Psalms 143
143:1 হে মাবুদ, আমার মুনাজাত শোন, আমার ফরিয়াদে তুমি কান দাও; তোমার বিশ্বস্ততা ও তোমার ন্যায়ে আমাকে জবাব দাও।
143:2 তোমার এই সেবাকারীর বিচার কোরো না, কারণ তোমার চোখে কোন প্রাণীই নির্দোষ নয়।
143:3 শত্রু আমার পিছনে তাড়া করেছে, সে আমাকে চুরমার করে মাটিতে ফেলেছে; অনেক দিন আগেকার মৃত লোকদের মতই সে আমাকে অন্ধকারে বাস করাচ্ছে।
143:4 সেজন্য আমি নিরাশ হয়ে পড়েছি; আমার ভিতরে আমার অন্তর অসাড় হয়ে পড়েছে।
143:5 আমি পুরানো দিনের কথা মনে করি, তোমার সমস্ত কাজের বিষয় ধ্যান করি; তোমার হাত যা করেছে তা চিন্তা করি।
143:6 আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে দিই; শুকনা জমির মত আমার প্রাণ তোমার জন্য পিপাসিত।
143:7 হে মাবুদ, তুমি আমাকে শীঘ্র জবাব দাও, কারণ আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে; আমার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে রেখো না, যেন কবরে যারা নেমে যাচ্ছে আমি তাদের মত হয়ে না পড়ি।
143:8 সকালে তুমি আমাকে তোমার অটল মহব্বতের কথা শোনাও, কারণ আমি তোমার উপরেই ভরসা করে আছি; কোন্ পথে যেতে হবে তা আমাকে দেখাও, কারণ আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
143:9 হে মাবুদ, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর, কারণ আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি।
143:10 তোমার ইচ্ছামত কাজ করতে তুমি আমাকে শিখাও, কারণ তুমিই আমার আল্লাহ্; তোমার মেহেরবান রূহ্ দ্বারা আমাকে সমান পথে চালাও।
143:11 হে মাবুদ, তোমার সুনাম রক্ষার জন্য আমাকে নতুন শক্তি দাও; তোমার ন্যায়ে বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার কর।
143:12 তোমার অটল মহব্বতের জন্য তুমি আমার শত্রুদের ছেঁটে ফেলে দাও; আমার সমস্ত বিপক্ষদের তুমি ধ্বংস কর, কারণ আমি তোমার গোলাম।