Psalms 137
137:1 ব্যাবিলনের নদীগুলোর ধারে বসে আমরা যখন সিয়োনের কথা মনে করতাম তখন আমাদের চোখ দিয়ে পানি পড়ত।
137:2 সেখানকার উইলো গাছে আমাদের বীণাগুলো আমরা টাংগিয়ে রাখতাম।
137:3 যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল সেখানে তারা আমাদের কাওয়ালী গাইতে বলত; সেই অত্যাচারীরা আমাদের কাছ থেকে আনন্দের কাওয়ালী শুনতে চাইত; তারা বলত, “তোমরা সিয়োনের একটা কাওয়ালী আমাদের শোনাও।”
137:4 কিন্তু বিদেশের মাটিতে আমরা কেমন করে মাবুদের কাওয়ালী গাইতে পারতাম?
137:5 হে জেরুজালেম, যদি আমি তোমাকে ভুলে যাই তবে আমার ডান হাত যেন অকেজো হয়ে যায়।
137:6 যদি আমি তোমাকে মনে না রাখি, যদি জেরুজালেমকে আমার সবচেয়ে বেশী আনন্দের জিনিস বলে মনে না করি, তবে আমার জিভ্ যেন আমার তালুতে লেগে যায়।
137:7 হে মাবুদ, জেরুজালেমের ধ্বংসের দিনে ইদোমীয়রা যা করেছিল তা মনে করে দেখ; তারা বলেছিল, “ধ্বংস কর, একেবারে এর ভিত্তি পর্যন্ত ধ্বংস করে ফেল।”
137:8 ওহে ব্যাবিলন কন্যা, তোমাকে ধ্বংস করা হবে; তুমি যেমন আমাদের প্রতি করেছ, ধন্য সেই লোক যে তোমার প্রতি তা করবে!
137:9 ধন্য সেই লোক যে তোমার শিশুদের ধরে পাথরের উপরে আছড়াবে!