Library · bn

Psalms 142

142:1 আমি চিৎকার করে মাবুদের কাছে ফরিয়াদ জানাচ্ছি; আমি জোরে জোরে মাবুদের কাছে মিনতি করছি। 142:2 আমার দুঃখের কথা আমি তাঁর সামনে ঢেলে দিচ্ছি, আমার কষ্টের কথা তাঁর সামনে বলছি। 142:3 যখন আমি নিরাশ হয়ে পড়ি তখন তুমিই আমার জীবনের পথ সম্বন্ধে জান; আমার চলার পথে লোকে আমার জন্য গোপনে ফাঁদ পেতে রেখেছে। 142:4 আমার ডান পাশে তাকিয়ে দেখ, আমাকে চেনে এমন কেউ নেই। আমার পালাবার স্থান নেই; কেউ আমার প্রাণের জন্য চিন্তা করে না। 142:5 হে মাবুদ, আমি তোমার কাছেই ফরিয়াদ জানিয়েছি; আমি বলেছি, “তুমিই আমার আশ্রয়, এই দুনিয়াতে তুমিই আমার সম্পত্তি।” 142:6 আমার ফরিয়াদে তুমি কান দাও, কারণ আমি খুব অসহায় হয়ে পড়েছি; আমাকে যারা তাড়া করছে তাদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কারণ তারা আমার চেয়ে শক্তিশালী। 142:7 জেলখানায় থাকবার মত এই অবস্থা থেকে তুমি আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার প্রশংসা করতে পারি। আল্লাহ্‌ভক্ত লোকেরা আনন্দে আমাকে ঘিরে থাকবে, কারণ তুমি আমাকে সহিসালামতে রাখবে।