Library · bn

Psalms 138

138:1 হে মাবুদ, আমার সমস্ত দিল দিয়ে আমি তোমার প্রশংসা করব; এমন কি, দেব-দেবীদের সামনেও আমি তোমার প্রশংসা-কাওয়ালী গাইব। 138:2 তোমার পবিত্র ঘরের দিকে আমি সেজদা করব, আর তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার জন্য তোমার প্রশংসা করব; কারণ তোমার ওয়াদার পূর্ণতার মধ্য দিয়ে তুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছ তা তোমার সুনামের চেয়েও মহান। 138:3 আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে জবাব দিলে; আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে। 138:4 হে মাবুদ, তোমার মুখের কথা শুনে দুনিয়ার সমস্ত বাদশাহ্‌ তোমার প্রশংসা করবে। 138:5 তারা মাবুদের কাজ নিয়ে কাওয়ালী গাইবে, কারণ মাবুদের মহিমা মহৎ। 138:6 যদিও মাবুদ সব কিছুর উপরে আছেন তবুও তিনি নীচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন, কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন। 138:7 যখন আমি বিপদের মধ্য দিয়ে চলি তখন তুমি আমার প্রাণ রক্ষা কর; তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল কর, আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে। 138:8 মাবুদ আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন। হে মাবুদ, তোমার অটল মহব্বত চিরকাল স্থায়ী; তুমি নিজের হাতে যে সব কাজ করছ তা শেষ কোরো।