Library · bn

Psalms 135

135:1 আলহামদুলিল্লাহ্‌! তোমরা মাবুদের প্রশংসা কর; হে মাবুদের খেদমতকারীরা, যারা মাবুদের ঘরে এবাদত-কাজ করে থাক, যারা আমাদের আল্লাহ্‌র ঘরের উঠানে এবাদত-কাজ করে থাক, তোমরা মাবুদের প্রশংসা কর। 135:3 মাবুদের প্রশংসা কর, কারণ তিনি মেহেরবান; তাঁর প্রশংসা-কাওয়ালী গাও, কারণ তা করা খুব ভাল। 135:4 মাবুদ ইয়াকুবকে তাঁর নিজের জন্য, ইসরাইলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন। 135:5 আমি জানি মাবুদ মহান; আমাদের মালিক সব দেব-দেবীর চেয়েও মহান। 135:6 আসমানে, দুনিয়াতে, সাগরে ও দুনিয়ার গভীর স্থানে মাবুদ তাঁর ইচ্ছামত কাজ করেন। 135:7 তিনিই দুনিয়ার শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন; তিনিই বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন, আর তাঁর ভাণ্ডার থেকে বাতাস বের করে আনেন। 135:8 মিসরের প্রথম সন্তানগুলোকে তিনিই আঘাত করেছিলেন, আঘাত করেছিলেন মানুষ ও পশুর প্রথম সন্তানদের। 135:9 হে মিসর, তিনি তোমার মধ্যে ফেরাউন ও তাঁর সব কর্মচারীদের বিরুদ্ধে তাঁর অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছিলেন। 135:10 তিনি অনেক জাতিকে আঘাত করেছিলেন আর শক্তিশালী বাদশাহ্‌দের মেরে ফেলেছিলেন। 135:11 তিনি আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে, বাশনের বাদশাহ্‌ উজকে, আর কেনানের সব বাদশাহ্‌দের মেরে ফেলেছিলেন। 135:12 তিনি তাদের দেশ তাঁর বান্দা বনি-ইসরাইলদের অধিকার হিসাবে দান করলেন। 135:13 হে মাবুদ, তোমার সুনাম চিরকাল স্থায়ী। হে মাবুদ, বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে; 135:14 কারণ মাবুদ তাঁর বান্দাদের প্রতি ন্যায়বিচার করবেন, আর তাঁর গোলামদের প্রতি মমতা করবেন। 135:15 অন্যান্য জাতিদের মূর্তিগুলো সোনা আর রূপা দিয়ে তৈরী; সেগুলো মানুষের হাতে গড়া। 135:16 তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে, দেখতে পায় না; 135:17 তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই। 135:18 যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও ভরসা করে তারাও ঐ সব মূর্তির মত হবে। 135:19 হে ইসরাইলের বংশ, মাবুদের প্রশংসা কর; হে হারুনের বংশ, মাবুদের প্রশংসা কর; 135:20 হে লেবির বংশ, মাবুদের প্রশংসা কর; হে মাবুদের ভক্ত লোকেরা, তোমরা তাঁর প্রশংসা কর। 135:21 মাবুদ, যিনি জেরুজালেমে বাস করেন, তাঁর প্রশংসা সিয়োন থেকে হোক। আলহামদুলিল্লাহ্‌!