Psalms 145
145:1 হে আমার আল্লাহ্, হে বাদশাহ্, আমি তোমার গুণগান করব; আমি চিরকাল তোমার প্রশংসা করব।
145:2 প্রতিদিন আমি তোমার প্রশংসা করব; চিরকাল তোমার গৌরব করব।
145:3 মাবুদ মহান আর সব চেয়ে বেশী প্রশংসার যোগ্য; কেউ তাঁর মহত্ব বুঝে উঠতে পারে না।
145:4 এক বংশের লোকেরা তার পরের বংশের লোকদের কাছে তোমার কাজের গুণগান করবে; তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে।
145:5 আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমক আর তোমার অলৌকিক চিহ্ন সম্বন্ধে ধ্যান করব।
145:6 লোকে তোমার ভয়-জাগানো কুদরতি কাজের কথা বলবে, আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব।
145:7 তুমি যে তাদের প্রচুর মেহেরবানী করেছ তা তারা বলে বেড়াবে, তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে কাওয়ালী গাইবে।
145:8 মাবুদ দয়াময় ও মমতায় পূর্ণ; তিনি সহজে রেগে উঠেন না এবং তাঁর অটল মহব্বতের সীমা নেই।
145:9 মাবুদ সকলের জন্যই মেহেরবান; তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।
145:10 হে মাবুদ, তুমি যা কিছু সৃষ্টি করেছ সে সবই তোমাকে শুকরিয়া জানাবে; তোমার ভক্তেরা তোমার প্রশংসা করবে।
145:11 তারা তোমার রাজ্যের গৌরবের কথা আর তোমার কুদরতীর কথা বলবে;
145:12 যাতে সব মানুষ তোমার কুদরতী-কাজের কথা জানতে পারে, আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।
145:13 তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য; তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।
145:14 যারা পড়ে যাচ্ছে মাবুদ তাদের ধরে রাখেন; যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।
145:15 আশা নিয়ে সকলেই তোমার দিকে তাকিয়ে থাকে; ঠিক সময়ে তুমি তাদের খাবার দিয়ে থাক।
145:16 সমস্ত প্রাণীর মনের ইচ্ছা তুমি হাত খুলে পূরণ করে থাক।
145:17 মাবুদ তাঁর সমস্ত পথে ন্যায়বান আর সমস্ত কাজে বিশ্বস্ত।
145:18 যারা মাবুদকে ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তাদের কাছেই থাকেন।
145:19 যারা তাঁকে ভয় করে তাদের মনের ইচ্ছা তিনি পূরণ করেন; সাহায্যের জন্য তাদের ফরিয়াদ শুনে তিনি তাদের রক্ষা করেন।
145:20 যারা মাবুদকে মহব্বত করে তাদের সকলকে তিনি রক্ষা করেন, কিন্তু সব দুষ্টদের তিনি ধ্বংস করে ফেলবেন।
145:21 আমার মুখ মাবুদের গুণগান করবে; সমস্ত প্রাণী যুগ যুগ ধরে তাঁর পবিত্রতার প্রশংসা করবে।