে দাও যাতে তোমার শিক্ষার মধ্যে আমি আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পাই।
119:19 আমি তো দুনিয়াতে বাসকারী একজন বিদেশী; তোমার হুকুম আমার কাছ থেকে লুকিয়ে রেখো না।
119:20 তোমার শরীয়ত জানার জন্য সব সময় আমার প্রাণের আকুলতা খুব বেশী।
119:21 তুমি অহংকারীদের ধমক দিয়ে থাক; তারা তো বদদোয়াপ্রাপ্ত, তারা তোমার হুকুমের পথ ছেড়ে ঘুরে বেড়ায়।
119:22 অপমান ও ঠাট্টা-বিদ্রূপ তুমি আমার কাছ থেকে দূর কর, কারণ আমি তোমার কথা মেনে চলি।
119:23 যদিও শাসনকর্তারা বসে আমার বিপক্ষে কথা বলেন তবুও তোমার এই গোলাম তোমার নিয়ম ধ্যান করে।
119:24 তোমার কথাই আমার আনন্দ; সেগুলো আমাকে পরামর্শ দেয়।
119:25 আমি ধুলায় লুটিয়ে পড়েছি; তোমার কালাম অনুসারে আমাকে নতুন শক্তি দান কর।
119:26 আমার জীবনের সব কথা আমি তোমাকে জানিয়েছি, আর তুমি আমাকে জবাব দিয়েছ; তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও;
119:27 তোমার নিয়ম-কানুনের নির্দেশ আমাকে বুঝবার শক্তি দাও; তাহলে আমি তোমার কুদরতি কাজের বিষয় ধ্যান করতে পারব।
119:28 দুঃখে আমার প্রাণ কাতর হয়ে পড়েছে; তোমার কালাম অনুসারে আমাকে শক্তি দান কর।
119:29 আমার মধ্য থেকে ছলনা দূর কর; তুমি রহমত করে তোমার শিক্ষা আমাকে দান কর।
119:30 আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি; তোমার শরীয়ত আমার সামনে রেখেছি।
119:31 হে মাবুদ, আমি তোমার কথা আঁকড়ে ধরে রেখেছি; তুমি আমাকে লজ্জা পেতে দিয়ো না।
119:32 তোমার হুকুমের পথে আমি দৌড়ে যাব, কারণ তুমি আমার অন্তর খুলে দিয়েছ।
119:33 হে মাবুদ, তোমার নিয়ম সম্বন্ধে আমাকে শিক্ষা দাও; জীবনের শেষ পর্যন্ত আমি তা পালন করব।
119:34 আমাকে বুঝবার শক্তি দাও, যাতে আমি তোমার নির্দেশ অনুসারে চলতে পারি আর আমার সমস্ত দিল দিয়ে তা পালন করতে পারি।
119:35 তোমার হুকুমের পথে আমাকে চালাও, কারণ তাতেই আমি আনন্দ পাই।
119:36 অন্যায় লাভের দিকে আমার অন্তর যেন না ফেরে, বরং তোমার কথার দিকে তুমি আমার অন্তর ফিরাও।
119:37 অসার জিনিসের দিক থেকে তুমি আমার চোখ ফিরাও; তোমার পথে চলতে আমাকে নতুন শক্তি দাও।
119:38 তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছ তা তুমি পূর্ণ কর, যাতে আমি তোমাকে ভয় করতে পারি।
119:39 আমার অপমান তুমি দূর কর যার বিষয়ে আমি ভয় পাই; সত্যিই তোমার শরীয়ত ভাল বয়ে আনে।
119:40 তোমার নিয়ম-কানুনের প্রতি আমার আগ্রহ রয়েছে; তুমি ন্যায়বান বলে আমাকে নতুন শক্তি দাও।
119:41 হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে দেখাও; তোমার ওয়াদা অনুসারে তুমি আমাকে উদ্ধার কর।
119:42 তাহলে যারা আমাকে ঠাট্টা করে তাদের আমি জবাব দিতে পারব, কারণ আমি তোমার কালামের উপর ভরসা করি।
119:43 তোমার সত্যের কালাম তুমি আমার মুখ থেকে একেবারে কেড়ে নিয়ো না, কারণ তোমার শরীয়তের উপরেই আমি আশা করে রয়েছি।
119:44 আমি সব সময় তোমার নির্দেশ পালন করব, চিরকাল তা করব।
119:45 আমি বিনা বাধায় জীবন কাটাব, কারণ তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।
119:46 তুমি যে সব কথা বলেছ তা আমি বাদশাহ্দের সামনে বলব; আমি লজ্জিত হব না।
119:47 তোমার সব হুকুম পালন করার মধ্যে আমি আনন্দ পাই, কারণ আমি সেগুলো ভালবাসি।
119:48 তোমার সব হুকুমের প্রতি আমার গভীর আগ্রহ আছে, কারণ আমি সেগুলো ভালবাসি; তোমার নিয়ম আমি ধ্যান করি।
119:49 তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছ তা মনে করে দেখ; তার দ্বারাই তো তুমি আমাকে আশা দিয়েছিলে।
119:50 তোমার কালাম যে আমাকে নতুন শক্তি দেয়, কষ্টভোগের সময় এটাই আমার সান্ত্বনা।
119:51 অহংকারীরা আমাকে খুব ঠাট্টা-বিদ্রূপ করে, কিন্তু আমি তোমার নির্দেশ থেকে একটুও সরে যাই নি।
119:52 হে মাবুদ, অনেক কাল আগে দেওয়া তোমার শরীয়তের কথা আমি মনে করি আর নিজেকে সান্ত্বনা দিই।
119:53 দুষ্ট লোকদের দুষ্টতা দেখে ভীষণ রাগ আমাকে পেয়ে বসেছে; তারা তো তোমার নির্দেশ ত্যাগ করেছে।
119:54 আমি যতদিন এই দুনিয়ার বাসিন্দা হয়ে আছি ততদিন তোমার নিয়মগুলোই হবে আমার কাওয়ালীর বিষয়।
119:55 হে মাবুদ, আমি তোমার নির্দেশ মেনে চলি, আর রাতে তোমার কথা মনে করি। এটাই আমার অভ্যাস যে,
119:56 আমি তোমার নিয়ম-কানুন মেনে চলি।
119:57 হে মাবুদ, তুমি আমার সম্পত্তি; আমি তোমার কথা মেনে চলার জন্য ওয়াদা করেছি।
119:58 আমি মনেপ্রাণে তোমার রহমত চেয়েছি; তোমার কালাম অনুসারে তুমি আমার প্রতি রহমত কর।
119:59 আমার চলাফেরার বিষয় আমি চিন্তা করে দেখেছি, সেজন্য তোমার কালামের দিকে আমার পা ফিরিয়েছি।
119:60 তুমি যে সব হুকুম দিয়েছ তা আমি তাড়াতাড়ি পালন করেছি, দেরি করি নি।
119:61 দুষ্ট লোকদের দড়িতে আমি বাঁধা পড়েছি, কিন্তু আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।
119:62 তোমার ন্যায়পূর্ণ শরীয়তের জন্য শুকরিয়া জানাতে আমি দুপুর রাতে উঠি।
119:63 যারা তোমাকে ভয় করে ও তোমার নিয়ম-কানুন পালন করে আমি তাদের সকলের সংগী।
119:64 হে মাবুদ, দুনিয়া তোমার অটল মহব্বতে পূর্ণ; তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।
119:65 হে মাবুদ, তোমার কালাম অনুসারে তোমার এই গোলামের তুমি মেহেরবানী করেছ।
119:66 আমার যাতে ভাল বিচারবুদ্ধি ও জ্ঞান হয় সেজন্য তুমি আমাকে শিক্ষা দাও; তোমার সব হুকুমের উপর আমি ভরসা করি।
119:67 কষ্ট পাবার আগে আমি বিপথে ছিলাম, কিন্তু এখন আমি তোমার কালামের বাধ্য হয়েছি।
119:68 তুমি মেহেরবান আর মেহেরবানীই করে থাক; তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।
119:69 অহংকারীরা মিথ্যা দিয়ে আমাকে ঢেকে দিয়েছে কিন্তু আমি মনপ্রাণ দিয়ে তোমার নিয়ম-কানুন পালন করি।
119:70 তাদের অন্তর চর্বির মত অসাড়, কিন্তু আমি তোমার সমস্ত নির্দেশে আনন্দ পাই।
119:71 আমি যে কষ্ট পেয়েছি তা আমার পক্ষে ভালই হয়েছে; তাতে আমি তোমার নিয়ম শিখতে পারছি।
119:72 তোমার মুখের নির্দেশ আমার কাছে হাজার হাজার সোনা-রূপার টুকরার চেয়েও দামী।
119:73 তোমার হাতই আমাকে তৈরী করেছে, আমাকে গড়েছে; আমাকে বুঝবার শক্তি দাও যাতে তোমার সব হুকুম আমি জানতে পারি।
119:74 যারা তোমাকে ভয় করে তারা আমাকে দেখে আনন্দ পাবে, কারণ আমি তোমার ওয়াদার উপর ভরসা করে আছি।
119:75 হে মাবুদ, আমি জানি তোমার শরীয়ত ন্যায়ে পূর্ণ; তুমি বিশ্বস্ত বলে আমাকে কষ্ট দিয়েছ।
119:76 তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছ সেই অনুসারে তোমার অটল মহব্বতই হোক আমার সান্ত্বনা।
119:77 আমার প্রতি তোমার মমতা নেমে আসুক যেন আমি বেঁচে থাকি, কারণ তোমার নির্দেশ আমাকে আনন্দ দেয়।
119:78 মিথ্যা কথা বলে আমার সর্বনাশ করার জন্য অহংকারীরা লজ্জিত হোক; কিন্তু আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করব।
119:79 যারা তোমাকে ভয় করে ও তোমার কালাম বুঝতে পারে তারা আমার কাছে ফিরে আসুক।
119:80 তোমার নিয়ম পালন করার সময় আমার অন্তর যেন নিখুঁত থাকে, যাতে আমি লজ্জায় না পড়ি।
119:81 তুমি আমাকে রক্ষা করবে সেই অপেক্ষায় থাকতে থাকতে আমার শক্তি কমে যাচ্ছে; আমি তোমার কালামে আশা রেখেছি।
119:82 তোমার ওয়াদা পূর্ণ হবার অপেক্ষায় আমার চোখ দুর্বল হয়ে পড়েছে; আমি বলি, “কখন তুমি আমাকে সান্ত্বনা দেবে?”
119:83 আংগুর-রস রাখা চামড়ার থলি ধোঁয়ায় যেমন নষ্ট হয়ে যায় আমি তেমনই হয়েছি; তবুও তোমার নিয়ম আমি ভুলে যাই না।
119:84 তোমার এই গোলামের আয়ু আর কতকাল? আমাকে যারা জুলুম করে কবে তুমি তাদের বিচার করবে?
119:85 অহংকারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে; তারা তোমার নির্দেশ মানে না।
119:86 তোমার সমস্ত হুকুমই বিশ্বাসযোগ্য। লোকে মিথ্যা কথা বলে আমাকে জুলুম করে; তুমি আমাকে সাহায্য কর।
119:87 দুনিয়া থেকে তারা আমাকে প্রায় মুছে ফেলেছিল, কিন্তু তোমার নিয়ম-কানুন আমি ত্যাগ করি নি।
119:88 তোমার অটল মহব্বতে তুমি আমাকে নতুন শক্তি দাও, যাতে তোমার মুখের কালাম আমি পালন করতে পারি।
119:89 হে মাবুদ, তোমার কালাম বেহেশতে চিরকাল স্থির আছে।
119:90 বংশের পর বংশ ধরে তোমার বিশ্বস্ততা বয়ে চলেছে; তুমি দুনিয়া স্থাপন করেছ, আর তা স্থির রয়েছে।
119:91 তোমার শরীয়ত অনুসারে আজও সব কিছু স্থির আছে, কারণ সেগুলো তোমার অধীনে রয়েছে।
119:92 তোমার সব নির্দেশে যদি আমি আনন্দ না পেতাম, তবে আমার কষ্টে আমি ধ্বংস হয়ে যেতাম।
119:93 তোমার নিয়ম-কানুন আমি কখনও ভুলে যাব না, কারণ তার দ্বারাই তো তুমি আমাকে নতুন শক্তি দান করেছ।
119:94 আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই; তোমার নিয়ম-কানুনের দিকে আমি মনোযোগ দিয়েছি।
119:95 দুষ্টেরা আমাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে, কিন্তু তোমার কালাম নিয়ে আমি গভীরভাবে চিন্তা করব।
119:96 আমি দেখেছি কোন কিছুরই পরিপূর্ণতা নেই, কিন্তু তোমার হুকুমগুলো সব দিক থেকেই পরিপূর্ণ।
119:97 আমি তোমার নির্দেশ কত ভালবাসি! সারা দিন আমি তা ধ্যান করি।
119:98 তোমার সব হুকুম আমার শত্রুদের চেয়ে আমাকে বুদ্ধিমান করে তোলে, কারণ সেগুলো সব সময়েই আমার সংগে সংগে থাকে।
119:99 আমার সব শিক্ষকদের চেয়ে আমি জ্ঞানবান, কারণ তোমার সমস্ত কথা আমি ধ্যান করি।
119:100 বৃদ্ধ লোকদের চেয়েও আমি বেশী বুঝি, কারণ আমি তোমার নিয়ম-কানুন পালন করি।
119:101 সমস্ত কুপথ থেকে আমার পা আমি সরিয়ে রেখেছি, যাতে আমি তোমার কালাম পালন করতে পারি।
119:102 তোমার শরীয়তের পথ থেকে আমি সরে যাই নি, কারণ তুমি নিজেই আমাকে শিক্ষা দিয়েছ।
119:103 তোমার সব ওয়াদা আমার জিভে কেমন মিষ্টি লাগে! তা আমার মুখে মধুর চেয়েও মিষ্টি মনে হয়।
119:104 তোমার নিয়ম-কানুন থেকে আমি বিচারবুদ্ধি লাভ করি, তাই আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।
119:105 তোমার কালাম আমার পথ দেখাবার বাতি, আমার চলার পথের আলো।
119:106 আমি তোমার ন্যায়পূর্ণ শরীয়ত মেনে চলার কসম খেয়েছি, আর সেই কসম পাকাপোক্ত করেছি।
119:107 আমি অনেক কষ্ট সহ্য করছি; হে মাবুদ, তোমার কালাম অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
119:108 হে মাবুদ, আমি নিজের ইচ্ছায় যে প্রশংসা কোরবানী করি তা তুমি কবুল কর, আর তোমার শরীয়ত আমাকে শিক্ষা দাও।
119:109 যদিও সব সময় আমি জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে চলি, তবুও তোমার নির্দেশ আমি ভুলে যাই না।
119:110 দুষ্টেরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি তোমার নিয়ম-কানুন থেকে সরে যাই নি।
119:111 তোমার কালাম আমার চিরকালের সম্পত্তি; তা আমার অন্তরের আনন্দ।
119:112 সব সময়, এমন কি, শেষ পর্যন্ত তোমার নিয়ম পালন করার জন্য আমার অন্তরকে আমি স্থির করেছি।
119:113 দু’মনা লোকদের আমি পছন্দ করি না, কিন্তু তোমার নির্দেশ আমি ভালবাসি।
119:114 তুমিই আমার আশ্রয় ও আমার ঢাল; তোমার কালামের উপরেই আমি আশা রেখেছি।
119:115 তোমরা যারা খারাপ কাজ কর, তোমরা আমার কাছ থেকে দূর হও, যাতে আমার আল্লাহ্র হুকুম আমি পালন করতে পারি।
119:116 তোমার ওয়াদা অনুসারে তুমি আমাকে ধরে রাখ, তাতে আমি বেঁচে থাকব; তোমার উপর আমার যে আশা আছে সেই বিষয়ে তুমি আমাকে লজ্জিত হতে দিয়ো না।
119:117 আমাকে ধর, তাহলে আমি রক্ষা পাব, আর তোমার নিয়ম আমি সব সময় মেনে চলব।
119:118 তোমার নিয়ম থেকে যারা দূরে চলে যায় তাদের তুমি অগ্রাহ্য করেছ, কারণ তাদের ভান করা নিষ্ফল।
119:119 দুনিয়ার সব দুষ্টদের তুমি ময়লার মত দূর করে দিয়ে থাক, সেইজন্যই তো তোমার সব কথা আমি ভালবাসি।
119:120 তোমার ভয়ে আমার গায়ে কাঁটা দেয়; তোমার শরীয়তের দরুন আমি ভয়ে পূর্ণ হই।
119:121 আমি ন্যায়বিচার ও ন্যায় কাজ করেছি; যারা আমাকে জুলুম করে তাদের হাতে তুমি আমাকে ছেড়ে দিয়ো না।
119:122 তোমার এই গোলামের উপকারের ভার তুমি নাও; অহংকারীদের আমাকে জুলুম করতে দিয়ো না।
119:123 তোমার সততা অনুসারে তুমি যে ওয়াদা করেছ তা পূর্ণ হবার এবং তোমার দেওয়া উদ্ধার পাবার অপেক্ষায় থেকে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে।
119:124 তোমার এই গোলামের সংগে তোমার অটল মহব্বত অনুসারে ব্যবহার কর, আর তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।
119:125 আমি তোমার গোলাম; আমাকে বুঝবার শক্তি দাও যাতে আমি তোমার কথা বুঝতে পারি।
119:126 হে মাবুদ, এখন তোমার কাজে নামার সময় হয়েছে; লোকে তো তোমার নির্দেশ অমান্য করেছে।
119:127 সেইজন্য আমি তোমার সমস্ত হুকুম সোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও ভালবাসি।
119:128 তোমার সমস্ত নিয়ম-কানুন আমি ঠিক বলে মনে করি, আর সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।
119:129 তোমার সমস্ত কথা চমৎকার, সেইজন্যই আমি তা পালন করে থাকি।
119:130 তোমার কালাম প্রকাশিত হলে তা আলো দান করে; তা সরলমনা লোকদের বুঝবার শক্তি দেয়।
119:131 তোমার হুকুম পাবার জন্য আমি আকুল হয়ে ছিলাম, যেন আমি মুখ খুলে হাঁপাচ্ছিলাম।
119:132 যারা তোমাকে মহব্বত করে তাদের প্রতি তুমি যেমন করে থাক, তেমনি করে তুমি আমার দিকে ফেরো ও আমার প্রতি রহমত কর।
119:133 তোমার কালাম অনুসারে ঠিক পথে চলবার জন্য তুমি আমার পা স্থির কর; কোন অন্যায় যেন আমার উপরে কর্তৃত্ব না করে।
119:134 লোকদের জুলুমের হাত থেকে তুমি আমাকে মুক্ত কর যেন আমি তোমার নিয়ম-কানুন পালন করতে পারি।
119:135 তোমার রহমত আলোর মত করে তোমার এই গোলামের উপর পড়ুক; তোমার সব নিয়ম আমাকে শিক্ষা দাও।
119:136 আমার চোখের পানি স্রোতের মত বইছে, কারণ লোকে তোমার নির্দেশ মানে না।
119:137 হে মাবুদ, তুমি ন্যায়বান; তোমার বিচার ন্যায্য।
119:138 তোমার ন্যায্যতায় ও মহা বিশ্বস্ততায় তুমি তোমার শরীয়ত দিয়েছ।
119:139 আমার শত্রুরা তোমার কালাম ভুলে গেছে বলে তোমার সম্মান রক্ষার জন্য গভীর আগ্রহ আমাকে পেয়ে বসেছে।
119:140 তোমার কালাম একেবারে খাঁটি বলে প্রমাণিত হয়েছে, তাই তোমার এই গোলাম তা ভালবাসে।
119:141 যদিও আমি সামান্য ও তুচ্ছ, তবুও আমি তোমার নিয়ম-কানুন ভুলে যাই না।
119:142 তোমার ন্যায্যতা চিরকাল স্থায়ী, আর তোমার সমস্ত নির্দেশ সত্য।
119:143 কষ্ট ও যন্ত্রণা আমার উপর এসে পড়েছে, কিন্তু তোমার সব হুকুমেই আমি আনন্দ পাই।
119:144 তোমার সব কথা চিরকাল ন্যায়ে পূর্ণ; আমাকে তা বুঝবার শক্তি দাও যেন আমি বেঁচে থাকতে পারি।
119:145 আমার সমস্ত দিল দিয়ে আমি তোমাকে ডাকছি; হে মাবুদ, আমাকে জবাব দাও। আমি তোমার সব নিয়ম পালন করব।
119:146 আমি তোমাকেই ডাকছি, আমাকে উদ্ধার কর; আমি তোমার সব কথা পালন করব।
119:147 ভোর হওয়ার আগেই আমি উঠে সাহায্যের জন্য কাঁদি; তোমার ওয়াদার উপর আমি ভরসা করে আছি।
119:148 রাত শেষ হবার আগেই আমার চোখ খুলে যায়, যেন তোমার সব ওয়াদা নিয়ে আমি ধ্যান করতে পারি।
119:149 তোমার অটল মহব্বত অনুসারে তুমি আমার কথা শোন; হে মাবুদ, তোমার শরীয়ত অনুসারে তুমি আমাকে নতুন শক্তি দাও।
119:150 যারা খারাপ কাজ করে তারা কাছে এসে পড়েছে; তারা তোমার নির্দেশ থেকে অনেক দূরে থাকে।
119:151 কিন্তু হে মাবুদ, তুমি তো কাছেই আছ, আর তোমার সমস্ত হুকুম সত্য।
119:152 তোমার কালাম থেকে অনেক আগেই আমি জেনেছি যে, তুমি চিরকালের জন্য তা স্থির করেছ।
119:153 আমার দুর্দশার দিকে তাকাও, আমাকে রক্ষা কর, কারণ আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।
119:154 আমার পক্ষ হয়ে কথা বল, আর আমি যে নির্দোষ তা প্রমাণ কর; তোমার ওয়াদা অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
119:155 দুষ্ট লোকদের কাছ থেকে উদ্ধার অনেক দূরে রয়েছে, কারণ তারা তোমার নিয়মের দিকে মনোযোগ দেয় না।
119:156 হে মাবুদ, তোমার মমতা অনেক বেশী; তোমার শরীয়ত অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
119:157 আমার শত্রুরা ও জুলুমবাজ লোকেরা সংখ্যায় অনেক, কিন্তু আমি তোমার কালাম থেকে সরে যাই নি।
119:158 বেঈমানদের দেখে আমার ঘৃণা লাগে, কারণ তারা তোমার কালাম অনুসারে চলে না।
119:159 দেখ, আমি তোমার নিয়ম-কানুন কেমন ভালবাসি! হে মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
119:160 তোমার সমস্ত কালাম সত্য; তোমার প্রত্যেকটি ন্যায়পূর্ণ আইন চিরকাল স্থায়ী।
119:161 শাসনকর্তারা বিনা কারণেই আমার উপর জুলুম করেন, কিন্তু আমার অন্তরে তোমার কালামের প্রতি ভয় রয়েছে।
119:162 যুদ্ধে পাওয়া জিনিসপত্র নিয়ে লোকে যেমন আনন্দ পায়, ঠিক তেমনি তোমার ওয়াদার জন্য আমি আনন্দ পাই।
119:163 মিথ্যাকে আমি ঘৃণা করি, জঘন্য মনে করি, কিন্তু তোমার নির্দেশ আমি ভালবাসি।
119:164 তোমার ন্যায়পূর্ণ শরীয়তের জন্য দিনে সাত বার আমি তোমার প্রশংসা করি।
119:165 যারা তোমার নির্দেশ ভালবাসে তারা খুব শান্তি পায়; কোন কিছুতেই তারা উচোট খায় না।
119:166 হে মাবুদ, তুমি আমাকে উদ্ধার করবে আমি সেই আশায় আছি, আর তোমার হুকুম পালন করছি।
119:167 আমি তোমার সব কথা মেনে চলি আর তা খুব ভালবাসি।
119:168 আমি তোমার নিয়ম-কানুন ও সব কথা মেনে চলি, কারণ আমার জীবনের আগাগোড়াই তোমার জানা আছে।
119:169 হে মাবুদ, আমার ফরিয়াদ তোমার সামনে উপস্থিত হোক; তোমার কালাম অনুসারে আমাকে বুঝবার শক্তি দাও।
119:170 আমার মিনতি তোমার সামনে উপস্থিত হোক; তোমার ওয়াদা অনুসারে তুমি আমাকে উদ্ধার কর।
119:171 আমার ঠোঁট থেকে তোমার প্রশংসা উপ্চে পড়ুক, কারণ তুমিই আমাকে তোমার নিয়ম শিক্ষা দিচ্ছ।
119:172 আমার জিভ্ তোমার কালাম নিয়ে কাওয়ালী করুক, কারণ তোমার সমস্ত হুকুম ন্যায়পূর্ণ।
119:173 তোমার হাত আমাকে সাহায্য করতে প্রস্তুত থাকুক, কারণ তোমার নিয়ম-কানুন আমি পালন করব বলে ঠিক করেছি।
119:174 হে মাবুদ, তুমি আমাকে উদ্ধার করবে সেজন্য আমি আগ্রহের সংগে অপেক্ষা করে আছি; তোমার সব নির্দেশই আমার আনন্দের বিষয়।
119:175 আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি; তোমার শরীয়ত আমাকে সাহায্য করুক।
119:176 হারানো ভেড়ার মত আমি বিপথে গিয়েছি; তোমার গোলামকে তুমি খুঁজে নাও, কারণ তোমার হুকুম আমি ভুলে যাই নি।