Psalms 136
136:1 মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তিনি মেহেরবান; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:2 আল্লাহ্, যিনি সব দেবতার চেয়েও মহান তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:3 মালিক, যিনি সব মালিকদের চেয়েও মহান তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
136:4 যিনি একাই সব বড় বড় কুদরতি দেখান তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:5 যিনি তাঁর বুদ্ধি দিয়ে আসমান তৈরী করেছেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:6 যিনি পানির উপরে ভূমি স্থাপন করেছেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:7 যিনি বড় বড় আলোর সৃষ্টি করেছেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:8 তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:9 তিনি রাতের উপর রাজত্ব করার জন্য চাঁদ ও তারা সৃষ্টি করেছেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
136:10 যিনি মিসরীয়দের প্রথম সন্তানদের আঘাত করেছিলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:11 যিনি তাদের মধ্য থেকে বনি-ইসরাইলদের বের করে এনেছিলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:12 তিনি কঠোর ও শক্তিশালী হাত দিয়ে তাদের বের করে এনেছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
136:13 যিনি লোহিত সাগরকে দু’ভাগ করেছিলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:14 তিনি বনি-ইসরাইলদের সাগরের মধ্য দিয়ে পার করে এনেছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:15 কিন্তু ফেরাউন ও তাঁর সৈন্যদলকে তিনি লোহিত সাগরে ফেলে দিয়েছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
136:16 যিনি তাঁর বান্দাদের মরুভূমির মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:17 যিনি বড় বড় বাদশাহ্দের আঘাত করেছিলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:18 তিনি শক্তিশালী বাদশাহ্দের মেরে ফেলেছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:19 তিনি আমোরীয়দের বাদশাহ্ সীহোনকে মেরে ফেলেছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:20 তিনি বাশনের বাদশাহ্ উজকে মেরে ফেলেছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:21 তিনি তাদের দেশ অধিকার হিসাবে দিয়ে দিয়েছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:22 তিনি তাদের দেশ অধিকার হিসাবে তাঁর সেবাকারী বনি-ইসরাইলদের দিয়েছিলেন; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
136:23 যিনি আমাদের নীচু অবস্থায় আমাদের কথা মনে করলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:24 যিনি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী-
136:25 যিনি সমস্ত প্রাণীকে খাবার দেন তাঁর শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
136:26 তোমরা বেহেশতের আল্লাহ্র শুকরিয়া আদায় কর; - তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।